এক-এগারো সৃষ্টি করতে দেবে না আ.লীগ: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জামায়াত-শিবিরের সহিংসতা সম্পর্কে বলেছেন, সরকার ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তাই বলে সরকারকে দুর্বল ভাবার কারণ নেই। তিনি বলেন, যত চেষ্টাই করা হোক না কেন, দেশে গৃহযুদ্ধ ও এক-এগারো সৃষ্টি করতে দেবে না আওয়ামী লীগ। আজ শনিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সারা দেশে জামায়াত-শিবিরের চালানো সহিংসতার পর আজ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হলো। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সরকারের বক্তব্য তুলে ধরেন। সৈয়দ আশরাফের বক্তব্যে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। সরকারের প্রধান অ্যাজেন্ডা যুদ্ধাপরাধীদের বিচার করা সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ ও সরকারের প্রধান অ্যাজেন্ডা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা। কোনো আন্দোলন করে সরকারকে অন্যদিকে ধাবিত করা যাবে না। এ বিচারের রায় সরকার কার্যকর করবেই।সত্যটা কেবল আমি আর খালেদা জিয়া জানি সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ সহিংসতায় হতাহতের দায় বিএনপি এবং জামায়াতের বলে মন্তব্য করে বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে দেশে এসে জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্যে যুদ্ধ ঘোষণা করেন। এরপর শুরু হলো জামায়াতের তাণ্ডব। তিনি বলেন, ‘খালেদা জিয়া কেন সিঙ্গাপুর গিয়েছিলেন, সব পরিষ্কার। যে যত কথাই বলুক, সত্যটা কেবল আমি আর খালেদা জিয়া জানি। এখন তার প্রতিফলন দেখা যাচ্ছে।’ খালেদা জিয়ার উদ্দেশে আশরাফ বলেন, ‘উনি লন্ডন কেন যেতে চেয়েছিলেন, তা-ও জানি। জানি বলেই ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়েছেন। খালেদা জিয়াও তাঁর সফর বাতিল করেছেন।’ গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা হচ্ছে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এ ক্ষেত্রে জনগণ তাদের সহযোগিতা করবে। তিনি বলেন, আওয়ামী লীগকে মাঠে নামার পরামর্শ দিয়ে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা হচ্ছে। তারা দেশে আবারও এক-এগারোর মতো আরেকটি সরকার আনতে চায়। কিন্তু আওয়ামী লীগ তা করতে দেবে না।আইন অনুযায়ী ব্যবস্থা হবেআশরাফ বলেন, ‘সরকার গত পাঁচ দিনের পরিস্থিতি অত্যন্ত শান্ত ও দক্ষভাবে মোকাবিলা করেছে। প্রধানমন্ত্রী অত্যন্ত সংযত, দৃঢ়-স্থির। তিনি আমাদের সুচিন্তিতভাবে অবস্থা মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন।’ বিএনপি সাম্প্রদায়িক দল এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক ইস্যুতে কথা বলছেন না। কারণ, বিএনপির এখন মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের বাঁচানো। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে পরিস্থিতি ঘোলাটে করা। তা ছাড়া এটি একটি অবাস্তব দাবি। এটি বাংলাদেশে হবে না। তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক দল। অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক, তারা এটা চাইবে না। তবে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও সাম্প্রদায়িক নয়। দ্বিজাতি-তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানকে তারা মেনে নেয়নি। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। হরতালের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামায়াত-বিএনপি আশরাফ বলেন, জামায়াত-বিএনপি হরতালের নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তারা ১০ জন আলেমকে হত্যা করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চেয়েছিল। কিন্তু তাদের সে পরিকল্পনা পণ্ড হয়ে গেছে।শাহবাগের তরুণেরা সাইবার জেনারেশনশাহবাগের তরুণদের ‘সাইবার জেনারেশন’ উল্লেখ করে সৈয়দ আশরাফ তাদের আন্দোলনের প্রশংসা করেন। তিনি বলেন, তাদের একজনকে হত্যা করা হয়েছে। শীর্ষ কয়েকজনকে হত্যার চেষ্টা হচ্ছে। যারা এই আন্দোলন সমর্থন করছেন, তারাও ঝুঁকিতে আছে। তবে সরকার তাদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে।সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।