এক আইনজীবীকে ধরতে রাতভর তৎপর পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গতকাল বৃহস্পতিবার বিএনপির সাংসদ ও আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরেক আইনজীবীকে ধরতে রাতভর তৎপর ছিল পুলিশ। এদিকে এই মামলার আসামি বিএনপি-সমর্থিত ১৪ আইনজীবীর মধ্যে ১৩ জন গতকাল আদালতে জামিনের আবেদন করেন। তবে এর শুনানিতে বিব্রত বোধ করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চের এক বিচারপতি।বিশৃঙ্খলা সৃষ্টির মামলাটির তদন্তে গিয়ে হাইকোর্ট এলাকায় আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত পর্যন্ত আদালত এলাকায় অবস্থান করছিল বিপুলসংখ্যক পুলিশ। বিকেল থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত পুলিশ আইনজীবী সমিতির কার্যালয় ঘিরে ছিল। এরপর পুলিশ সুপ্রিম কোর্টের প্রধান ফটকে সরে যায়। তবে ওই আইনজীবী কিছু সহকর্মীসহ রাতে সভাপতির কক্ষেই ছিলেন।হাইকোর্ট এলাকা থেকে আইনজীবী গ্রেপ্তার, বিচারকের বিব্রত হওয়া, পুলিশের ওপর আইনজীবীদের হামলা—সব মিলিয়ে গতকাল দিনভর হাইকোর্ট এলাকা উত্তপ্ত ছিল। হাইকোর্টের নিরাপত্তাব্যবস্থাও স্বাভাবিকের চেয়ে বেশি জোরদার ছিল।গ্রেপ্তার তিন: গতকাল বেলা তিনটার দিকে আশিফা আশরাফীসহ তিনজনকে মৎস্য ভবনের মোড় থেকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার হওয়া অন্য দুই আইনজীবী হলেন তৌহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ডিবির সহকারী কমিশনার রওনক জাহানের নেতৃত্বে একটি দল ওই তিনজনকে গাড়ি থেকে নামিয়ে গ্রেপ্তার করে। তাঁদের গ্রেপ্তার করে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে তাঁদের ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয় বলে ডিবি জানায়। রাত সাড়ে ১১টার দিকে ডিবির অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ডিবি কার্যালয়ের ফটকে এসে নিজেদের বিএনপির সাংসদ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সাংসদ পাপিয়ার সঙ্গে দেখা করতে চান। সাংসদ পাপিয়াসহ তিনজনকে ক্যান্টনমেন্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তাঁদের জানানো হয়। হাইকোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুর এবং সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক সোলায়মান হোসেন। ওই মামলার তিন আসামি গ্রেপ্তার হলেন।তদন্ত কর্মকর্তা লাঞ্ছিত: এই মামলার তদন্তে গিয়ে হাইকোর্টে আইনজীবীদের হাতে লাঞ্ছিত হয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক এম এ জলিল। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে গতকাল সকাল থেকেই তিনি হাইকোর্ট এলাকায় ছিলেন। বেলা তিনটার দিকে ডিবির একটি দল হাইকোর্ট থেকে সাংসদ আশিফা আশরাফীকে গ্রেপ্তার করে। তিনি তখনো হাইকোর্টে ছিলেন। হঠাৎ অ্যানেক্স ভবনের সিঁড়িতে একদল আইনজীবী ও তাঁদের সহকারী তাঁর ওপর হামলা চালান।রাত সাড়ে ১২টায় যোগাযোগ করা হলে শাহবাগ থানার অপারেশন কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, এম এ জলিলকে মারধর করার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে (মামলা নম্বর-০৮)।আইনজীবী গ্রেপ্তারে পুলিশের অবস্থান: পুলিশ কর্মকর্তা জলিলের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে মোহাম্মদ আলী নামের এক আইনজীবীকে শনাক্ত করেছে পুলিশ। ওই আইনজীবী পুলিশের দায়ের করা মামলারও আসামি।পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নুরুল ইসলাম বলেন, ‘আমরা ভিডিও দেখে নিশ্চিত হয়েছি, এসআই জলিলকে মারধরের ঘটনায় মোহাম্মদ আলী জড়িত ছিলেন। আমরা তাঁকে আইনের আওতায় নেব।’গতকাল রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নেন মোহাম্মদ আলী। আইনজীবীরা জানান, সাধারণ প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্ট চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করে না পুলিশ। রাত সোয়া ১০টায় খন্দকার মাহবুব তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হামলা-মামলা-গ্রেপ্তার করে আইনজীবীদের স্তব্ধ করা যাবে না। পুলিশের এই তৎপরতাকে তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।মোহাম্মদ আলী পুলিশের বক্তব্য অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই কর্মকর্তাকে মারধর তো দূরের কথা, আমি তাঁকে স্পর্শও করিনি।’রাত সোয়া আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, ‘মোহাম্মদ আলী রাতে আইনজীবী সমিতির কক্ষে অবস্থান করবেন। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কাছে বিশেষ আদালত বসানোর আবেদন করব। প্রধান বিচারপতি চাইলে এ ধরনের আদালত বসাতে পারেন।’বিকেল সোয়া পাঁচটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা এসে পুলিশের এডিসি নুরুল ইসলামের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘মোহাম্মদ আলী যদি সত্যিই পুলিশ কর্মকর্তাকে মেরে থাকেন, তবে অন্যায় করেছেন। আমি তাঁর দায়িত্ব নেব না। আমি তাঁকে আপনাদের হাতে তুলে দেব। তবে তাঁর গায়ে হাত দেবেন না, এটা নিশ্চিত করতে হবে।’জামিন শুনানি ও বিব্রত বোধ: পুলিশের করা মামলায় ১৪ আইনজীবীর মধ্যে রেজোয়ান আহম্মেদ ছাড়া অন্যদের জামিন আবেদনের ওপর গতকাল শুনানি হয়। গতকাল সকালে আবেদনের ওপর শুনানিকালে দ্বৈত বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করেন।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু প্রথম আলোকে বলেন, বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করেছেন। এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে।আদালত সূত্র রাতে জানায়, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন আবেদনটি শুনানির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়েছেন।গতকাল ১৩ আইনজীবীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এজাহারে মামলার ঘটনাস্থল হিসেবে হাইকোর্টের ৬ নম্বর বিচারকক্ষের কথা বলা হয়। ঘটনার সময় বিকেল চারটা পাঁচ মিনিট। কিন্তু ওই দিন বিচারপতিরা সোয়া তিনটায় এজলাস ত্যাগ করেছিলেন। মামলাটি দায়ের করেছেন গোয়েন্দা পুলিশের এক সদস্য। কিন্তু তাঁর তো আদালতের ভেতরে উপস্থিত থাকার কথা নয়। আদালতের ভেতরে প্রবেশ করতে হলে প্রধান বিচারপতি বা সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হয়।এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৯৯ সালে আদালত অবমাননার মামলা হয়েছিল। তখন তো রায় দেওয়ার সময় কেউ বিচারপতিদের বাধা দেননি। কিন্তু ২ আগস্ট আমিনীর মামলায় রায় দেওয়ার সময় বিচারপতিদের বাধাগ্রস্ত করা হয়। এই পর্যায়ে আদালত অ্যাটর্নি জেনারেলকে যে মামলায় জামিন চাওয়া হয়েছে, সেই মামলা সম্পর্কে বলতে বলেন। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা হওয়ার পর তাঁরা বিচারপতিদের বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান দেন। এই বক্তব্যের পরপরই বেঞ্চের একজন বিচারক বিব্রত বোধ করেছেন বলে জানানো হয়।বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার কথা উল্লেখ করে আদালত বলেন, নেলসন ম্যান্ডেলা বিনা কারণে ম্যান্ডেলা হননি। ম্যান্ডেলা শুধু একটি নামই নয়, একটি প্রতিষ্ঠান। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ভূমিকার কারণেই তিনি বিখ্যাত। তাঁকে যিনি কারাগারে রেখেছিলেন, মুক্ত হওয়ার পর ম্যান্ডেলা তাঁকেই ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। এটা ছিল তাঁর মহানুভবতা।হলফনামার জন্য আবেদন: ১৩ আইনজীবীর আইন পেশা পরিচালনায় বিধিনিষেধ আরোপসংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন (সিএমপি) করতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে হলফনামার অনুমতি চাওয়া হয়েছে। আগামী রোববার চেম্বার বিচারপতি এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ: এরপর প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির নেতৃত্বে বিএনপি-সমর্থক আইনজীবীরা সাক্ষাৎ করেন। খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন, আইনজীবীদের জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে পাঠাবেন।’ তিনি বলেন, ‘আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। আমরা চেষ্টা করছি আইনজীবীদের শান্ত রাখার জন্য। এ অবস্থায় বিভিন্ন মহল থেকে উসকানি দেওয়া হচ্ছে। এই উসকানির মধ্যে অঘটন ঘটে গেলে জ্যেষ্ঠ আইনজীবীদের দায়িত্ব নিতে হবে।’খালেদার নিন্দা: সাংসদ আশিফা আশরাফীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের ক্ষমতাক্ষুধা সর্বগ্রাসী হয়ে উঠেছে। প্রতিবাদী কণ্ঠগুলোকে স্তব্ধ করতে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।খালেদা জিয়া সরকারকে জুলুম, নির্যাতন ও প্রতিহিংসার পথ পরিহার করে গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সরকারকে যেকোনো পরিণতি বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।