এক গ্রামীণ নায়কের কথা
কাঙাল হরিনাথ মজুমদার (১৮৩৩-১৮৯৬) একালে প্রায়-বিস্মৃত একটি নাম। অথচ উনিশ শতকে এই মানুষটি নিস্তরঙ্গ গ্রামবাংলার সামাজিক-সাংস্কৃতিক জীবনে এক চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন। ‘কালের যাত্রার ধ্বনি’ শুনতে পেয়ে নাগরিক নবচেতনার প্রেরণায় দূর-মফস্বলেও এনেছিলেন জাগরণের আবহ। কাঙাল হরিনাথ নিভৃত পল্লিতে বসে সংস্কৃতিচর্চা ও লোককল্যাণের যে দৃষ্টান্ত সৃষ্টি করেন তার তুলনা পাওয়া ভার।কিন্তু উনিশ শতকের নবজাগৃতির নায়কদের সঙ্গে হরিনাথের প্রভেদ অত্যন্ত স্পষ্ট। এই জাগরণের স্নায়ুকেন্দ্র ছিল কলকাতা এবং এর সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা ছিলেন মূলত উচ্চবিত্ত ও মধ্যশ্রেণীর প্রতিনিধি, কৌলিক আভিজাত্যের অধিকারী, ইংরেজি শিক্ষায় শিক্ষিত। অপরপক্ষে কাঙাল হরিনাথ বিত্ত, বিদ্যা কিংবা কৌলীন্য—কোনোটারই অধিকারী ছিলেন না। তিনি ছিলেন গ্রামীণ-মফস্বলের অধিবাসী, প্রাতিষ্ঠানিক শিক্ষার নিরিখে প্রায়-অশিক্ষিত, হতদরিদ্র এবং বংশ-কৌলীন্যের গৌরববঞ্চিত। কিন্তু বিস্ময় জাগে এ কথা ভেবে যে, এই সীমাবদ্ধতা ও বিরুদ্ধ-পরিবেশ সত্ত্বেও হরিনাথ যে অর্জন ও প্রতিষ্ঠা লাভ করেন, কালের বিচারে তা অসামান্য।এই বহুমাত্রিক মানুষটি একাধারে ছিলেন সাহিত্যশিল্পী, সংবাদ-সাময়িকপত্র-পরিচালক, শিক্ষাব্রতী, সমাজ-সংস্কারক, নারীকল্যাণকামী, দেশহিতৈষী, রায়ত-কৃষক-প্রজাপ্রেমী, সাধক ও ধর্মবেত্তা এবং নব্য-সাহিত্যসেবীদের উদার পৃষ্ঠপোষক। মূলত তাঁর জীবন বিভক্ত হয়ে গেছে সাহিত্য-সংস্কৃতিচর্চা, জনহিতৈষণা ও ধর্মসাধনা—এই তিন ধারায়।২. হরিনাথের জীবন বড় দুঃখ-কষ্ট-বেদনা আর বঞ্চনার। শৈশবেই জনক-জননীর মৃত্যু হয়। অপরিসীম অভাব-অনটনের ভেতরে তাঁর জীবন কাটে। অভিভাবকের অভাব আর দারিদ্র্যের কারণে হরিনাথের উপযুক্ত শিক্ষার সুযোগ হয়ে ওঠেনি। স্থানীয় পাঠশালা ও কুমারখালী ইংরেজি স্কুলে তিনি কিছুকাল লেখাপড়া করেন। কিন্তু ‘অন্ন-বস্ত্রের ক্লেশ ও পুস্তকাদির অসদ্ভাবে’ তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণই থেকে যায়। এরপর হরিনাথ আরও অনেকের মতো ভাগ্যের টানে কলকাতায় যান। কিন্তু সাহায্য-সহায়তার লোক না থাকায় বিফল মনে তাঁকে আবার গ্রামে ফিরে আসতে হয়। এর পর থেকে গ্রামই হয়ে ওঠে তাঁর সব ভাবনাচিন্তা ও কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।