এক আসরে বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের কিচ্ছাকার-পালাকারদের মধ্যে আমিই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নাট্যকলা ও সংগীত বিভাগে’র প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাই। শুধু তা-ই নয়, শহুরে শিক্ষিত ছাত্রদের মধ্যে তুলে দিয়েছিলাম নিজের করা সবচেয়ে জনপ্রিয় কিচ্ছা-পালা ‘কমলারানীর সাগরদিঘি’। আমার সেই কিচ্ছাপালাটি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নাট্যকলা ও সংগীত বিভাগ’ বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি নবযাত্রার সূচনা করে এবং বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী এই গ্রামীণ নাট্যাঙ্গিকটির পরিবেশনা করে আসে ভারতের জাতীয় নাট্যশিক্ষা প্রতিষ্ঠান দিল্লির এনএসডিতে এবং অস্ট্রেলিয়ার সিডনি নগরে। এ ছাড়া রাষ্ট্রীয়ভাবে আমার কিচ্ছাপালা পরিবেশনার জন্য নিজস্ব বাদ্যযন্ত্রী ও দোহারদের সঙ্গে করে সুদূর বিলেতের রাজধানী লন্ডনে যাওয়ার সৌভাগ্য অর্জন করি।দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত যে আখ্যানগুলোকে পাশ্চাত্য শিক্ষার আলোকে ‘গীতিকা’ বা ‘ব্যালাড’ বলে উল্লেখ করেছিলেন পরবর্তীকালের গবেষকদের অনেকেই আবার সেই একই আখ্যানগুলোকে বলেছেন ‘পালাগান’। স্থানীয়ভাবে তাকে ‘কিচ্ছাগান’ এবং ‘পালাকার’কে সাধারণত ‘কিচ্ছাকার’ বা ‘কিচ্ছাদার’ বলা হয়। সাম্প্রতিককালের দিলু বয়াতী, শাহ জাহান বয়াতী, মিলন বয়াতী ও আলফাজ বয়াতীও কিচ্ছাগান পরিবেশন করে নাম কুড়োচ্ছে।আমার জন্ম ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২ আগস্ট কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রামে। গ্রামীণ পরিবেশে জন্ম নিয়ে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে নিজ গ্রামের মক্তবে আরবি শিক্ষা শুরু করি। কায়দা-আমপারার পাঠ চুকিয়ে কোরআন পাঠে উত্তীর্ণ হই। এ সময় নিজেও জানতাম না যে একদিন আমি কিচ্ছাকার হয়ে উঠব। অবশ্য মক্তবের আরবি শিক্ষা গ্রহণের মধ্যে একবার আমাকে ঝুমুরগান গাইতে হয়। সে এক ঘটনা বটে! আমাদের গ্রামে ঝুমুরযাত্রা হচ্ছে, বইটার নাম হলো ‘কাশেম-মালা’। এই সময় আমি মক্তবে পড়ছি। তখন ছেলে দিয়ে মেয়ে বানাতে হতো। এই সময় মিউজিক স্টাফদের মধ্যে হারমোনিয়াম মাস্টারকে এক মাস কিংবা দুই মাসের জন্য কনটাক্টে আনতে হয়েছিল। ওই