এক ঘণ্টা পর ১০ মিনিটের জন্য বিদ্যুৎ আসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টা পর ১০ মিনিট বিদ্যুৎ, তারপর আর নেই, আবার আসে আবার যায়, এভাবেই চলছে সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার বিদ্যুৎ সরবরাহ। রাত ১১টার পর সেচকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও সে নিয়ম ভেস্তে গেছে। ফলে সেচব্যবস্থা এখন হুমকির মুখে পড়েছে। আগাম আবাদ করে কৃষকেরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।পিডিবি ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলায় মোট বিদ্যুতের চাহিদা রয়েছে ৮৭ মেগাওয়াট। এর মধ্যে পিডিবির আওতায় ছয় আর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৭৫ মেগাওয়াট। সরবরাহ পাওয়া যাচ্ছে ৩৮ মেগাওয়াট। যে কারণে প্রতিদিন ১৮ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের অবস্থা আরও নাজুক অবস্থায় রয়েছে। জেলার শাহজাদপুর, রায়গঞ্জ, কাজিপুর, বেলকুচি, উল্লাপাড়া, তাড়াশ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ক্ষণিকের জন্য। তাও আবার দীর্ঘ সময় পর পর। শহরের অবস্থাও প্রায় একই রকমের।শাহজাদপুর উপজেলার কৃষক মান্নান, উল্লাপাড়া উপজেলার কৃষক সমসের ও রায়গঞ্জ উপজেলার কৃষক আনিস জানান, এ জেলায় সব সময় আগাম ধানের আবাদ শুরু হয়। ইতিমধ্যে সব ধানে থোড় হয়ে গেছে। এ সময় সব সময় বাধ্যতামূলক সেচের প্রয়োজন। আর মাত্র ১৫ দিন জমিতে সেচ দিলে পরে অর্ধেক সেচ লাগবে। এ সময়ের জন্য বিশেষ করে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন। কিন্তু বর্তমানে এক ঘণ্টা পর পর ১০ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তও নিয়মিত নয়। আবার অনেক ফিডারে পাঁচ ঘণ্টা পর পর আধাঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। যে কারণে এবার ফসলের ভাগ্যে কী আছে একমাত্র আল্লাহই জানেন। কৃষকেরা আগাম আবাদের জন্য আগামী ১৫ দিনের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দাবি তুলেছেন।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শহীদুজ্জামান বলেন, ‘সমিতির আওতাভুক্ত ১৫ হাজার বিদ্যুিত্চালিত সেচের জন্য নয়টি উপজেলায় পিডিবির দুটি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে পিডিবির শিয়াল কোলে গ্রিড থেকে পল্লী বিদ্যুতের সাতটি ফিডারের চাহিদা ৩৩ মেগাওয়াটের স্থলে ১২ এবং পিডিবির শাহজাদপুর গ্রিড থেকে পল্লী বিদ্যুৎ সমিতির তিনটি ফিডারের চাহিদার ৪২ মেগাওয়াটের কাছে ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এ এলাকায় আগাম ধানের আবাদ হওয়ায় এই মুহূর্তে বেশি চাপ পড়ছে। দেশের মধ্যে এই জেলা বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে প্রথম অবস্থানে থাকলেও বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। তার পরও আমরা বিভিন্ন এলাকা ঘুরে ধানের অবস্থান বুঝে সেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করছি। যে কারণে রাত ১১টার পর থেকে কোনো ফিডারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’ এ সমস্যা আগামী ১৫ দিন থাকবে বলে তিনি উল্লেখ করেন।পিডিবির সিরাজগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল হক জানান, শহরের জন্য ১২ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেখানে পাওয়া যাচ্ছে চার থেকে ছয় মেগাওয়াট। ইতিপূর্বে পাঁচ মেগাওয়াটের স্পেশাল বরাদ্দ থাকলেও সেটি বাতিল করা হয়েছে। যে কারণে বাধ্য হয়ে রাতে ও দিনে লোডশেডিং করতে হচ্ছে। এ ছাড়া যেভাবে বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে, সেই আনুপাতিকভাবেই পল্লী বিদ্যুৎকে সরবরাহ করা হচ্ছে।