কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত শাহাদাত হোসেন ওরফে সাজু (২৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত শেষ রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে পাঁচলাইশ থানা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।এদিকে, গতকাল শনিবার হিমাদ্রীর বাবা-মা সংবাদ সম্মেলন করে খুনিদের গ্রেপ্তার ও তাঁদের সাজা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শাহাদাত রাউজানের রমজান আলীর হাট এলাকার বাসিন্দা মো. শফিউল আলমের ছেলে। শাহাদাত হিমাদ্রী হত্যা মামলার ৩ নম্বর আসামি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, অভিযান চালিয়ে শাহাদাতকে এক স্বজনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হিমাদ্রী মারা যাওয়ার পর অন্য আসামিদের মতো শাহাদাতও আত্মগোপন করেন। প্রথমে তিনি রাউজানে ও পরে শাহপরীর দ্বীপ এলাকায় চলে যান। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, শাহাদাতকে চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে হিমাদ্রীর মা গোপা মজুমদার ও বাবা প্রবীর মজুমদার সংবাদ সম্মেলনে ছেলে হত্যার বিচার চান। সংবাদ সম্মেলনে গোপা মজুমদার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকারের যথোচিত ভূমিকা পালনের অনুরোধ করছি।’ তিনি বলেন, ‘আমি আমার স্বামী, পুত্রসহ গোটা পরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ হিমাদ্রী মারা যাওয়ার পর এজাহারভুক্ত আসামিরা এখনো তাঁদের ফোন করে হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত উপস্থিত ছিলেন। গত ২৩ মে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী মারা যান। এর আগে ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশের একটি ভবনের ছাদ থেকে কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেওয়া হয়।