এক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ, চেয়ারম্যান প্রার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের হযরতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রশাসন একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে। সেখানে লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী মো. আলাউদ্দিনের কর্মীরা জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা করলে প্রশাসন এ ব্যবস্থা নেয়। এ ছাড়া কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী রতনুজ্জামানকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুলিশ আটক করেছে।পুলিশ জানিয়েছে, আজ সকাল ১০টায় আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী মো. আলাউদ্দিনের কর্মীরা লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা করে। এ সময় পোলিং এজেন্ট ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তখন প্রশাসন ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে ও আলাউদ্দিনের দুই কর্মীকে আটক করে। ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক বলেন, কেন্দ্রটিতে অনিয়ম ও কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়।অপরদিকে বেলা ১১টায় রোহিতপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী রতনুজ্জামান রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন। অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে পুলিশ তাঁকে আটক করে। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, চেয়ারম্যানপ্রার্থী রতনুজ্জামান মিথ্যা তথ্য দেওয়ায় তাঁকে আটক করা হয়েছে। এ ছাড়া ভিন্ন দুটি অভিযোগে অপর দুইজনকে আটক করেছে পুলিশ।