এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৫৭৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরীক্ষকসহ হাসপাতালের ছয় কর্মকর্তার বিরুদ্ধে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপসহকারী পরিচালক খন্দকার নিলুফার জাহান এ অভিযোগে বনানী থানায় একটি মামলা করেন।মামলার আসামিরা হলেন: জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সচিব মুন্সী সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিরীক্ষক আবদুল্লাহ আল মামুন, মেসার্স অনিক ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন, হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক বশির আহমদ, হিসাবরক্ষক মো. লিয়াকত হোসেন, হাসপাতালের এজমা সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা এম তৌহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মিনহাজ আসমীন, এসএএস পদের মো. আলমগীর হোসেন হাওলাদার।মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশ, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ কাজে এক কোটি ৩৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ১০ লাখ ২০ হাজার টাকার দুটি ভুয়া বিল করেন। একই সঙ্গে আয়কর ও ভ্যাট কর্তনপূর্বক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে এক কোটি ২৬ লাখ ৬০ হাজার ৩৭৫ টাকা ও নয় লাখ ২৮ হাজার ২০০ টাকার দুটি চেক ইস্যু করেন এবং সংশ্লিষ্ট হিসাবে জমা দিয়ে তা তুলেও নেন।