৩.লেখাপড়ার পাট না চুকিয়েই নিতান্ত ছেলেবেলাতেই হরিনাথকে জীবিকার খোঁজে পথে নামতে হয়। প্রথম জীবনে তিনি কুমারখালী বাজারের এক কাপড়ের দোকানে দৈনিক দুই পয়সা বেতনে চাকরিতে বহাল হন। এরপর কুমারখালীর নীলকুঠিতে শিক্ষানবিশির কাজে যোগ দেন। কিন্তু রায়তপ্রেমী ও সত্যনিষ্ঠ হরিনাথের পক্ষে এখানেও বেশি দিন কাজ করা সম্ভব হয়নি। নীলকুঠিতে হরিনাথ রায়ত-প্রজার ওপর কুঠিয়ালদের পীড়ন-অত্যাচার-শোষণের রূপটি বেশ ভালোভাবেই দেখেছিলেন এবং তা প্রতিকারের চিন্তা তখন থেকেই তাঁর মনে জাগে। আরও পরে খবরের কাগজ বের করার সুবাদে তাঁর এই আকাঙ্ক্ষা পূরণ হয়। নিজে তেমন লেখাপড়া শিখতে পারেননি বলে মনে বড় আফসোস ছিল, তাই লোকশিক্ষার প্রতি হরিনাথের বিশেষ আগ্রহ জন্মেছিল। সে কারণেই পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নেন, উদ্যোগী হন বিদ্যালয় স্থাপনে, নারীশিক্ষার পাশাপাশি মন দেন স্কুল-পাঠ্যপুস্তক রচনায়। গ্রামের শিশু-কিশোরদের লেখাপড়ার জন্য ১৮৫৪ সালের ১৩ জানুয়ারি কুমারখালীতে একটি বাংলা পাঠশালা স্থাপন করে সেখানে বিনা বেতনে লেখাপড়া শেখানোর ভার নেন। এর ছয় বছর পর ১৮৬০-এ তাঁর বাড়ির চণ্ডীমণ্ডপে মেয়েদের স্কুল খোলেন এবং এখানেও শিক্ষকের ভূমিকায় দেখা যায় তাঁকে।স্ত্রী-শিক্ষা ও নারী-স্বাধীনতার পক্ষে তাঁর ছিল স্পষ্ট মত। তাঁর বিজয়-বসন্ত (১৮৫৯) উপাখ্যানে আলাপচারিতার জের ধরে স্ত্রী-শিক্ষার সমর্থনে বলা হয়: ‘অনেকেই বিবেচনা করিবেন, স্ত্রীজাতি বিদ্যাশিক্ষা করিলেই দুশ্চরিত্রা হয়। এমন কি দেশে এরূপ প্রথা অদ্যাপি প্রচলিত আছে যে, তাঁহারা স্ত্রীলোকের বিদ্যাশিক্ষা অতি গর্হিত বিবেচনা করেন; কিন্তু এ কেবল তাঁহাদিগের বুঝিবার ভ্রান্তি, যে স্ত্রী আপনা-আপনি আপনাকে রক্ষা করে, সেই সুরক্ষিতা। নতুবা মূর্খ করিয়া গৃহে বদ্ধ করিলে, তাহাতে সুরক্ষিত হওয়া দূরে থাক্, বরং মহানর্থের মূল হইয়া ওঠে।’মাতৃভাষা-চর্চার সঙ্গে জাতীয় উন্নতির সম্পর্ক যে গভীর—হরিনাথ ছিলেন এই মতের জোরালো সমর্থক। গ্রামবার্ত্তায় (জুন ১৮৮০) তাই তিনি লিখেছেন: ‘যতদিন বঙ্গসন্তান মাতৃভাষা উপেক্ষা করিয়া পরভাষার পক্ষপাতী থাকিবেন, যতদিন মাতৃভাষা ঘৃণা করিয়া বৈদেশিক ভাষানুশীলনে সময় ক্ষেপণ করিবেন, ততদিন বঙ্গের কোন আশা আমরা করিনা, ততদিন জাতীয় উন্নতির কোন সম্ভাবনা দেখিনা।’ ৪.সাহিত্যচর্চার ভুবনে কাঙাল হরিনাথ বাঙালি সমাজে মূলত বাউলগানের রচয়িতা হিসেবেই পরিচিত। তাঁর অন্যান্য রচনা, একমাত্র বিজয়-বসন্ত উপাখ্যান ছাড়া তেমন মনোযোগ পায়নি। যদিও সেসব রচনা শিল্পগুণে একেবারে তুচ্ছ ছিল না। বিশেষ করে তাঁর কিছু নাটক-কবিতা ও সামাজিক প্রবন্ধের কথা উল্লেখ করতে হয়। অবশ্য এ কথাও মনে রাখা প্রয়োজন—নিছক সাহিত্যচর্চার উদ্দেশ্যে নয়, হরিনাথ ‘সুনীতি’, ‘ধর্মভাব’ ও ‘লোকশিক্ষা’র প্রয়োজনেই লেখনী ধারণ করেন। সেই বিবেচনায় তাঁর রচনা এক আলাদা রকমের সামাজিক গুরুত্ব বহন করে।গদ্য-পদ্য মিলিয়ে কাঙাল হরিনাথ প্রায় ৪০ খানা বই লিখেছিলেন। অবশ্য এর সবই যে প্রকাশ পেয়েছিল তা নয়। হরিনাথের রচনাবলিকে নীতিশিক্ষামূলক শিশুপাঠ্য, ধর্মকথার বিনোদন শিল্পরূপ, ধর্মশাস্ত্র ও সাধনতত্ত্বের ব্যাখ্যা-বিশ্লেষণ, সামাজিক চিন্তামূলক এবং সাহিত্য-রসাশ্রিত—এই কয় শ্রেণীতে বিন্যস্ত করা চলে।সাহিত্য-রসাশ্রিত রচনার মধ্যে বিজয়-বসন্ত, চিত্তচপলা ও প্রেম-প্রমীলা—এই তিনখানি উপন্যাসধর্মী রচনার কথা বিশেষ উল্লেখযোগ্য। এই পর্যায়ে বিজয়-বসন্তই হরিনাথের স্মরণীয় সাহিত্যকীর্তি। যৌবনে রচিত এই উপাখ্যানটি তাঁর শিল্প-শক্তিরও শ্রেষ্ঠ নিদর্শন। কাঙাল-শিষ্য অক্ষয়কুমার মৈত্রেয় জানিয়েছেন: ‘নিতান্ত শিশুপাঠ্য বর্ণপরিচয়াদি ভিন্ন অন্য কোনও বাঙ্গলা গ্রন্থের এরূপ বহুলপ্রচার’ হয়নি এবং ‘পল্লীবাসী সাহিত্য-সেবকের কোনও গ্রন্থই এরূপ সমাদর লাভ করে নাই’। আলালের ঘরের দুলাল-এর পাশাপাশি বিজয়-বসন্তকেও শিবনাথ শাস্ত্রী বাংলা সাহিত্যের ‘প্রথম উপন্যাস’-এর মর্যাদাও দিতে চেয়েছেন। হরিনাথের খ্যাতি ও পরিচিতির মূলে তাঁর বাউলাঙ্গের মরমি-সংগীতের একটি বিশেষ ভূমিকা আছে। তাঁর জীবনদর্শন, অধ্যাত্ম-ভাবনা ও মরমি-মানসের পরিচয় মেলে এসব গানে। অবশ্য এর মূলে লালন ফকিরের প্রেরণা ও প্রভাবের কথা স্মরণ করতে হয়। নিরন্তর অনুশীলনের মাধ্যমে কাঙাল বাউলগানের একটি স্বতন্ত্র কাব্য-ভাষা ও ‘ঘরানা’ নির্মাণে সক্ষম হন। ‘ফিকিরচাঁদ’ ও ‘কাঙাল’ ভণিতায় রচিত হরিনাথের গান সেই সময়ের বাংলা মুলুককে যথেষ্টই মুগ্ধ করেছিল। জলধর সেন তাঁর কাঙাল-জীবনীতে লিখেছেন: ‘কে জানিত যে, এই কাঙ্গাল ফিকিরচাঁদের সঙ্গীতে সমস্ত পূর্ববঙ্গ, মধ্যবঙ্গ এবং আসাম প্রদেশ ভাসিয়া যাইবে!’ উত্তরকালে হরিনাথের ‘হরি দিন তো গেলো, সন্ধ্যা হলো, পার করো আমারে’—এই পারাপারের মরমি পদটি সত্যজিৎ রায় তাঁর পথের পাঁচালী ছবিতে ব্যবহার করেন। হরিনাথ বাউলগানের প্রচলিত ধারায় নতুন মাত্রা যোগ করে তাঁকে শিক্ষিত নাগরিক-সমাজে প্রিয় ও গ্রহণযোগ্য করে তোলেন। প্রকৃতপক্ষে বিষয়-বৈচিত্র্য, ভাব-গভীরতা ও শিল্প-চেতনায় বাউলগান যে সংগীত-সাহিত্যের মর্যাদা পেয়েছে, তার মূলে কাঙাল হরিনাথেরও একটি বড় ভূমিকা আছে।৫.তবে হরিনাথের সারস্বত-জীবনের শ্রেষ্ঠ প্রয়াস ও সামাজিক কর্মকাণ্ডের সবচেয়ে গৌরবময় অধ্যায় গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার প্রকাশনা। এই সাময়িকপত্র সম্পাদনার সূত্রেই তিনি বাঙালি সমাজে মর্যাদার একটি আসন অধিকার করে নেন। লোককল্যাণ ও সমাজোন্নয়নের উদ্দেশ্য নিয়েই এই পত্রিকার জন্ম। তাঁর অপ্রকাশিত দিনলিপি থেকে জানা যায়: ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা সংবাদপত্রিকার দ্বারা গ্রামে অত্যাচার নিবারিত ও নানা প্রকারে গ্রামবাসীদিগের উপকার সাধিত হইবে এবং তৎসঙ্গে মাতা বঙ্গভাষাও সেবিতা হইবেন, ইত্যাদি নানা প্রকার আশা করিয়া গ্রামবার্ত্তা প্রকাশিকার কার্য্য আরম্ভ করিলাম।’ গ্রাম-কল্যাণের আদর্শ নিয়েই গ্রামবার্ত্তার আত্মপ্রকাশ। বাংলা সাময়িকপত্রের নগরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে উপেক্ষিত গ্রামীণ-স্বার্থ রক্ষায় এই পত্রিকার একটি বিশেষ অঙ্গীকার ছিল। গ্রামবার্ত্তার প্রথম সংখ্যায় (বৈশাখ ১২৭০) পত্রিকার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সম্পাদক তাই উল্লেখ করেছিলেন: ‘... এ পর্য্যন্ত বাঙ্গলা সংবাদপত্রিকা যতই প্রচারিত হইতেছে তাহা কেবল প্রধান প্রধান নগর ও বিদেশিয় সম্বাদাদিতেই পরিপূর্ণ। গ্রামীয় অর্থাৎ মফঃস্বলের অবস্থাদি কিছুই প্রকাশিত হয় না। তজ্জন্য গ্রামবাসীদিগের কোন প্রকার উপকার দর্শিতেছে না। যেমন চিকিৎসক, রোগীর অবস্থা সুবিদিত না হইলে তাহার প্রতিকারে সমর্থ হন না, তদ্রূপ দেশহিতৈষী মহোদয়গণ গ্রামের অবস্থা, অবিদিত থাকিলে কিরূপে তাহার প্রতিকার করিতে যত্নবান হইবেন? যাহাতে গ্রামবাসীদের অবস্থা, ব্যবসায় রীতিনীতি, সভ্যতা, গ্রামীয় ইতিহাস, মফঃস্বল-রাজকর্ম্মচারীগণের বিচার এবং আশ্চর্য্য ঘটনাদি প্রকাশিত হয় তাহাই এই পত্রিকার প্রধানোদ্দেশ্য এবং লোকরঞ্জনার্থ, ভিন্নদেশীয় সম্বাদ ও গদ্যপদ্য চিত্তরঞ্জন বিষয়ও লিখিত হইবেক।...’কৃষক-তাঁতি, রায়ত-প্রজা, শ্রমজীবী মানুষের সমস্যা ও অধিকার সম্পর্কে গ্রামবার্ত্তা সব সময়ই সচেতন ছিল। পাক্ষিক গ্রামবার্ত্তার প্রায় প্রতিটি সংখ্যাতেই আন্তরিকতার সঙ্গে এদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। এসব প্রতিবেদনে রায়ত-প্রজার প্রতি সহানুভূতি, সরকারি ভূমিকা সম্পর্কে অভিযোগের সুরও কখনো কখনো ফুটে উঠেছে। অনেক সময়েই সরকারের দায়িত্ববোধের অভাব বা ঔদাসীন্য সম্পর্কে বেদনা এবং অভিযোগ জানিয়ে সচেতন করে তোলার চেষ্টা করা হয়েছে। দেশীয় শোষক-জমিদার কিংবা বাক্-সর্বস্ব তথাকথিত দেশপ্রেমিকদের আচরণ ও ভূমিকাও পত্রিকায় সমালোচিত ও নিন্দিত হয়েছে।দেশীয় তাঁতি সম্প্রদায়ের দুরবস্থা এবং সরকারের উদাসীনতা সম্পর্কে গ্রামবার্ত্তার তীব্র মন্তব্য স্বাদেশিকতার বিশেষ পরিচয় বহন করে: ‘লাঙ্কেষ্টরের তাঁতিরা যতদিন গবর্ণমেন্ট হূদয়ে বাস করিবে, তদিন এদেশীয় তাঁতি জোলার দুরবস্থা সেই হূদয়ে স্থান পাইবে, এরূপ ভরসা করা যায় না’ (নভেম্বর ১৮৭৩)। পাবনার প্রজা-বিদ্রোহেও গ্রামবার্ত্তার বিশেষ সহানুভূতি ছিল। রায়ত-প্রজার ওপর জমিদারের অন্যায় পীড়ন ও অযৌক্তিক খাজনা বৃদ্ধিই এই অসন্তোষের কারণ বলে গ্রামবার্ত্তা মনে করেছে।বাংলাদেশের জমিদার সম্প্রদায়ের বেশির ভাগ প্রজাহিতকর কাজই ছিল উদ্দেশ্যমূলক। জমিদারের এই স্বরূপ উন্মোচন করে গ্রামবার্ত্তা স্পষ্টই বলেছে: ‘জমিদারদিগের দ্বারা যত বিদ্যালয় স্থাপিত হইয়াছে, রাজদ্বারে সম্মান লাভেচ্ছাই তাহার অধিকাংশের কারণ।...মফস্বলের এক একজন জমিদার দাতব্য ডিসেপনসারি ও বিদ্যালয়াবরণ দিয়া, আমেরিকা দেশের ভ্যাম্পাইয়ার বাদুড়ের ন্যায় প্রজার রক্তপান করেন। হাকিমেরা মফস্বলে আসিয়া স্কুল ও ডিসেপনসারি দেখিয়া ভুলিয়া যান, প্রজার ক্রন্দন কিছুই শুনেন না।... যোড়াসাঁকোনিবাসী শ্রদ্ধাস্পদ জমিদার শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর এদেশের অদ্বিতীয় ধার্ম্মিক।... সম্প্রতি একটা কথা শুনিয়া দুঃখিত ও বিস্মিত হইয়াছি। তিনি শিলাইদহের স্কুল হইতে ইংরেজি শিক্ষা উঠাইয়া দিয়াছেন’ (আগস্ট ১৮৭২)।হরিনাথ সাংবাদিকতার ক্ষেত্রে যে সততা ও সাহসের পরিচয় দেন, তাতে তাঁকে ‘জেলার ম্যাজিস্ট্রেট এবং পরগনার জমিদার’ উভয়েরই বিষনজরে পড়তে হয়। বিশেষ করে প্রজা-পীড়নের খবর প্রকাশকে কেন্দ্র করে শিলাইদহের ঠাকুর-জমিদারদের সঙ্গে বিরোধ তাঁর চরিত্রে এক আলাদা মর্যাদা আরোপ করেছে। খাজনা বৃদ্ধি, নানা আবওয়াব কর আরোপ, জুলুম করে প্রজার ভিটেমাটি উচ্ছেদ, অনাবৃষ্টি-অতিবৃষ্টিতে বিপন্ন রায়ত-প্রজার কাছ থেকে জোর করে খাজনা আদায়—এসব ঘটনা হরিনাথ গ্রামবার্ত্তায় হামেশাই প্রকাশ করতেন। ঠাকুর-জমিদারদের পক্ষ থেকে প্রথমে টাকা-পয়সার লোভ দেখিয়ে হরিনাথকে বশ করার চেষ্টা হয়। এ উদ্যোগ ব্যর্থ হলে লাঠিয়াল বাহিনী এবং পরে পাঞ্জাবি গুন্ডা নিযুক্ত করা হয়। কাঙালের অপ্রকাশিত ‘দিনপঞ্জি’ থেকে জানা যায়, জমিদারের লাঠিয়াল বাহিনীর হাত থেকে বিপন্ন বন্ধু হরিনাথকে রক্ষা করার জন্য বাউলসাধক লালন ফকির শিষ্যশাবকসহ একতারা ফেলে হাতে তুলে নেন লাঠি এবং জমিদারের ‘সেই লাঠিয়ালের দলকে আচ্ছা করে ঢিট্ করে সুহূদ কৃষক-বন্ধু হরিনাথকে রক্ষা করেন’। জমিদার-মহাজন-কুঠিয়াল-গোরা পল্টন-রাজকর্মচারী কিংবা সরকারের অত্যাচার-নিপীড়ন-অবিচার-দুর্নীতি-কুশাসনের প্রতিবাদ এবং পাশাপাশি তার প্রতিকারের চেষ্টাও করেছেন। সেকালে এই সাহসী ভূমিকা পালন করে হরিনাথ সাংবাদিকতার যে আদর্শ গড়েছিলেন, তার তুলনা অতি বিরল। গ্রামবার্ত্তা মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক হিসেবে বিভিন্ন পর্যায়ে প্রায় ২২ বছর চলেছিল। কিন্তু পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভাবে গ্রামবার্ত্তার প্রকাশনা চূড়ান্তভাবে বন্ধ হয়ে যায় আশ্বিন ১২৯২। বাংলা সাময়িকপত্রের ইতিহাসে গ্রামবার্ত্তা একটি গুরুত্বপূর্ণ পত্রিকা হিসেবে স্বীকৃত, যা কৃষক-প্রজা-রায়ত-শ্রমজীবী মানুষ ও মধ্যশ্রেণীর স্বার্থের অনুকূলে যুগোপযোগী একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। শুধু পত্রিকা প্রকাশ করে নয়, সংগঠন তৈরি করে তার মাধ্যমেও হরিনাথ কৃষক-প্রজার স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। হরিনাথের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘কুমারখালী সভা’ (১৮৬৭) এ বিষয়ে বিশেষ ভূমিকা রেখেছিল। এই সভার ষষ্ঠ অধিবেশনের বিবরণ থেকে জানা যায়, এই অধিবেশনে ইনকাম ট্যাক্স, রথ্যাকর (রোডসেস) ও জমিদারের অত্যাচার বিষয়ে আলোচনা হয়েছিল। এবং ‘... এই সভায় ভদ্রলোকের সংখ্যাপেক্ষা, কৃষক প্রভৃতির সংখ্যা অধিক হইয়াছিল’ (গ্রামবার্ত্তা প্রকাশিকা, চৈত্র, দ্বিতীয় সপ্তাহ, ১২৭৯)।