সড়ক ভবনে গুলির ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সহকারী স্টোরকিপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই শাহবাগ থানায় গোলাম আজম মামুন নামে এক ঠিকাদার মামলা করেন।আবুল কালাম আজাদকে শাহবাগ থানার পুলিশ গতকাল বুধবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায়। ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবুল কালাম আজাদকে মঙ্গলবার রাতে এলেনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরার জন্য অভিযান চালানো হয়েছে। তবে তারা পলাতক।গোলাম আজমের করা মামলায় আবুল কালাম আজাদকেও আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সওজের ঢাকা জোনের অফিস সহকারী ও সওজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার কামাল উদ্দিনকে। অন্য আসামিরা হলেন সওজের চেইনম্যান ফজলুর রহমান ও মো. রফিক। চার আসামির নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা আরও ১৮-২০ জন হামলায় অংশ নেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।এদিকে, এ ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি গতকাল গণশুনানির আহ্বান করে। তবে কেউ শুনানিতে অংশ নেননি। তদন্ত কমিটির প্রধান ও সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী প্রথম আলোকে বলেন, গণশুনানিতে না আসায় প্রত্যক্ষদর্শী ১৮ জনকে চিহ্নিত করে চিঠি দেওয়া হয়েছে। আজ তাঁরা শুনানিতে অংশ নেবেন। তাঁদের কথায় অন্য কোনো প্রত্যক্ষদর্শীর নাম এলে পরে সবার বক্তব্য নেওয়া হবে।গোলাম আজমের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা আগ্নেয়াস্ত্র নিয়ে সড়ক ভবনে প্রবেশ করে শামীম, মামুন কোথায় বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে শামীম ও মামুনকে হত্যার লক্ষ্যে তারা গুলিবর্ষণ শুরু করে। এ সময় কামালের ছোড়া তিনটি গুলি শামীম শাহরিয়ারের ডান পায়ের ঊরু ও হাঁটুর নিচে লাগে। ফজলুরের ছোড়া গুলি মশিউর রহমানের কোমরে, রফিকের গুলি তৌহিদুল এবং আবুল কালাম আজাদের ছোড়া গুলি রিপনের গায়ে বিদ্ধ হয়।গতকাল বুধবার সড়ক ভবন ও এলেনবাড়িতে সওজের ঢাকা জোনের কার্যালয়ে পুলিশের ক্যাপক উপস্থিতি দেখা গেছে। মামলার প্রধান আসামি কামাল উদ্দিন গতকাল নিজ দপ্তরে আসেননি বলে সওজ সূত্র জানিয়েছে। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। কয়েক দিন ধরে এলেনবাড়ি কার্যালয়ে কামালের পক্ষে শ খানেক যুবক প্রতিদিন অবস্থান করতেন। গতকাল ওই কার্যালয়ের প্রাঙ্গণ প্রায় ফাঁকা ছিল।তবে গতকাল শামীম শাহরিয়ার ও ফরিদ উদ্দিন সেন্টু গ্রুপ সড়ক ভবনে তাদের অবস্থান ধরে রাখে। শামীম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। কিন্তু সেন্টুর নেতৃত্বে ঠিকাদারসহ বেশ কিছু যুবক সকাল থেকেই সড়ক ভবন প্রাঙ্গণে অবস্থান নেন। সড়ক ভবনের চালকদের বিশ্রামের জন্য করা শেডেও এই গ্রুপের লোকজন গল্পগুজব এবং গত মঙ্গলবারের ঘটনা নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন।ঠিকাদার ও সওজের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম-সেন্টু গ্রুপ মঙ্গলবারের ঘটনায় কিছুটা হতবিহ্বল। কয়েকজন ঠিকাদার বলেন, শামীম-সেন্টু জানতেন এলেনবাড়িতে কামালের অনুগতরা সংগঠিত হয়েছে। তবে সড়ক ভবনে এসে হামলা করতে পারে—সেই ধারণা তাঁদের ছিল না। এ ছাড়া মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরানের একটি দল শামীমের পক্ষে এলেনবাড়িতে গিয়ে মহড়া দিয়ে আসে। শামীম মনে করেছিলেন, ইরানের দল মহড়া দেওয়ার পর কামাল গ্রুপের তৎপরতা থেমে যাবে।সওজের একটি সূত্র জানায়, কামাল গ্রুপ হামলা করলে শামীম ও সেন্টু গ্রুপও প্রতিরোধ গড়ে তোলে। কয়েকজন জানান, শামীম ও সেন্টু গ্রুপের কাছেও অস্ত্র ছিল। কিন্তু অতর্কিত আক্রমণ করায় তারা সেগুলো ব্যবহার করতে পারেনি। তবে হামলা করে চলে যাওয়ার সময় কামাল গ্রুপেরও দু-তিনজন আহত হয়। একজন মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়।এলেনবাড়িতে যে ভবনে সওজের কার্যালয়, ওই ভবনেই যোগাযোগ মন্ত্রণালয়ের আরেক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়। সওজ ও বিআরটিএ কার্যালয়ের একাধিক সূত্র জানায়, কামাল গ্রুপকে সহায়তা দিয়েছেন ঠিকাদার বাবরসহ আরও কয়েকজন ঠিকাদার। বাবর দীর্ঘদিন ধরেই এলেনবাড়িতে থাকা সওজের ঢাকা সার্কেল কার্যালয়ের দরপত্র নিয়ন্ত্রণ করছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ঢাকা জোন কার্যালয় এলেনবাড়িতে আসার পর কামাল সড়ক ভবন থেকে সেখানে চলে আসেন। শামীম-সেন্টুকে ঠেকানোর জন্য কামালের সঙ্গে বাবর হাত মেলান।