এক খণ্ড জমি ও সময় আবেদনের গল্প
আফজালুর রহমান মোল্লা। ষাটোর্ধ্ব বয়স। পেশায় ছিলেন স্কুলশিক্ষক। থাকেন সাভারে। ঢাকা জজ আদালতের নিচতলায় বসে আছেন তিনি। উদাস দৃষ্টি আর ক্লান্তিমাখা চেহারা। আমি হেঁটে যাচ্ছিলাম তাঁর সামনে দিয়েই। আমাকে হঠাৎ ডাক দিয়ে বললেন, ‘বাবা, একটু শুনবে?’ মুরব্বির কথায় তাঁর কাছে এগিয়ে গেলাম। আমি ওনার কথায় অনেকটা আবেগাপ্লুত হয়েই কাছে গেলাম। কাকা বলে সম্বোধন করে জিজ্ঞেস করলাম, ‘আদালতে কেন এসেছেন? কোনো মামলা-মোকদ্দমা নিশ্চয়?’মুরব্বি বললেন, ‘হ্যাঁ বাবা, দীর্ঘকাল ধরে একা একাই মামলা বইছি। এ পথের আর শেষ নেই বুঝি।’ তাঁর সঙ্গে প্রাথমিক পরিচয়পর্ব শেষ করলাম। বুঝলাম, ভীষণ দায়িত্ববান একজন মানুষ। মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছেন বহু দিন। আলাপচারিতা জমে উঠল মামলা-মোকদ্দমার বিষয়ে। আইনজীবী হিসেবে আমার কাছে নানা প্রশ্নও জানার ছিল তাঁর। কিছু প্রশ্নের উত্তরে আমার নির্বাক থাকা ছাড়া কোনো উপায় ছিল না অবশ্য। আমাকে প্রথমেই কিছুটা আক্ষেপের সুরে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, বলো তো, একটা মামলায় কয়বার সময় নেওয়া যায়? জজ সাহেব কয়বার সময় দেন? এর কি বাঁধাধরা নিয়ম নেই?’আমি বললাম, আছে। দেওয়ানি কার্যবিধিতেই আছে। বিনা কারণে বেশি সময় নিলে এক হাজার টাকা পর্যন্ত জরিমানারও বিধান আছে। সমস্যা হলো, এই বিধান তো মানা হয় না ঠিকমতো। প্রশ্ন করলাম, আপনার কী মামলা?‘জমিজমা নিয়ে। নিজের টাকায় কিনলাম। সব দেখেশুনে ১৫ শতক জমি কিনলাম। একটি দালালচক্র আমার পেছনে লেগেছে। ওরা দাবি করছে, এ জমি তাদের নামে দলিল করা।’কবে কেনেন জমি?‘১৯৯৫ সালে। জমি কেনার পর নিজ নামে নামজারি ও সব রাজস্ব পরিশোধ করে আসছি। কৃষিজমি হিসেবে বর্গাও দিয়েছিলাম। কিন্তু ২০০১ সালে এসে প্রতারকচক্রের এক লোক আমার মাঠপরচার বিরুদ্ধে ৩০ ধারায় আপত্তি দাখিল করে।’প্রতারকচক্র আপনার জমির পেছনে লাগল কেন?‘ওই লোকের বাবা লোভী প্রকৃতির এবং আমার জমির কাছাকাছি তারও জমি আছে। তারা চাচ্ছিল, মাঠপরচায় আমার জমি তাদের নামে করে নিতে।’রায় কী হলো?‘অনেক দিন শুনানির পর রায় আমার পক্ষে এল। কিন্তু আবার ৩১ ধারায় আপত্তি দিল। এখানেও আমার পক্ষে রায় আসে। কিন্তু ওই লোক সহকারী জজ আদালতে স্বত্বের মামলা করেন আমার বিরুদ্ধে। মামলাটি চলে ছয় বছর। ছয় বছরে আমার হয়রানি আর ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। পরে রায় আমার পক্ষেই আসে।’রায়ের বিরুদ্ধে কি আপিলে গেছে ওই লোক?‘হ্যাঁ, গেছে। এই আপিলের বোঝাটা এখন বহন করছি। কিন্তু আপিলের পর থেকে এখন পর্যন্ত “সময় আবেদনের” খেলায় আটকে আছে মামলাটি।’কবে করেছিল আপিল?‘২০০৭ সালের জানুয়ারিতে। আপিল করার পর অসংখ্যবার সময় আবেদন করেছে ওই পক্ষের আইনজীবী। আমি প্রতি তারিখেই হাজির হয়েছি। অবশেষে ২০০৯ সালের জানুয়ারিতে মামলাটির শুনানি হয়। মামলার রায়ের দিন ধার্য হয়। কিন্তু নির্ধারিত দিনে রায় আসেনি।’কেন?