এক ক্লাবেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছরের সম্পর্ক চুকিয়ে কয়েক মাস আগে ফুটবলকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের পল স্কোলস। ওল্ড ট্রাফোর্ডের এই ক্লাবটিতেই কাটিয়ে দিয়েছেন পুরো ক্যারিয়ার। তবে একই ক্লাবে পুরো ক্যারিয়ার পার করে দেওয়া একমাত্র ফুটবলার তিনি নন। লিখেছেন রাজীব হাসান‘এই শহরকে আমি আদ্রিয়ানার চেয়েও বেশি ভালোবাসি। এখানেই আমার জন্ম, আমার প্রথম হাঁটতে শেখা। বলে প্রথম লাথি। এখানেই আমার শৈশব-কৈশোর-তারুণ্য। এই শহর আমি ছাড়তে যাব কোন দুঃখে?’পাওলো মালদিনি এমনই এক অদ্ভুত প্রেমের গল্প শুনিয়েছিলেন। যে প্রেম তাঁর মিলান শহরের সঙ্গে। শুনতে অবিশ্বাস্য লাগে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আজ যখন টাকার ঝনঝনানি, টাকার লোভনীয় হাতছানি অস্বীকার করতে না পেরে শেষ বয়সে এসে হলেও বেকহাম-অঁরিরা ‘অখ্যাত’ যুক্তরাষ্ট্রের ক্লাবে পাড়ি জমান; আর সেখানে দীর্ঘ ২৫ বছরের পুরোটাই এসি মিলানে কাটিয়ে দিয়েছেন মালদিনি। যে শহরটাকে তিনি তাঁর প্রিয়তম স্ত্রীর চেয়েও নাকি বেশি ভালোবাসেন। অকপটে সেই ভালোবাসার আর্দ্র বাণী...।বাবা সিজার মালদিনিও এই মিলানে কাটিয়েছেন দীর্ঘ এক যুগ। শেষ দিকে অবশ্য তুরিনোতে গিয়েছিলেন মালদিনি সিনিয়র। তবে ১৯৯৮ বিশ্বকাপে ইতালির দায়িত্বে থাকা এই কোচের সঙ্গে মিলানের সম্পর্কটাই ছিল দৃঢ়। সম্পর্কের প্রতি আনুগত্য কীভাবে থাকতে হয়, সেটা পিতার চেয়ে পুত্রই বেশি জানেন। পাওলো মালদিনির দুই ছেলে ১৫ বছর বয়সী ক্রিস্টিয়ান আর ১০ বছর বয়সী দানিয়েলও এরই মধ্যে মিলানের বয়সভিত্তিক দলে খেলছে। কে জানে, হয়তো বাবার মতো একদিন তারাও মিলানের হয়ে খেলেই কাটিয়ে দেবে পুরো ক্যারিয়ার।পেশাদার ফুটবলে এক ক্লাবেই ২৫ বছর কাটিয়ে দেওয়ার একমাত্র নজিরটিও মালদিনির। মোটামুটি মানের ফুটবল লিগের হিসাব ধরলেও আর কারও নেই এই কীর্তি। এক ক্লাবে সবচেয়ে বেশি দিন কাটিয়ে দেওয়া খেলোয়াড়দের তালিকাটা দেখুন। বাকি নামগুলো আর তাঁদের খেলে যাওয়া লিগগুলো বলে দেবে মালদিনির এই কৃতিত্ব প্রতিষ্ঠিত ইউরোপিয়ান লিগগুলোতে রূপকথার মতো।তবে মালদিনিকেও একদিক দিয়ে ছাপিয়ে গেছেন লার্স হগ। না, তারকাখ্যাতির দিক দিয়ে মালদিনির নখেরও যোগ্য হয়তো তিনি নন। তার পরও অখ্যাত এই ডেনিশ গোলরক্ষকও কিন্তু একটি রেকর্ডের মালিক। ডেনিশ ক্লাব ওদিনেসে বিকের হয়ে ১৯৭৭ থেকে ২০০০—টানা ২৩ বছর খেলেছেন। জাতীয় দলের হয়ে মাত্র আটটি ম্যাচ খেলা হগ ক্লাবের হয়ে লিগে খেলেছেন ৮১৭টি ম্যাচ। এক দলের হয়ে সবচেয়ে