এক-এগারোর পর বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১,২৩২ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-এগারোর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে এক হাজার ২৩১ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ৯২৫ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষও রয়েছেন।জাতীয় সংসদে আজ সোমবার ঠাকুরগাঁওয়ের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।এর আগে পাঁচ দিন বিরতির পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।হাফিজ উদ্দিন আহম্মেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ১/১১-এর পর কত টাকা বিভিন্ন ব্যবসায়ী বা অন্য কোনো সংস্থা থেকে সরকার বাজেয়াপ্ত করেছে এবং ট্রুথ কমিশনের মাধ্যমে কত টাকা সরকারি খাতে জমা পড়েছে। তবে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন হওয়ায় সম্পূরক প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না।নতুন আয়কর দাতা এক লাখ ৭৯ হাজার ৮১৯ জন: ঢাকার সাংসদ বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ৮১৯ জন নতুন নাগরিক আয়কর দেওয়ার জন্য তালিকাবদ্ধ হয়েছেন। গত অর্থবছরে (২০০৮-০৯) আদায় করা আয়করের পরিমাণ ১৩ হাজার ৮৫৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরে (২০০৯-১০) আয়কর খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৫৬০ কোটি টাকা।অলাভজনক চার ব্যাংক: কিশোরগঞ্জের সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, সরকারি মালিকানাধীন চারটি ব্যাংক অলাভজনক। এগুলো হলো রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। আর লাভজনক তিনটি ব্যাংক হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক।