এক কিলোমিটারে গাড়ি থামে ১৫ জায়গায়
কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জয়পুরহাট শহরের ব্যস্ততম প্রধান রাস্তার এক কিলোমিটারের মধ্যে ১৫টি স্থানে যাত্রীবাহী বাস থামে। শহরের এসব স্থানে বাস স্টপেজ না থাকলেও চালকেরা যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল উঠানামা করান। এতে শহরের ওই এক কিলোমিটার রাস্তায় যানজট লেগেই থাকে। এতে দিনের পর দিন শহরবাসীর ভোগান্তি বাড়ছে।শহরের কেন্দ্রীয় মসজিদ চত্ব্বর এলাকা থেকে দিনের বেলায় দূরপাল্লার কোচ, বালুবাহী মেসি (ট্রাকটরজাতীয় মালবহনকারী যান) ও অবৈধ রিকশা-ভ্যানের আসা-যাওয়া, শহরের রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখা, ফুটপাত দখল করে দোকান বসানোয় যানবাহন ও মানুষের যাতায়াতে দিন দিন দুর্ভোগ বেড়েই চলেছে। কেন্দ্রীয় মসজিদ চত্বরের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে চিলাহাটি-খুলনা রেলপথ। দিনে একাধিকবার এই পথে রেল চলাচলের সময় নিরাপত্তার কারণে রেলঘুমটি বন্ধ হলে বিশাল এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় বারবার আলোচনায় উঠলেও তা কার্যকর হয়নি।সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট পৌর এলাকায় রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে প্রতিদিন জয়পুরহাট শহরের প্রধান রাস্তা দিয়ে বিভিন্ন জেলা, উপজেলা সদরে যাত্রীবাহী বাস যাতয়াত করছে। প্রতিদিন ১৫-২০ মিনিট পরপর ওই সব পথে বাস চলাচল করে। তা ছাড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ১০-১৫টি দূরপাল্লার কোচ আসা-যাওয়া করে।কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হিলি, নওগাঁ, ধামুইরহাট, সান্তাহারগামী যাত্রীবাহী বাস ছেড়ে শহরের প্রধান রাস্তার প্রথমে হাসপাতাল মোড়, সেখান থেকে আইনজীবী সমিতি ভবনের মোড়, এসপি অফিসের মোড়, ইমু ডায়াগনস্টিক মোড়, বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে, বাটার মোড়, কেন্দ্রীয় মসজিদ চত্বর, নওগাঁ-ধামুইরহাট রাস্তা, শহরের সোনালী ব্যাংকের সামনে এবং হাকিমপুর হিলি রাস্তার ডাকবাংলা মোড় ও জামালগঞ্জ রাস্তার সরকারি মহিলা কলেজের সামনে বাসে যাত্রী উঠানামা করানো হয়। এসব স্থান ছাড়াও শহরের মধ্যেই যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রীদের উঠানামা করানো হয়। অথচ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস দাঁড়ানোর এসব স্থানের দূরত্ব মাত্র তিন-চার গজ।পৌরসভা সূত্র জানায়, দীর্ঘ ১০ বছর ধরে পড়ে রয়েছে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হলেও সেখানে কোনো ট্রাকই রাখা হয় না। শহরে প্রধান রাস্তার পাশে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কাছে, রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে ও ঈদগাহ মাঠের পাশে এলোমেলোভাবে ট্রাকগুলো রেখে দেন চালকেরা। তাঁদের নোটিশ দিয়েও কোনো কাজ হয় না। এদিকে পৌরসভার নিবন্ধন বিভাগের হেলাল আশরাফ জানান, জয়পুরহাট পৌরসভায় নিবন্ধন করা রিকশা রয়েছে ৮০০টি এবং রিক্সা-ভ্যান রয়েছে ৭০০টি। এসব বাদেও নিবন্ধন ছাড়া রিকশা ও রিকশা-ভ্যান চলাচল করে সহস্রাধিকের মতো। কেন্দ্রীয় মসজিদ চত্ব্বর এলাকা থেকে সিও কলোনি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট বসিয়েছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থায়ী দোকানমালিকেরা। এই ফুটপাত দিয়ে শহরের তিন-চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। শহরে রিকশা-ভ্যানের নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও যেখানে- সেখানে এলোপাতাড়িভাবে রিকশা-ভ্যান ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে। রাস্তার দুই পাশের বাড়িঘরের মালিকেরা ফাঁকা জায়গা না রেখেই স্থাপনা নির্মাণ করায় ক্রেতা-বিক্রেতারাও রাস্তার পার্শ্ববর্তী এসব দোকানে কেনাকাটা করতে এসে প্রধান সড়কেই মোটরসাইকেল, ভ্যান, মাইক্রোবাস ও কার দাঁড় করিয়ে কাজ সারেন। বিশেষ করে শনি ও বুধবার শহরে সাপ্তাহিক হাটবার হওয়ায় গ্রামগঞ্জ থেকে আসা ভটভটি ও রিকশা-ভ্যান বেড়ে যাওয়ায় নতুন মাত্রা যোগ হয় যানজটে।জয়পুরহাট জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আহসাব হাবীব চৌধুরী জানান, শহরে যানজটের জন্য দায়ী অবৈধ রিকশা-ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও বালুবাহী মেসি। শহরের প্রধান রাস্তায় যেখানে-সেখানে বাস দাঁড়ানো প্রসঙ্গে তাঁরা দাবি করেন, শহরের নির্দিষ্ট স্টপেজেই যানগুলো দাঁড়ায়। তবে মানবিক কারণে রাস্তায় দু-একজন বৃদ্ধ ও মহিলা যাত্রী তোলা হয়। প্রশাসনের অবহেলায় শহরে যানজট বাড়ছে বলে তাঁরা অভিযোগ করেন। জেলা প্রশাসকের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্য নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভায় শহরে যানজট ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের ব্যপারে একাধিকবার সিদ্ধান্ত হলেও তা বাস্তবে কোনো কাজে আসেনি।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, ব্যাটারিচালিত অটোরিকশা, গ্রাম থেকে আসা রিকশা ও রিকশা-ভ্যান, মেসি, ভটভটি অবাধে শহরে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়। বিষয়টি আইনশৃঙ্খলার মাসিক সভায় আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে এ অবস্থা রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।জয়পুরহাট পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করে তাঁকে না পাওয়ায় পৌর কাউন্সিলর গোলজার হোসেন জানান, যানজট ও ফুটপাত দখলমুক্ত করা পৌরসভার একার পক্ষে সম্ভব নয়। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন।