এক-এগারোর সময় জিল্লুর রহমান না থাকলে দেশ গণতন্ত্র ফিরে পেত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক-এগারোর সময় জিল্লুর রহমান না থাকলে দেশ গণতন্ত্র ফিরে পেত না। আজ রোববার সংসদে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাংসদ আবদুল জলিল, বিপ্লবী বিনোদবিহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর ও দিনের অন্যান্য কার্যসূচি টেবিলে উত্থাপিত হয়। এরপর প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানসহ আব্দুল জলিল, বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী, এম মজিদ-উল হক, আনসার আলী সিদ্দিকী, এম ছিদ্দিক, আবদুল্লাহ সরকার, নাজির হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আহমেদ চৌধুরী ও জামাল নজরুল ইসলামের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এরপর রেওয়াজ অনুযায়ী বর্তমান সংসদের সাংসদ আব্দুল জলিলের মৃত্যুতে সংসদের অধিবেশন কাল সোমবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ‘জিল্লুর রহমান সাহেব এক-এগারোর পর গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সময় তাঁর বলিষ্ঠ ভূমিকা দলকে সংগঠিত করেছে। তিনি না থাকলে আমরা গণতন্ত্র ফিরে পেতাম না। যখন দেশের জন্য তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তিনি চলে গেলেন। যাঁদের চাচা বলে ডাকতাম, তিনি ছিলেন তাঁদের শেষ প্রতিনিধি। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির একটি অধ্যায় শেষ হয়ে গেল।’ প্রধানমন্ত্রী বিপ্লবী বিনোদবিহারী ও আব্দুল জলিলকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।আলোচনায় আমির হোসেন আমু বলেন, ‘দলীয়ভাবে নির্বাচিত হয়েও জিল্লুর রহমান যে নির্দলীয় ভূমিকা রেখে গেছেন, তা নির্দলীয় নেতারাও রাখতে পারেন না।’আবদুল মতিন খসরু বলেন, ‘আপাদমস্তক ভদ্রলোক, অমায়িক ও সাহসী মানুষ ছিলেন জিল্লুর রহমান। নীতির প্রশ্নে ছিলেন আপসহীন। আব্দুল জলিলের সৌজন্যবোধ ছিল অনন্য। এক-এগারোর সময় অনেকেই দেশ ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু জিল্লুর রহমান ও আব্দুল জলিলকে দেশ ছেড়ে পালাতে হয়নি।’জাতীয় পার্টির মুজিবুল হক (চুন্নু) বলেন, ‘জিল্লুর রহমান রাজনৈতিক কর্মের মাধ্যমে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে গেছেন। দলের প্রতি তাঁর আনুগত্য ছিল প্রশ্নাতীত। আজকের সহিংস রাজনীতিতে তাঁর বেঁচে থাকার দরকার ছিল।’ শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন তোফায়েল আহমেদ, আলী আশরাফ, রহমত আলী, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, শাজাহান খান, চিফ হুইপ আবদুস শহীদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, রাশেদ খান মেনন, ফজলে রাব্বী মিয়া, দীপু মনি, মইন উদ্দীন খান বাদল, আবদুল মান্নান, হাছান মাহমুদ, প্রমুখ। বিরোধী দলকে সংসদে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারেরএর আগে অধিবেশনের উদ্বোধনী ভাষণে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল সংসদে এসে সরকারের গঠনমূলক সমালোচনায় অংশগ্রহণ করলে সরকারের সঠিক পথে চলার পক্ষে সহায়ক হবে। মনে রাখতে হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পেলে জাতীয় উন্নয়ন ত্বরান্ব্বিত হবে না। তিনি আরও বলেন, সংঘাতের রাজনীতি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বা জাতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায়। রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে, এমন কার্যক্রম থেকে সব রাজনৈতিক দলের বিরত থাকা বাঞ্ছনীয়। অধিবেশন শুরুর আগে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলমান অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।