এক কিলোমিটার সড়কও নেই মদনপুর ইউনিয়নে
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে কাঁচা কিংবা পাকা এক কিলোমিটার সড়কও নেই। আছে মানুষের পায়ে হাঁটার চিহ্ন। বর্ষার সময় তাও থাকে না। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার সাবেক ২ নং মদনপুর ইউনিয়ন ১৯৬৫ সালে মেঘনায় সম্পূর্ণ বিলীন হয়। ১৯৬৬ সালে ইউনিয়নটি আবার জেগে ওঠে। ১৯৮৫ সালে দ্বিতীয়বার ভেঙে যায় এবং ১৯৯২ সালে আবার জেগে ওঠে। বর্তমানে এর আয়তন ৩২ দশমিক ৫২ বর্গমাইল। চরপদ্মা, চরমদনপুর, মধুপুর, চরটগবী ও চরমুন্সী গ্রাম নিয়ে বর্তমান মদনপুর ইউনিয়ন গঠিত। এই ইউনিয়নে ১৯৬৫ সাল থেকেই ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছে চেয়ারম্যান-মেম্বার। সরকার থেকে বরাদ্দ পেয়েছে অন্যান্য ইউনিয়নের মতোই। বর্তমান এ ইউনিয়নে প্রায় তিন হাজার পরিবার বাস করে। ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ দস্তগীর প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নটি নিচু এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ডুবে যায়। এখানে ১০ ফুট উঁচু চওড়া রাস্তা দরকার, নইলে বর্ষায় ডুবে যাবে। কিন্তু এক কিলোমিটার রাস্তাও নেই। হিসাব করলে এখানে প্রায় ২০ কিলোমিটার সড়ক দরকার। বিষয়টি বারবার ওপরে জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। সরকার শুধু সেতু-কালভার্ট নির্মাণ করেছে। সড়ক না থাকায় গ্রামবাসী ক্ষেতের আল, বাড়ির উঠোন ও খাল সাঁতরে যাতায়াত করে। ছাত্ররা বর্ষার সময় স্কুলে যেতে পারে না।চরপদ্মা গ্রামের ইউপি সদস্য মো. মাইনুদ্দিন বলেন, ‘রাস্তা-ঘাট না থাকায় মদনপুরে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান সেবা দিতে আসে না। ফলে এখানকার মানুষ স্বাস্থ্যসেবা পায় না। সরকারের ইপিআই কার্যক্রমও এই ইউনিয়নে নেই।’নাসির উদ্দীন জানান, ‘একটি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে ভোলা পৌঁছাতে পাঁচ-সাত ঘণ্টা লেগে যায়। রাস্তাঘাট না থাকায় শতভাগ পরিবারের গর্ভবতী মায়েদের ঘরেই ডেলিভারি হচ্ছে। এতে নবজাতক ও মা মৃত্যুর সংখ্যা বাড়ছে।’ মদনপুর গ্রামের ছায়েব আলী খলিফা (৬৫), আমান উল্যাহ মুন্সি (৬২), মোস্তফা কামালসহ একাধিক কৃষক জানান, খাল-বিলের পানি ডিঙ্গিয়ে যেতে হয় খাবার পানি আনতে। এই কষ্টে তাঁরা বাধ্য হয়ে খালের পানি পান করেন।মদনপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমদ বলেন, ‘এখানকার জমি দুই ফসলি। এত উর্বর যে, যা চাষ করা হয় তাই হয়। কিন্তু রাস্তাঘাট না থাকায় কৃষকেরা উত্পন্ন ফসল ভোলা বাজারে নিয়ে বিক্রি করতে পারেন না।’স্থানীয় সরকার প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে ১৯টি সেতু (কালভার্টসহ) নির্মাণ করা হয়েছে। পরে পর্যায়ক্রমে সড়ক নির্মাণের কাজ করার কথা।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘মুসলিম এইড নামে একটি বেসরকারি সংস্থা প্রায় পৌনে তিন কিলোমিটার মাটির সড়ক নির্মাণ কাজ শুরু করেছে। জমির মালিকেরা জমি দিলে বাকি সড়ক আস্তে আস্তে করব।’