জমিদারের পীড়ন-অত্যাচারের বিরুদ্ধে উনিশ শতকে আরও কেউ কেউ সোচ্চার হয়েছিলেন, কিন্তু জমিদারের বিরাগভাজন হয়ে, যথেষ্ট ক্ষতি ও লাঞ্ছনা স্বীকার করে হরিনাথের মতো আর কেউ কৃষক-প্রজার সুখ-দুঃখের সঙ্গে এত গভীর ও আন্তরিকভাবে জড়িত হতে পারেননি। ভীতি কিংবা প্রলোভন তাঁকে তাঁর ভূমিকা থেকে বিচ্যুত করতে পারেনি। কৃষক-প্রজার অধিকার ও স্বার্থের প্রশ্নে হরিনাথ ছিলেন আপসহীন ও আন্তরিক।৬.কোনো কোনো ক্ষেত্রে হরিনাথের স্বদেশ ও সমাজচিন্তা ছিল যুগের প্রেক্ষাপটে অভিনব এবং অগ্রসর বলে বিবেচিত হতে পারে। দেশীয় শিল্পের বিকাশের অন্তরায় হিসেবে সরকারি নীতি ও প্রয়াসকে তিনি যেমন দায়ী করতে পারেন, পারেন দেশীয় কুলি-শ্রমিকের প্রতি অমানবিক আচরণের প্রতিবাদ জানাতে। জীবনচর্যার চাহিদার পরমুখাপেক্ষিতা বা বিদেশ-নির্ভরশীলতার ফলে জাতীয় জীবনের বন্ধ্যত্ব তাঁকে যেমন পীড়িত করে, তেমনি দমনমূলক আইন ও অস্ত্র আইনের বিরুদ্ধেও তাঁর প্রতিবাদ থাকে জাগ্রত, সমাজ বিকাশের প্রয়োজনে মধ্যশ্রেণীর প্রতি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা যেমন তিনি অনুভব করেছেন, আবার কপট ও সুবিধাবাদী দেশোদ্ধারকারীদের প্রতি তাঁর ধিক্কারও গোপন থাকেনি। ৭.কালে হরিনাথ নিজেই একটি ‘প্রতিষ্ঠানে’ পরিণত হয়েছিলেন। তাঁকে কেন্দ্র করে কুমারখালীতে একটি সাহিত্যচক্র গড়ে ওঠে। কাঙাল-অনুরাগী এই সাহিত্য-গোষ্ঠী গ্রামবার্ত্তা পত্রিকা পরিচালনা ও ফিকিরচাঁদের বাউল দল গঠনে সক্রিয় ভূমিকা পালন করে। হরিনাথ কেবল সাহিত্যস্রষ্টাই ছিলেন না, তিনি সাহিত্যিকেরও স্রষ্টা ছিলেন এবং অনেককেই ‘সাহিত্য-সেবা-ব্রতে দীক্ষিত’ করে বাংলা সাহিত্যে খ্যাতিমান হওয়ার সুযোগ করে দেন। পাশাপাশি সংবাদ-সাময়িকপত্র প্রকাশ ও তার নির্ভীক পরিচালনার শিক্ষাও তাঁরা পেয়েছিলেন হরিনাথের কাছ থেকে। এঁদের মধ্যে মীর মশাররফ হোসেন, জলধর সেন, তন্ত্রাচার্য শিবচন্দ্র বিদ্যার্ণব, ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়, দীনেন্দ্রকুমার রায়, কবি-ঔপন্যাসিক চন্দ্রশেখর করের নাম বাংলা সাহিত্যে সুপরিচিত। কাঙালের এই মধুচক্রে বাউল-শিরোমণি লালন সাঁইয়েরও আন্তরিক যোগ ছিল। ৮.হরিনাথের শেষ জীবন অজ্ঞাতবাসের কাল। প্রায় সমাজবিচ্ছিন্ন হয়ে সাধনমার্গে তাঁর জীবনের শেষ দিনগুলো কাটে। আর্থিক, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হরিনাথ এই পর্যায়ে সমাজ-সংসার সম্পর্কে অনেকখানিই হতাশ ও নির্লিপ্ত হয়ে পড়েন। মৃত্যুর প্রায় এক যুগ আগে তিনি অনেকটাই আড়ালে চলে যান সক্রিয় কর্মজীবন থেকে অকালে অবসর নিয়ে। তাঁর কর্মের সামাজিক স্বীকৃতি বা সমর্থন থাকলে তিনি হয়তো সক্রিয় সমাজহিতেই জীবনের দিনগুলো কাটাতেন। হরিনাথ যাদের জন্য জমিদার-মহাজন-কুঠিয়াল-গোরা পল্টন-রাজকর্মচারীদের রোষের মুখে পড়েন, সেই কৃষক-প্রজা-রায়ত-পল্লিবাসী তাঁর সংকট ও বিপদে কোনো সাড়া দেয়নি কিংবা তাদের রক্ষাকবচ গ্রামবার্ত্তার প্রকাশনা বন্ধের ব্যাপারেও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। তাই এক ধরনের অভিমান, আক্ষেপ ও হতাশা তাঁকে সামাজিক চিন্তা ও কর্ম থেকে দূরে সরিয়ে ধর্মসাধনার পথে নিয়ে যায়। সমাজমনস্ক ও লোকহিতৈষী হরিনাথের এই হলো এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ও দুঃখজনক পরিণতি। হরিনাথের শেষ জীবনের এই মানস-রূপান্তর ও পরাভবের দায় সমকালীন সমাজ কোনোভাবেই এড়াতে পারে না।৯.হরিনাথের মৃত্যুর পর কেটে গেছে প্রায় ১১৫ বছর। মানুষের মন ও সমাজের অনেক দূর এগোনোর কথা। কিন্তু বাস্তবে কী দেখা যায়—পাটিগণিতের সেই জটিল অঙ্কের মতো পিচ্ছিল বংশদণ্ড বেয়ে বাঁদরের ওঠানামার মতো সমাজেরও ওই একই অবস্থা। কী শিক্ষা, কী সাংবাদিকতা, কী সমাজকর্ম, কী সাহিত্যচর্চা—সবকিছুতেই তুলনা করলে ধরা পড়বে ফাঁক ও ফাঁকি। শিক্ষা আজ পণ্যে পরিণত, অথচ হরিনাথ শিক্ষাদানকে আদর্শিক ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। সাংবাদিকতায় আজ হলুদ ছোপ লেগেছে, হরিনাথ কিন্তু প্রতিবাদ-প্রতিকার-কল্যাণের মাধ্যম হিসেবে সংবাদপত্রকে গুরুত্ব দিয়েছিলেন। কোনো কোনো ক্ষেত্রে সমাজকর্ম আজকের দিনে নাম-ফোটানোর বিলাস ও অর্থ কামাইয়ের উপায় হয়ে দাঁড়িয়েছে, অথচ এ বিষয়ে হরিনাথের চেষ্টা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক। আর আজকের সাহিত্যচর্চায় বঙ্কিম-কথিত সৌন্দর্যসৃষ্টি কিংবা লোককল্যাণের উদ্দেশ্য কতটুকু প্রতিফলিত, সেই প্রশ্ন হরিনাথের প্রয়াসের প্রেক্ষাপটে উঠতেই পারে। আমাদের একালের এক নাট্যকার—আবদুল্লাহ আল-মামুন—সামাজিক অবক্ষয় ও অধঃপতনের ছবি এঁকেছিলেন তাঁর সুবচন নির্বাসনে নাটকে। কাঙাল হরিনাথ কিংবা তাঁর সমানধর্মাদের আদর্শ সামনে রেখে আবার কি সেই নির্বাসিত-বিলুপ্ত নীতি-বিবেক-সততা-বিশ্বাস-সাহসকে ফিরিয়ে আনা একেবারে অসম্ভব?