লোক কিন্তু বন্দনা গাইবে যে চারটা ছেলে তাকে বানিয়েছে। মেয়ে চরিত্রে যে অভিনয় করবে ওকে সে বানিয়েছে। সবকিছু হয়ে গেছে কিন্তু নায়কের চরিত্রে যে অভিনয় করবে কাশেম, ওই কাশেম পাচ্ছে না। একটা ছেলেকে আনা হয় কিন্তু তার কণ্ঠ মিলছে না। যে স্কেলে গান গাইব সে স্কেলে গলায় টান দিতে পারে না। প্রায় সাত-আটজন ছেলেকে দেখা হলো। কোনো ছেলেকে নায়ক বানানো যাচ্ছে না। গানে কণ্ঠ আসে না। আমি যদিও মক্তবে পড়ি কিন্তু মক্তব থেকে বাইরে এলে মাঝে মাঝে গানে টান মারি। তখন আমাদের এক দূরসম্পর্কের চাচাতো ভাই, নাম আবু সিদ্দিক, সে গানের মধ্যে অভিনয় করেছে, সে একদিন আমাকে বলে, ‘এই তুই গান করবি? যদি গান করিস তয় সন্ধ্যেবেলা রিহার্সেলে আসিস।’ আমি বললাম, ‘না, আমি মক্তবে পড়ি আমার বাড়ির লোকজন যদি শোনে আমারে মাইর দেবে।’ সে তখন বলে, ‘আজ ভালো রিহার্সেল হইব, বাঁশি আসবে, ঢোল আসবে, সবাই আসবে তুই আসিস।’ আমি এই কথা শুনে সেখানে যাই। দেখি সিরিয়াস রিহার্সেল হচ্ছে, আমি কয়েকজন লোকের পেছনে চুপ করে বসে থাকি। দেখি কাশেমের চরিত্রে কোনো ছেলের মাস্টারের সঙ্গে মিলছে না। এর মধ্যে ওই লোকটা, যে আমাকে প্রতিদিন বলে, মাস্টারের কানে গিয়ে বলেছে, সে আসছে। এর কিছুক্ষণের মধ্যে লোকটা আমার পেছনে এসে আমাকে পাঁজাকোলা করে ধরেছে। ধরে নিয়ে হারমোনিয়াম মাস্টারের সামনে নিয়ে বসায়। তখন দেখি আমার সারা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। আর হারমোনিয়াম মাস্টার তখন রূপবানের গান বলছে, গুনাইয়ের গান বলছে, সব গান বলছে, খালি বলে তুমি একটা টান দেও, একটা টান দেও, দেখি তোমার সুরটা কেমন। এত করে বলছে কিন্তু আমার গান আসছে না। আমি দেখছি আমার কাপড়-চোপড় ভিজে যাচ্ছে। অনেক বলার পরে আমি গানে টান দিলাম। আমি হারমোনিয়ামের স্কেলের মধ্যে নিয়ে টান দিয়েছি। তখন বলছে, ‘তুমার হইছে। তুমি যাও।’আমার একটা বড় ভাই ছিল ফাইজুর রহমান, আমার সে ভাইটা মারা গেছে। সে যাত্রাপালায় অভিনয় করত। উনার উকিল শ্বশুর কিন্তু আবার ‘কাশেম-মালা’ বইয়ের ম্যানেজার। এই উকিল শ্বশুর এসে আমার বড় ভাইকে ধরেছে যে, ‘যদি তুমার ভাইরে না দেও তো এই বই নামানো যাইতেছে না।’ তখন ভাই বলে, ‘সে তো মক্তবে পড়ে ওরে তো দেওয়া যাইতাছে না’। উনি বললেন, ‘মক্তবে পড়ুক অসুবিধা নেই... আমরা যে বইতে হাত দিছি ওর জন্য শুধু পারতিছি না... ও এই বইটা শুধু করে চলে আসবে।’ উনি উকিল শ্বশুর, আমার ভাই খুব অরাজি হতে পারছে না। তখন ভাই বলে, ‘ওরে দিয়ে বই করাইতে পারবেন?’ লোকটা বলে, ‘পারব।’তারপর সেই বই করলাম। এরপর আস্তে আস্তে গ্রামের আরও অনেক নাটকের সঙ্গে জড়িয়ে পড়লাম। এভাবেই মক্তব থেকে কোরআন পর্যন্ত পাঠ চুকিয়ে আমি গ্রামীণ নাট্যপালার অভিনয়ের প্রতি ঝুঁকে পড়ি। প্রথম পর্যায়ে ‘কাশেম-মালা’ ও ‘দস্যু বাহরাম’ নামের দুটি ঝুমুরযাত্রা পালায় অভিনয় করি। তখন আমার বয়স ১২-১৩ বছরের মতো। এ সময় গ্রামের মানুষজন নিয়ে নাটক করি। নাটকের নাম জীবন্ত কবর। একদিন আমাদের এলাকায় কিচ্ছাগান করতে আসেন কুদ্দুস বয়াতী। তাঁর কিচ্ছার আসর দেখে আমি তাঁকে ওস্তাদ মেনে নিই এবং তাঁর বাড়ি যাই।আমি যাওয়ার পরে উনি বলছিলেন যে ‘তুমারে আমি এক বৎসরের মধ্যে স্টেজে তুলব। এক বৎসরের মধ্যে তুমি কিচ্ছা করতে পারবা।’ পরে তাঁর সঙ্গে থাকি, ঘুরিফিরি। এই সময় একটানা ছয় মাস আমি আমার বাড়িতে ছিলাম না। ছয় মাস আমার গুরু কুদ্দুস বয়াতীর সঙ্গে থাকার পরও আমি কিছু ধরতে পারছি না, কিচ্ছার কিছু বলতে পারছি না। কারণ, তিনি আমাকে নিয়ে বসেন না, রিহার্সেল করেন না, আলাদাভাবে বসেন না, কিচ্ছার কাহিনিগুলো বোঝান না। তখন কুদ্দুস বয়াতীর ডাইনা বিষ্ণুপদের কাছে বললাম, আমি তো এখনো কিছুই পারি না, কিন্তু আর ছয় মাস গেলে আমার সময় শেষ, এখন পর্যন্ত আমি স্টেজে বন্দনা গাইতে পারি না।উনি আমাকে বললেন, ‘তুমি আমাদের দলের তবলচি মাস্টার হাশেমের কাছে যাও, সে আমার থেকে বেশি অভিজ্ঞ।’ এই হাশেম আমাকে সবচেয়ে বেশি আদর করত। এখন পর্যন্ত এই হাশেম আমার খবর নেয়। পরে আমি হাশেমের কাছে গেলাম। সে আমাকে বসে বসে কিচ্ছার গল্পগুলো বোঝায়। কিন্তু আমার ওস্তাদ জানে না যে আমি হাশেমের কাছ থেকে গল্পগুলো শিখে নিচ্ছি। ওই সময়ে একদিন বাড়িতে এসে আমি একটা ডায়েরি নিয়ে যাই। পরে যে কোনো জায়গায় যে কিচ্ছার প্রোগ্রাম করে আমি ওই প্রোগ্রামটা আমি আমার ডায়েরিতে তুলে রাখি। তবে আমার ওস্তাদ জানে না যে আমি ডায়েরি করি। পরে আমি তিন মাসের মধ্যে আমার ওস্তাদের সবগুলো কাহিনি ডায়েরিতে লিখে শেষ করে ফেলি। এই করে নয় মাস হয়ে গেছে আমার। এরপর চৈত্র মাসের দিন আসে। আমার ওস্তাদ বলে, ‘অনুষ্ঠান নাই, ল একটা কাজ করি।’ ‘কী কাজ?’ ‘ব্যবসা করি।’ আমি বলি, ‘কীসের ব্যবসা?’ ‘সাইকেল লইয়া আটার ব্যবসা।’ তখন আমি বললাম যে ‘ওস্তাদ আমি ব্যবসা করতাম না। আমি আমার কাজ করবাম চাই।’ ‘কী কাজ?’ ‘যে আমাকে আপনার যে বাদ্যযন্ত্রগুলো আছে ওগুলো আমারে দিয়ে দেন আমি ভাটি এলাকায় পালাগান করতে যাইতে চাই।’ আমার কথা শুনে সে বলছে, ‘তুমি কি পারবা এই কিচ্ছাগান করতে?’ আমি বলি, ‘চেষ্টা করি। চেষ্টা করে দেখি।’ ‘তে তুমি কোন পর্যন্ত গেছো তা আমি জানি না...তুমারে আমি শিখাইছি না।’ ‘আমি যেটুকু জানি সেটুকু নিয়েই চেষ্টা করে দেখি কিছু করতে পারি কি না।’ পরে উনার যে গানের কারিগর ছিল হারমোনিয়াম মাস্টার নিজামউদ্দিন, তবলচি মাস্টার নিমাই এবং ডাইনা এই তিনজন লোক নিয়ে প্রথম গেলাম কদমশ্রী গ্রামে। কদমশ্রী গেলাম এই কারণে যে আমি নতুন, আমি কিচ্ছা এখনো গাই না, প্রথমে তাই আত্মীয়-পরিচিতের গ্রামে গেলাম। আসলে কদমশ্রী গ্রামে ছিল আমাদের হারমোনিয়াম মাস্টার নিজাম উদ্দিনের ভগ্নীপতির বাড়ি। সে গ্রামে যাওয়ার পর লোকজন এসে বলে, ‘নিজাম উদ্দিন, তুমি কারে নিয়া আইছো?’ বলে, ‘কুদ্দুস বয়াতীর ছাত্র।’ বলে, ‘কুদ্দুস বয়াতীর কিচ্ছাই ভালো লাগে না, তুমি কুদ্দুস বয়াতীর ছাত্র নিয়া আইলা।’ কেউ আগ্রহ দেখাচ্ছে না কিচ্ছাগান শোনার জন্য। আমার মন খারাপ হয়ে যায়। আমি রাত্রিবেলা নিজামকে বললাম, ‘চান্নি রাত, কেউ যখন কিচ্ছাগান শুনতে চাইছে না তখন নিজেরা মিলে কয়েকটা গান করো। রাতটা পার করি।’ তখন কুপি বাতি ধরিয়েছে। নিজাম উদ্দিন গান শুরু করেছে। গান গাইলে বেশ কয়েকজন মানুষ আসছে। পরে একজন মুরব্বি লোক এসেছেন, তিনি বলছেন, ‘নিজাম উদ্দিন, গান তো শুনছি, তুমরা যখন কিচ্ছা নিয়া আইছো, তুমাদের কিচ্ছা একটু শুনি।’ পরে আমি যখন প্রথম কিচ্ছার বন্দনায় টান দিয়ে একটা লাফ দিলাম তখন ওই লোকটা বলে, ‘দাঁড়াও।’ লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলছে, ‘দাঁড়াও।’ তখন আমি চিন্তা করলাম, কুদ্দুস বয়াতীর গানই শোনে না। আর আমি প্রথম টান দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, ‘দাঁড়াও’, তাহলে মনে হয় আমার কিচ্ছাও শুনবে না। লোকটা বলে, ‘এই তুমি বসো।’ তখন আমি বসলাম। তখন ওই লোক কয়েকজনকে বলছে, ‘এই তোরা কি কিচ্ছা শুনবি?’ সবাই এক সঙ্গে বলে, ‘হ, হ, শুনব।’ লোকটা বলল, ‘তাহলে আমার বাড়িতে যাইয়া হ্যাজাক নিয়া দোকান থেকে ত্যাল ভরে নিয়ে আয়। কিচ্ছার ভাব ভালো আছে কিচ্ছা হবে।’ লোক পাঠিয়ে দিয়ে তেলটেল ভরে এনে হ্যাজাক বাতির আলোয় আসর শুরু হয়ে গেল। আমার এই প্রথম কিচ্ছাগানের পালাটা ছিল গুলে হরমুজ।