এক কাদরীর ফাঁসিতে হাজার কাদরী জন্ম নেবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে দেহরক্ষী মুমতাজ কাদরীর ফাঁসির আদেশ হয়েছে। রায়ের আদেশে কাদরী ভীষণ খুশি। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ তাঁর সমর্থক অনেক পাকিস্তানি বলেছেন, ‘এক কাদরীর ফাঁসিতে হাজার হাজার কাদরী জন্ম নেবে।’ বিশ্লেষকদের মতে, ফাঁসিতে ঝুলিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও পাকিস্তানে ব্লাসফেমি আইনের অবসান হবে না। বিশ্লেষকদের এ মতের পক্ষে যথেষ্ট যুক্তিও আছে। এই যেমন—কাদরীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এই গোষ্ঠীর মতে, তিনি একজন পাক্কা ইমানদার। ব্লাসফেমির বিরুদ্ধে অবস্থান নিয়ে সালমান তাসির উপযুক্ত শাস্তিই পেয়েছেন।এমনকি কাদরীর আইনজীবী আদালতে তাঁর মক্কেলের পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে এ হত্যাকাণ্ডকে বৈধ বলেও দাবি করেছেন। তিনি তাসিরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ তুলেছেন। বিশ্লেষকদের মতে, ধর্ম-বিরোধী আইন বা ব্লাসফেমির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য কাউকে হত্যা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তবে পাকিস্তানে যা ঘটছে, তা দেশটির দীর্ঘ সামাজিক বিভাজনেরই ফসল।পাকিস্তানে সব ধরনের ধর্মীয় মতবাদ ও ঐতিহ্যকে স্বাগত জানানো হলেও চর্চার ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন। দেশটির জনগণ ব্লাসফেমির ব্যাপারে মোটেই নমনীয় নয়। কিন্তু কেন এমন! বিশ্লেষকদের মতে, এর মূলে রয়েছে ঐতিহাসিকভাবে দেশটিতে রাজনীতির সঙ্গে ধর্মের সংমিশ্রণ। এ কারণেই কাদরী মনে করেন, আল্লার নামে তাসিরকে হত্যা করা খুবই যৌক্তিক ছিল!দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও ব্লাসফেমি আইন সংস্কারের ব্যাপারে নিশ্চুপ। তাঁর মতো, পাকিস্তানে যারা এই আইনের বিরুদ্ধে মতামত পোষণ করে, তাসিরের ভাগ্যবরণ করার ভয়ে তারাও এখন নিশ্চুপ। তাসির হত্যা মামলার বিচারক পারভেজ আলী শাহও এখন সেই ভয়ে ভীত। তাঁর ভাগ্যে কী আছে, সময়ই তা বলে দেবে। দ্য গার্ডিয়ান অবলম্বনে।