‘নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে শুনি, জেলা জজের কাছে তারা রায় স্থগিতের জন্য আবেদন করেছে এবং আদালত বদলির জন্য আদেশ করেছেন। বিচারক তাঁর রায় ঘোষণা করেননি।’পরে রায় দরখাস্তের শুনানি কবে হলো?‘প্রায় দুই মাস পর।’আপনার আইনজীবী কী বলেছেন আদালতে?‘উকিল সাহেব বললেন, আদালত বদলি হলেও যেন একটি নির্দিষ্ট সময় বেঁধে দেন মামলাটি সমাপ্তির জন্য—এ কথা।’আদালত আদেশে কী বললেন?‘আদালত শুধু “অবিলম্বে” লিখে অন্য আদালতে বদলি করে দিলেন।’তারপর শুনানি শুরু হলো কবে?‘শুনানি এখনো হয়নি। প্রতি তারিখেই আদালতে আসি। কিন্তু প্রতিপক্ষ আমাকে হেনন্থা করার জন্যই বারবার সময় নিচ্ছে।’এ পর্যন্ত বদলি আদালতে কয়বার সময় নিল?‘প্রতি মাসে একবার করে তারিখ পড়ে। এ নিয়ে আটবার সময় নিয়েছে।’আপনার আইনজীবী ভূমিকা নিচ্ছেন না কেন?‘প্রতি তারিখেই আইনজীবী বলছেন শুনানির কথা। কিন্তু প্রতিপক্ষ না এলে শুনানি সম্ভব নয় বলে আদালত শুনানি করছেন না। প্রতি তারিখেই উকিল সাহেবকে টাকা তো দিতে হচ্ছে। ভোগান্তি তো আছে।’কথা বলতে বলতে একপর্যায়ে আমাকে বললেন, ‘বাবা, তুমি যে বললে আদালতের সময় বেঁধে দেওয়ার জন্য আইন আছে; কত ধারায় আছে একটু লিখে দাও।’আমি তাঁর ফাইলের উল্টো পিঠে লিখলাম, দেওয়ানি কার্যবিধির সংশোধনী (২০০৬) অনুযায়ী আদেশ ৪১-এর ১২ক দফায় বলা হয়েছে, ‘মামলার আপিলে কোনো পক্ষের অনুরোধক্রমে আপিল আদালত কোনো আপিল শুনানির নিমিত্তে তিন বারের অধিক সময় মঞ্জুর করবেন না। যদি পক্ষের প্রতি মুলতবি মঞ্জুর করা হয়, তাহলে ন্যূনতম ২০০ টাকা এবং অনূর্ধ্ব এক হাজার টাকা খরচ অপর পক্ষকে দিতে হবে। আপিলকারী কর্তৃক যদি এ রূপ নির্দেশ অমান্য করা হয়, তাহলে আপিলটি খারিজ হবে।’বললাম, বিজ্ঞ আইনজীবীকে বলবেন, আদালতে এ আদেশটি উল্লেখ করে বলতে।‘হ্যাঁ বাবা, এর জন্যই জেনে নিলাম। কিন্তু উকিল সাহেব যতই বলুক, জজ সাহেব যদি না শোনেন, তাহলে তো কিছু করার নেই।’আমি বললাম, দেখেন, একটু ধৈর্য ধরেন, সবকিছু ঠিক হয়ে যাবে।‘ধৈর্য ধরেই আছি। এত বছর ধরে মামলাটি বয়ে এনেছি। হাল ছাড়িনি। কিন্তু অস্থিরতা আছে। এখন মনে হয়, কী এমন পাপ করলাম জমিটা কিনে! কেন মিথ্যা মামলায় এত খেসারত দিতে হচ্ছে আমাকে...? জজ আর উকিল সাহেবরাও কেন এত সময় নেন মামলা শেষ করতে।’আমি তখন সত্যিই নির্বাক হয়ে গেছি কিছুক্ষণের জন্য...।মনে পড়ল, জনাথন সুইফটের গালিভারস ট্রাভেলস-এর কয়েকটি লাইন—‘মামলায় (আইনজীবীরা) প্রাণপণে চেষ্টা করেন মূল বিষয়ে প্রবেশ না করতে: কিন্তু পারিপার্শ্বিক বিষয়ে তারা উচ্চকণ্ঠ, উগ্র ও ক্লান্তিহীন...মামলায় উল্লিখিত গরুটির ওপর আমার দাবি কী, তাতে তাদের কোনো আগ্রহ নেই, বরং তাদের আগ্রহ গরুটির রং লাল, না কালো; শিংগুলো লম্বা, না বেটে; যে মাঠে গরুটি ছিল, সেই মাঠটি গোলাকার, না চৌকোনা ইত্যাদি। এবং এ বিষয়ে আলোচনার জন্য তারা গুরুগম্ভীরভাবে নজিরের তালাশ করেন, আদালত থেকে ঘন ঘন সময় নেন; আর এভাবে তারা দশ, কুড়ি বা ত্রিশ বছর পর বিচার্য বিষয় (ইস্যু) গঠন করেন।’ই-মেইল: [email protected]