বেশি লিগ ম্যাচ খেলার রেকর্ড এটিই। এক ক্লাবের হয়েই টানা ২৪ বছর খেলে অবসর নিয়েছেন এমন চারজন ফুটবলারের খোঁজ পাওয়া যায়। এঁদের মধ্যে ইংল্যান্ডের বব ক্রম্পটন হয়ে উঠেছিলেন ব্ল্যাকবার্ন রোভার্সের সমার্থক। মালদিনির মতো তিনিও নিজের নাড়ির টানকে ভুলে যেতে পারেননি। জন্ম ব্ল্যাকবার্নে, ক্যারিয়ারও সেখানে। এমনকি মৃত্যুর দিনও তিনি দায়িত্বে ছিলেন ক্লাবেরই! ১৮৯৬ তে শুরু করে ১৯২০ পর্যন্ত ইংলিশ লিগের ৫৩০টি ম্যাচ খেলেছেন। এই ফুলব্যাক একসময় নেতৃত্ব দিয়েছেন ইংল্যান্ড দলেরও। খেলা ছাড়ার পর ব্ল্যাকবার্নের কোচ হয়েছিলেন। কোচের দায়িত্বে থাকার সময়ই ১৯৪১ সালে বার্নলির সঙ্গে ম্যাচ চলাকালে হার্টঅ্যাটাকে মারা যান ক্রম্পটন। নিয়তি যেন ঠিক করে রেখেছিল, ব্ল্যাকবার্নের সঙ্গে তাঁর সম্পর্কটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবে এভাবেই!এমন উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না। তবে আশৈশবের ক্লাব নুরেমবার্গ এফসির প্রতি ম্যাক্স মরলকের ভালোবাসাতেও খাদ ছিল না। মরলক অবশ্য হিরো হয়ে গিয়েছিলেন পুরো জার্মান জাতির কাছেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত, হতাশায় ন্যুব্জ জার্মান জাতি নতুন প্রেরণার অক্সিজেন পেয়েছিল ১৯৫৪ বিশ্বকাপ জয় থেকে। সেখানে ফাইনালে হাঙ্গেরির বিপক্ষে ৮ মিনিটেই ২ গোল খেয়ে বসা জার্মানি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। ১০ মিনিটে প্রথম গোলটি করেছিলেন এই মরলকই।তাঁকে ভোলেনি নুরেমবার্গের সমর্থকেরাও। ১৯৯৫ সালে, মরলকের মৃত্যুর পরের বছর ক্লাবের সামনের চত্বরের নাম দেওয়া হয় তাঁর নামে। কিন্তু এতেই তৃপ্ত হয়নি, ক্লাব আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নুরেমবার্গের স্টেডিয়ামটিকে ম্যাক্স-মরলক-স্ট্যাডিয়া নামেই ডাকেন সমর্থকেরা।এক ক্লাবে কমপক্ষে ২০ বছর খেলেছেন এমন ফুটবলারদের তালিকায় তারকা ফুটবলারের সংখ্যা আসলেই কম। তবুও এঁদের মধ্য থেকে খুঁজে নেওয়া যায় লেভ ইয়াসিনকে, অনেকের মতেই সর্বকালের সেরা রাশান গোলরক্ষক ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত খেলেছেন ডায়নামো মস্কোর হয়ে। এসি মিলানের সাবেক তারকা ফ্রাঙ্কো বারেসি ১৯৭৭ থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেছেন মিলানের হয়ে। আর্সেনালের হয়ে ১৯৮৩ সালে খেলা শুরু করে গানারদের হয়েই ২০০২-এ অবসরে গেছেন টনি অ্যাডামস। বলতে হবে রায়ান গিগসের কথাও। ১৯৯০ সালে ম্যানইউর হয়ে খেলা শুরু করে ২১ বছর ধরে ফার্গির অনুগত শিষ্য হয়ে আছেন গিগস।