এক গলিতেই ১৫!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গলি। দূরত্ব ২০০ গজ। এ দূরত্বের মধ্যে ১৫টি কোচিং সেন্টার। নগরের লামাবাজার এলাকার ঐতিহ্যবাহী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ঠিক সামনের গলিটির এ অবস্থা প্রত্যক্ষ করে শিক্ষার্থীরা মজা করে গলির নাম দিয়েছেন ‘কোচিং পাড়া’। খোঁজ নিয়ে জানা যায়, এই কোচিংপাড়ায় প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থী পাঠ নিতে আসে। বিশেষ করে সকাল ও বিকেলবেলা শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে ২০০ গজ দূরত্বের গলিপথটি। সরেজমিনে দেখা যায়, তালতলা-লামাবাজার-রিকাবীবাজার ভিআইপি সড়কের লামাবাজার এলাকায় এ গলিপথটির অবস্থান। এ এলাকায় অবস্থিত সিলেটের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। আর কলেজের ঠিক সম্মুখে মাত্র ২০০ গজ দূরত্বের একটি গলিপথের আশপাশের কয়েকটি বাড়ি ভাড়া নিয়ে ১৫টি কোচিং সেন্টার গড়ে উঠেছে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস কোচিং সেন্টার, ইউনিএইড, প্রয়াস কোচিং হোম, প্যারাগন একাডেমিক ফর ইংলিশ, ঢাকা কোচিং, বীকন একাডেমি বিসিএস কোচিং, প্যাটর্ন ইনস্টিটিউট, মডেল একাডেমি, অ্যামবিশন, রাইজিং সান কোচিং সেন্টার, পরিসংখ্যান কোচিং, অর্কিড রসায়ন কোচিং হোম, জেনিথ কোচিং, স্পেশাল কোচিং ইন ইংলিশ, ও অপশন কোচিং হোম।এলাকাবাসী জানিয়েছে, সিলেটের ঐতিহ্যবাহী ও অন্যতম বড় একটি কলেজ হচ্ছে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। এটির অবস্থান লামাবাজার এলাকায় হওয়ায় কলেজটির ঠিক বিপরীত দিকের গলিতে কোচিং সেন্টারগুলো তৈরি হয়েছে। মদনমোহন কলেজের শিক্ষার্থী ছাড়াও নগরের অনান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এসব কোচিং সেন্টার প্রায় সব কটি নিয়মিত লিফলেট ও পোস্টার বিলি করে থাকে। মদনমোহন কলেজের শিক্ষার্থী সৌরজিৎ রায় বলেন, লামাবাজারের গলিতে গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলোর টার্গেট মদনমোহন কলেজের শিক্ষার্থীরা। শুধু এই কলেজ নয়, বরং নগরের বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাকের ডগায় কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। এগুলোর টার্গেট হচ্ছে প্রচুর পরিমাণে শিক্ষার্থীদের কোচিং সেন্টারের দিকে ধাবিত করা। কোচিংপাড়ায় অবস্থিত মডেল একাডেমির পরিচালক এনামুল হক চৌধুরীও কলেজের কাছাকাছি থাকায় এমনটি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, কলেজের আশপাশে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই কোচিংগুলো গড়ে উঠেছে। এ ছাড়া এ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে শিক্ষার্থীও রয়েছে।