এক কোটি ৮২ লাখ কৃষককে সহায়তা দিতে পরিচয়পত্র দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের কৃষি উপকরণ-সহায়তা দিতে সারা দেশে এক কোটি ৮২ লাখ কৃষককে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ কার্ডে কৃষকের পরিচিতি নম্বর, ঠিকানা, আবাদি জমির পরিমাণ প্রভৃতি তথ্য দেওয়া আছে। এ পরিচয়পত্রের মাধ্যমে কৃষকদের কৃষি উপকরণ-সহায়তা বা নগদ অর্থ দেওয়া হবে।আজ রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন। এর আগে দুই দিন বিরতির পর আজ বিকেল পাঁচটা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এবং বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।কৃষিমন্ত্রী বলেন, ডিজেল ক্রয়ে কৃষকদের আর্থিক সহায়তা দিতে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৭৪৮ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা দেওয়া হচ্ছে। এ জন্য কৃষকেরা এখন মাত্র ১০ টাকা দিয়েই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন।