এক ঘণ্টা ধরে চলল চোরাই পণ্য তোলা, তবু ধরা যায়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে আকস্মিক চেইন টেনে (ভ্যাকুয়াম খুলে দিয়ে) ঢাকা-চট্টগ্রাম রুটের একটি যাত্রীবাহী আন্তনগর ট্রেন অনির্ধারিত জায়গায় থামানো হলো। প্রায় এক ঘণ্টা ধরে চলল চোরাচালানের পণ্য তোলা। এ সময় ট্রেনে রেলপুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সদস্যরা ছাড়াও ছিলেন রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম)। কিন্তু ট্রেনের চোরাকারবারিদের শনাক্ত করা কিংবা তাদের মালামাল আটক করা যায়নি।জানা গেছে, গত রোববার দিবাগত রাত তিনটা ২২ মিনিটে ভারতের সীমান্ত-সংলগ্ন আখাউড়া ও গঙ্গাসাগর স্টেশনের মাঝামাঝি নির্জন জায়গায় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন থামানো হয়। একই রাতে প্রায় কাছাকাছি সময়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ঢাকা মেইল ট্রেনও ওই এলাকায় থেমে থাকে প্রায় এক ঘণ্টা। চোরাকারবারিরা ট্রেন দুটি থামিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, মসলাসহ চোরাচালানের নানা পণ্য তোলে।অভিযোগ পাওয়া গেছে, এ এলাকা থেকে ভারতীয় চোরাই পণ্য ট্রেনে করে ঢাকা ও চট্টগ্রামে যায়। আর এই চোরাই পণ্য পরিবহনের সঙ্গে ট্রেনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী, রেলপুলিশ ও ট্রেনচালকের সম্পৃক্ততা রয়েছে।রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘রোববার রাতে থামিয়ে দেওয়া চট্টগ্রামগামী ট্রেনটিতে আমি ছিলাম। কিন্তু রাত গভীর হওয়ায় বিষয়টি বুঝতে পারিনি। পরে ট্রেনের অস্বাভাবিক দেরি দেখে আমি রেলের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে পারি।’মহাব্যবস্থাপক বলেন, ‘আখাউড়া ও কুমিল্লার মাঝামাঝি জায়গায় চোরাচালানিদের ট্রেন থামিয়ে অবৈধ পণ্য তোলা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনে র্যাব, বিডিআর, পুলিশের যৌথ দল গঠন করে অভিযান চালানো হবে।’চোরাচালানে রেলের নিরাপত্তা বাহিনী ও রেলপুলিশের সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মহাব্যবস্থাপক বলেন, ‘আমি কারও নাম বলতে চাই না। আমাদের নিজেদের মধ্যেও গলদ আছে।’রেলপুলিশের সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভ্যাকুয়াম খুলে ট্রেন থামানোর পদ্ধতি বন্ধ না করা পর্যন্ত চোরাচালান ঠেকানো যাবে না।’ তবে তিনি চোরাচালানের সঙ্গে রেলপুলিশের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।রেলের নিয়ন্ত্রণকক্ষের প্রতিবেদন থেকে জানা যায়, অনির্ধারিত জায়গায় প্রায় এক ঘণ্টা থেমে থাকার কারণে চট্টগ্রাম মেইল নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘণ্টা পর চট্টগ্রামে পৌঁছায়। আর ঢাকা মেইল ঢাকায় পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর। এ ছাড়া মাঝপথে আরও দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন (৭৪২) তূর্ণা নিশিথা আখাউড়া স্টেশনে প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। একই রাতে ঢাকাগামী তূর্ণা নিশিথা (৭৪১) ইমামবাড়ি স্টেশনে ৩৮ মিনিট এবং আখাউড়া স্টেশনে ৫৪ মিনিট দাঁড়িয়ে ছিল।তদন্ত কমিটি: দুটি ট্রেন অযাচিতভাবে থাকার ঘটনা তদন্তে রেল কর্তৃপক্ষ চার সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) এ কে এম শাহনেওয়াজকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক আবু তাহের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিই।’