এক গর্তে তিন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালুর নিচ থেকে মানুষের হাত কামড়ে টানাটানি করছিল কুকুর। এ দৃশ্য দেখেন এক নারীশ্রমিক। তাঁর দেওয়া তথ্যে পুলিশ একটি গর্ত থেকে একে একে টেনে তোলে তিনটি লাশ। লাশগুলো সাড়ে তিন ফুট গর্তে পুঁতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর তুরাগ নদের পারে একটি হাউজিংয়ের বালু খুঁড়ে লাশগুলো উদ্ধার করা হয়। তাত্ক্ষণিকভাবে এদের পরিচয় মেলেনি।হাউজিংয়ে কর্মরত শ্রমিকেরা জানান, গতকাল দুপুরে হানিফ পালোয়ান নামের এক জেলে তুরাগে মাছ ধরার জন্য জাল ফেলেন। এ সময় নদী ঘেঁষে গড়ে ওঠা চন্দ্রিমা হাউজিংয়ে একটি কুকুর বালুর মধ্যে হাত-পা ও মুখ ঢুকিয়ে টানাটানি করছিল। হানিফ পালোয়ান এ দৃশ্য দেখে বিউটি নামের একজন নারীশ্রমিককে জানান। কিছুক্ষণ পর বিউটি বেগমসহ কয়েকজন নারীশ্রমিক পানি আনতে সেখানে যান। তাঁরা দেখতে পান, কুকুর বালুর নিচ থেকে মানুষের দুটি হাত কামড়ে তোলার চেষ্টা করছে। বিউটি বিষয়টি হাউজিং কর্তৃপক্ষকে জানান। হাউজিং কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানাকে জানায়। পরে পুলিশ এসে বালু খুঁড়ে গর্তের মধ্য থেকে একটি লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার না হতেই দেখা যায়, ওই লাশের পা বরাবর আরেকজনের লাশ। সেই লাশটির নিচে মাথা বরাবর আরেকটি লাশ পাওয়া যায়। এভাবে একের পর এক লাশ দেখে উপস্থিত পুলিশ কর্মকর্তারা হকচকিয়ে যান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দলও ঘটনাস্থলে ছিল। পরে লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।চন্দ্রিমা হাউজিংয়ের পরিচালক নাজিব আমজাদ প্রথম আলোকে জানান, অরক্ষিত এই হাউজিং এলাকায় সুযোগ বুঝে রাতের আঁধারে কেউ লাশগুলো মাটিচাপা দিয়েছে। তিনি জানান, প্রথমে এক শ্রমিক এ ঘটনা দেখলেও তাঁকে জানাননি। পরে বিউটি নামের এক শ্রমিক তাঁকে এ ঘটনা জানান। নাজিব আমজাদ আরও জানান, ঘটনাস্থলের ৫০ গজ দূরে নৌ-পুলিশ ফাঁড়ির জন্য জমি বরাদ্দ রাখা হয়েছে। ফাঁড়ি চালু হলে হাউজিংয়ের নিরাপত্তা জোরদার হবে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, উদ্ধার হওয়া লাশগুলোতে পচন ধরেছে। বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে। প্রত্যেকের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। এদের একজনের গলা কাটা ও অন্য দুজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদের একজনের পরনে লুঙ্গি ও কালো রঙের হাফ শার্ট আছে, অন্য দুজনের পরনে কিছু ছিল না। ওসি জানান, কুকুর বালুর ভেতর থেকে হাত টেনে বের না করলে লাশ উদ্ধার করাই সম্ভব হতো না। লাশে পচন ধরায় চেহারা ভালোভাবে চেনা যায় না। পরিচয় পাওয়া না গেলে পুলিশ থানায় হত্যা মামলা করবে। পুলিশের ধারণা, অন্যত্র খুন করে ইঞ্জিনচালিত নৌকায় লাশগুলো এনে এখানে পুঁতে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ঘাতকেরা তিনজনকে খুনের পর লাশ গুম করতেই একটি গর্তে চাপা দিয়েছে।গতকাল সন্ধ্যার পর মোহাম্মদপুরের শেষ সীমানায় প্রস্তাবিত চন্দ্রিমা মডেল টাউনের অন্তত দুই কিলোমিটার পশ্চিমে ওই হাউজিং এলাকায় গিয়ে পুলিশ ও হাউজিংয়ের নারী-পুরুষশ্রমিকদের ভিড় দেখা যায়। সেখানে পুলিশ কর্মকর্তারা লাশ তোলায় ব্যস্ত।স্বজনেরা লাশ শনাক্ত করতে মর্গে: গতকাল রাত ১১টায় একাধিক নারী ঢাকা মেডিকেল কলেজ মর্গে পচন ধরা তিন লাশ শনাক্ত করতে যান। মিরপুরের লালকুঠির শিমু আক্তার নামের এক নারী একটি লাশকে তাঁর চাচাতো ভাই মিজানুর রহমান ওরফে মিজানের (৪০) বলে দাবি করেন। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরের নইকাঠিতে। অপর দুজন মিজানের বন্ধু ফোরকান ও মুরাদ বলেও তিনি দাবি করেন। শিমু সাংবাদিকদের কাছে দাবি করেন, মিজান ও তাঁর বন্ধুরা ঝালকাঠিতে থাকতেন এবং মিজান ঝালকাঠিতে ঠিকাদারি করতেন। মিজানের সঙ্গে থাকতেন তাঁর বন্ধু ফোরকান (৩৫) ও মুরাদ (২৮)। গত বৃহস্পতিবার থেকে মিজান তাঁর দুই বন্ধুকে নিয়ে ঢাকায় আত্মগোপনে আছেন বলে তিনি জানতেন।এর কিছুক্ষণ আগে ভাসানটেকের বাসিন্দা দুই গৃহবধূ তানিয়া বেগম ও সেতারা বেগম মর্গে যান। তাঁরা একটি লাশের পা দেখে ধারণা করছেন, লাশটি তাঁর স্বামী বালু ব্যবসায়ী ইসমাইল মীরের হবে। তাঁদের গ্রামের বাড়ি বরগুনার তালতলী গাববাড়িয়ায়।যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ওসি মাহবুব হাসান বলেন, দাবিদারেরা থানায় এসে নিশ্চিত করে লাশ শনাক্ত করতে পারলে তাঁদের বাদী করে হত্যা মামলা নেওয়া হবে।