এক ঘণ্টা বিদ্যুৎ, এক ঘণ্টা লোডশেডিং, ২৪ ঘণ্টা ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন রাজধানীর ধানমন্ডির মধুবাগের সানজিদা আক্তার। তাঁদের এলাকায় সকাল থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় লোডশেডিং করা হচ্ছে। হঠাৎ গরমও পড়েছে। এতে সন্তানের পড়াশোনায় খুব সমস্যা হচ্ছে।মিরপুর ৬ নম্বর সেকশনের ইয়ার আহম্মেদেরও একই সমস্যা। তাঁরা গতকাল মঙ্গলবার প্রথম আলোর কার্যালয়ে টেলিফোন করে লোডশেডিংয়ের কারণে তাঁদের দুর্ভোগের কথা জানান। উত্তরা, বারিধারা, লালবাগ, যাত্রাবাড়ী ও পাটুয়াটুলী থেকেও কয়েকজন জানান, ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং তাঁদের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলছে। বাসাবাড়িতে পানি তোলায়ও সমস্যা হচ্ছে। একজন জানান, প্রতি এক ঘণ্টা পর পর লোডশেডিংয়ের ভোগান্তি তাঁদের পোহাতে হচ্ছে ২৪ ঘণ্টা।ঢাকার বাইরের অবস্থা আরও খারাপ। গ্রামাঞ্চলে ঘণ্টাখানেক বিদ্যুৎ থাকলে এরপর কয়েক ঘণ্টা থাকে লোডশেডিং। এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি হাঁস-মুরগি, গবাদিপশু ও দুগ্ধ খামারের মতো ছোট ও মাঝারি আকারের অর্থনৈতিক কার্যক্রমও মারাত্মক ব্যাহত হচ্ছে।সেচের জন্যও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না: বিদ্যুৎ মন্ত্রণালয় কিংবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বললেও, বাস্তবে সেচের জন্য কৃষক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। যেসব জেলা বোরো চাষের জন্য বিখ্যাত, সেগুলোর দুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, রাত ১১টা থেকে সেচের জন্য নিরবচ্ছিন্নভাবে যে পরিমাণ বিদ্যুৎ তাঁদের দরকার, পাচ্ছেন এর অর্ধেকের মতো। তাঁরা জানান, সপ্তাহখানেকের মধ্যে মাঠ ভেজা রাখার জন্য আরও বেশি পানি দরকার হবে। তখন বিদ্যুৎ না পেলে ধানের ক্ষতি হবে।জানা যায়, বোরোচাষ ছাড়া সাধারণভাবে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ আট ঘণ্টা। ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের আবু তালেব জানান, বিদ্যুৎ একবার গেলে তিন-চার ঘণ্টার আগে আসে না। এসে এক ঘণ্টা বা তারও কম সময় থাকে।এক ঘণ্টা পর পর লোডশেডিং: পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ করে বৃহত্তর খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালীসহ ২১ জেলায় (পল্লী বিদ্যুতের এলাকা ছাড়া)। এখানে বর্তমানে সর্বোচ্চ চাহিদা অন্তত ৬৭৫ মেগাওয়াট, কিন্তু মিলছে সর্বোচ্চ ৩২০ মেগাওয়াটের মতো। এ কারণে ওই জেলাগুলোতে এক ঘণ্টা পর পর লোডশেডিং করতে হচ্ছে বলে জানান ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক স ম হায়দার আলী। তিনি বলেন, ‘আমার অবস্থা তো খুব খারাপ। চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম হিসাব করেই ওজোপাডিকোর জন্য মোট উৎপাদিত বিদ্যুতের ১৩ দশমিক ৪ শতাংশ বরাদ্দ করা হয়েছে। সে অনুযায়ী যা পাওয়ার কথা, তার চেয়েও অনেক কম দেওয়া হচ্ছে।’ঢাকায় লোডশেডিং ৫০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে: ঢাকা মহানগরের বৃহদাংশে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি)। ডিপিডিসির পরিচালক (অপারেশন্স) এফ এম ফরিদুল হক বলেন, ‘অবস্থা খারাপ। যে পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ করা হচ্ছে, তাতে ৪০ শতাংশের মতো লোডশেডিং হয়। কিন্তু হাসপাতাল, সরকারি গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা প্রভৃতিতে লোডশেডিং করা যায় না। তাই প্রকৃত লোডশেডিং ৫০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে। কোনো কোনো অঞ্চলের ব্যবস্থাপকেরা বলছেন, স্যার, এক ঘণ্টা পর পর লোডশেডিং করেও তো কুলাতে পারছি না।’সচিবালয়েও লোডশেডিং করতে হবে: ফরিদুল হক বলেন, ‘যে অবস্থা চলছে, তাতে ডিপিডিসির প্রধান কার্যালয় বিদ্যুৎ ভবন এবং সচিবালয়কেও লোডশেডিংয়ের আওতার আনতে হবে। আজ (মঙ্গলবার) সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত করা হয়নি। তবে করতে হবে।’ডিপিডিসির সর্বোচ্চ চাহিদা প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে সন্ধ্যায় স্টিল ও রি-রোলিং কারখানা এবং রাত আটটা থেকে দোকানপাট বন্ধ করাসহ লোড ব্যবস্থাপনা করে প্রায় ৩০০ মেগাওয়াট চাহিদা কমানো হচ্ছে। বাকি এক হাজার ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে সাড়ে ৬০০ মেগাওয়াটের মতো।ঢাকার অপর অংশে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) এলাকায় সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৩০০ মেগাওয়াটেরও কম। এই প্রতিষ্ঠানের আওতাধীন কতগুলো এলাকাসহ স্থাপনাও লোডশেডিংমুক্ত রাখতে হয়। কূটনৈতিক এলাকাসহ কোনো কোনো স্থানে সীমিত লোডশেডিং করতে হয়। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ বরাদ্দ করা হচ্ছে। ফলে একেকটি এলাকায় সাত-আটবার লোডশেডিং করতে হচ্ছে।আরইবির চাহিদা-সরবরাহ: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তাদের সর্বোচ্চ চাহিদা প্রায় আড়াই হাজার মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ সরবরাহ পাচ্ছে এক হাজার ৮০০ মেগাওয়াটের মতো। প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াট ঘাটতির কারণে যে পরিমাণ লোডশেডিং হওয়ার কথা, সাধারণ গ্রাহকের ক্ষেত্রে এর চেয়ে অনেক বেশি হচ্ছে, যা গড়ে প্রায় ১০ ঘণ্টা। কারণ বোরো আবাদের জন্য সেচে বিদ্যুৎ সরবরাহের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।পিডিবির বিতরণ এলাকায় বর্তমানে সর্বোচ্চ চাহিদা এক হাজার ২০০ মেগাওয়াটের বেশি। বিতরণের জন্য পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৭০০ মেগাওয়াট। এ কারণে পিডিবির বিতরণ এলাকায়ও (ঢাকার বাইরের প্রধান প্রধান শহরাঞ্চল ও কিছু গ্রামগঞ্জ) দৈনিক অন্তত ১০ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং প্রসঙ্গে পিডিবি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে অন্যত্র সংকট হচ্ছে। তাঁরা বলেন, জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত না হওয়া পর্যন্ত লোড ব্যবস্থাপনা ছাড়া তাঁদের কিছু করার নেই। এই লোড ব্যবস্থাপনা তাঁরা করছেন। নতুন বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াও চলছে।