এক ঘণ্টা পর আবার দোকানপাট খুললো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের সব দোকানপাট আজ বুধবার এক ঘণ্টা বন্ধ করে রাখে দোকান মালিক সমিতি। শহরের ভেতরে যান চলাচল বন্ধ করে দেওয়ায় তাদের বেচাকেনা কম হচ্ছে, এমন অভিযোগে মালিক সমিতি আচমকা দোকানপাট বন্ধ করে দেয় এবং বিক্ষোভ করে। তারা শহরে আবার যান চলাচল শুরুর দাবি জানায়। পরে পুলিশ তাদের দাবি মেনে নিলে বেলা একটার দিকে আবার দোকানপাট খোলা হয়।প্রসঙ্গত, শহরের নবাব সিরাজ-উদ-দৌলা (এসএস) রোডের দুই পাশে বেশির ভাগ দোকানপাট রয়েছে। যানজট নিরসনে এবং জনগণ যাতে নির্বিঘ্নে হেঁটে ঈদের কেনাকাটা করতে পারে তাই পুলিশ গত সপ্তাহে ওই সড়কসহ শহরের বিভিন্ন সড়কে সব ধরনের রিকশা, ভ্যান, ইজিবাইক চলাচল বন্ধ করে দেয়।কিন্তু মালিক পক্ষের অভিযোগ ছিল, যান চলাচল বন্ধ থাকায় লোকজন তেমন বাজারে আসতে পারছে না। তাই তাদের বেচাকেনা কম হচ্ছে।কুষ্টিয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘জনগণের সুবিধার্থে আমরা এ সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে—এমন দাবি মেনে নেওয়া হলো। তবে এতে শহরে আবার যানজটের সৃষ্টি হবে।’দোকান মালিক সমিতির সহসম্পাদক ইয়াসিন আলী প্রথম আলোকে বলেন, যানবাহন চলাচল না করায় এ রোডের দোকানগুলোতে বেচাকেনা কম হচ্ছিল। নিরুপায় হয়ে দোকানপাট বন্ধ করতে হয়েছে। পরে সমিতির দাবি মেনে নিয়ে পুলিশ রাস্তা থেকে ব্যারিকেড তুলে নেয়।