এক আসামির ব্যাংক হিসাবে ৯৫ লাখ টাকা
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরে গ্রেপ্তার শফিউর রহমানের একটি ব্যাংক হিসাবের ৯৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সময় এই টাকা লেনদেন হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।শফিউর বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফার ভায়রা ভাই। ওই ঘটনায় মোস্তফার স্ত্রী লাবণীও গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, মোস্তফা প্রশ্নপত্র ফাঁস করে বিক্রির টাকা শফিউরের হিসাবে জমা রেখেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, গতকাল এই টাকা জব্দ করা হয়েছে। বিকেলে বাংলাদেশ ব্যাংকে জরুরি ফ্যাক্সবার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।পুলিশ জানায়, শফিউরের বাড়ি রংপুরের সদর উপজেলার উত্তম ইউনিয়নের উত্তম পূর্বপাড়ায়। ৮ জুলাই বিনোদনকেন্দ্র ভিন্নজগত থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শফিউরের বাবা দিনমজুর।একই ঘটনায় গ্রেপ্তার জিপি প্রেসের সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী ও পিএসসির প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে ঢাকায় ২৮ লাখ টাকাসহ গ্রেপ্তার বিজি প্রেসের প্রেসম্যান আবদুল জলিল এবং মোস্তফার স্ত্রী লাবণীকে গতকাল রংপুর জেলখানায় পাঠানো হয়েছে।এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গত দুই দিনে ঘটনাস্থল ভিন্নজগতসহ বিভিন্ন এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তদন্ত কমিটির প্রধান এস এম গোলাম ফারুক জানান, তাঁরা প্রতিবেদন ঢাকায় জমা দেবেন।