কেন্দুয়া থানার কদমশ্রী গ্রামে প্রথম কিচ্ছাগান পরিবেশন করার পর আমি যাই খালিয়াজুড়ি থানায়। এই থানার গোছিগাই, অ্যাড়াবাজ, নিজগাঁও, আড্ডা প্রভৃতি গ্রামে একটানা ২৪ দিন কিচ্ছা পরিবেশন করি। ২৪ দিনে খরচ বাদে আমি প্রথম জীবনের কিচ্ছাগানের সম্মানী হিসেবে ২৮৩০ টাকা অর্জন করি। তাদের নিজেদের মধ্যে চুক্তি ছিল যে যা কামাই হবে তার অর্ধেক পাবে ইসলাম উদ্দিন আর বাকি অর্ধেক পাবে গানের দলের বাকি তিনজন। আমার প্রথম আয় আমি ওস্তাদের হাতে দিয়ে আসি।আমি চিন্তা করলাম, আমি তো নিজের যোগ্যতায় আজ কামাই করতে শিখেছি। তারপর নিজে দল করলাম নিজের গ্রামে এসে। নিজ গ্রামে এসে প্রথম যে কিচ্ছাগানটি করি তার নাম উতলা সুন্দরী ও কাকাধরের খেলা। এরপর নিয়মিতভাবে নিজের দল নিয়ে বিভিন্ন অঞ্চলে ঘুরে আমির সাধু, সুন্দরমতি, উর্বলা সুন্দরী, রাম-বিরাম, গেন্দেকুল, জাহাঙ্গীর বাদশা, মতিলাল, ফিরোজ খাঁ, রূপকুমার ইত্যাদি নামের কিচ্ছাগান পরিবেশন করি। একটা কথা বলি, আমি আমার জীবনকাহিনী নিয়ে একটা পালাগান রচনা করেছি। ২০০৭ সালে সেটি ঢাকায় পরিবেশন করি ‘কিচ্ছাদার’ নামে।এসব পালাগান করতে তো একটা ভাব লাগে। গ্রামে সেই ভাবটা পাওয়া যায়। গ্রামের জনগণ সব ভাষা বুঝতে পারে। আবার শহরে গেলে, শহুরে ভাষা বলতে আমাদের খুব ভেজাল হয়। ঢাকা গেলে একটু সমস্যা লাগে আমার বোঝাতে গিয়ে। ঢাকার লোকেরা বোঝেন, তবে একটু পরিশ্রম নিয়ে করতে হয়। যেমন গ্রামের অনুষ্ঠান আমি ছয় ঘণ্টা করলেও এতটুকু পরিশ্রম হয় না। কিন্তু ঢাকা শহরে দুই ঘণ্টা করলেই পরিশ্রম হয়। একটা হিসাবের ভেতরে কথা বলতে হয়।তবে, ঢাকাতে পালাগান করার জন্য স্থায়ীভাবে থাকতে চাই না। কেননা, যে আমি গ্রামে পালাগান করে ঢাকার মানুষের কাছে মর্যাদা পেয়েছি সে আমি ঢাকাতে স্থায়ীভাবে চলে গেলে মর্যাদাহীন হয়ে যাব। মানুষ আমার কাছে আসে, সুন্দরভাবে পালাগানটা করি বলে। হয়তো ঢাকাতে সুন্দরভাবে পালাগানটা ধরে রাখতে পারব না। আমি গ্রামে থেকেই পালাগান করতে চাই।গ্রামের পালাকার হিসেবে আমার এই প্রত্যয় আমাদের চলতি হাওয়ার সঙ্গে বদলে যাওয়ার রীতির প্রতিবাদ হয়ে ধরা দেয়। আমরা ভাবতে থাকি কীর্তিমান হওয়ার পথে যেন নিজের স্থানটি না হারিয়ে ফেলি এবং ভুলে না যাই নিজের বলয় এবং বেড়ে ওঠার উন্মুক্ত প্রাঙ্গণ। অনুলিখন: সাইমন জাকারিয়া