এক ঘণ্টায় যক্ষ্মার পরীক্ষা!
‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এ কথার আর ভিত্তি নাই’—এটা পুরোনো খবর। নতুন খবর হলো, আট সপ্তাহে নয়, মাত্র এক ঘণ্টায়ই মিলবে যক্ষ্মা পরীক্ষার ফল।সম্প্রতি যুক্তরাজ্যের হেলথ প্রটেকশন এজেন্সির এক দল গবেষক এমন তথ্য জানিয়েছেন। সংস্থাটির গবেষকেরা বলেছেন, তাঁরা এমন একটি পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যে যেকোনো ব্যক্তির শরীরে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা সম্ভব হবে। নতুন এই পরীক্ষা পদ্ধতিতে অত্যাধুনিক স্পর্শকাতর প্রযুক্তি ব্যবহার করার কথা বলা হয়েছে। হেলথ প্রটেকশন এজেন্সি দাবি করছে, তাদের উদ্ভাবিত এই বিশেষ পরীক্ষা পদ্ধতিটির মাধ্যমে মানুষের শরীরে থাকা যক্ষ্মার সামান্যতম জীবাণুও পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নিত করা সম্ভব। আর এই পদ্ধতির মাধ্যমে বিশ্বব্যাপী যক্ষ্মার ব্যাপকতা ও ক্ষতির হার সহজেই কমানো সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ যক্ষ্মার জীবাণুবাহী ব্যাকটেরিয়া বহন করে। এর মধ্যে মাত্র ৫-১০ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত হয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, শুধু ২০০৮ সালেই বিশ্বের প্রায় ১৩ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।বর্তমানে যক্ষ্মা নির্ণয়ের যেসব পদ্ধতি প্রচলিত রয়েছে তাতে সন্দেহভাজন ব্যক্তির ফুসফুসে জমে থাকা কফ পরীক্ষা করতে হয়। সংগৃহীত কফ পরীক্ষাগারে কর্ষণ করে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি নির্ণয় করা হয়। প্রচলিত এই পদ্ধতিতে যক্ষ্মা নির্ণয় করতে প্রায় আট সপ্তাহের মতো সময় লেগে যায়। এই দীর্ঘ সময় আক্রান্ত ব্যক্তি নিজে যেমন কাবু হয়ে পড়েন, তেমনি তিনি অন্যদের মধ্যেও এ রোগের জীবাণুকে সংক্রামিত করেন। এতে করে যক্ষ্মার ব্যাপকতা আরও বেড়ে যায়। হেলথ প্রটেকশন এজেন্সির মতে, যক্ষ্মা নির্ণয়ের অন্য যেসব দ্রুততর পদ্ধতি বর্তমানে প্রচলিত রয়েছে, তা পুরোমাত্রায় যক্ষ্মার জীবাণু নির্ণয়ে সক্ষম নয়। নতুন এই পদ্ধতিতে ব্যাকটেরিয়ার ডিএনএ পরীক্ষা করে মাত্র এক ঘণ্টার মধ্যে ফলাফল নির্ণয় করা যায়। হেলথ প্রটেকশন এজেন্সির গবেষকদের মতে, এই ব্যাকটেরিয়ার মধ্যেই যক্ষ্মার সব ধরনের জীবাণুর উপস্থিতি রয়েছে। হেলথ প্রটেকশন এজেন্সির এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডা. ক্যাথ আরনোল্ড। তিনি বলেন, ‘এটা একটা নতুন পরীক্ষা পদ্ধতি। আমরা আমাদের গবেষণায় জিন চিহ্নিতকরণের চেষ্টা করেছি। আমরা যতদূর জানি, যক্ষ্মার জীবাণুতে ওই জিন থাকে। আমরা বিশ্বাস করি, যক্ষ্মা নির্ণয়ে এটা খুবই কম সময় নেবে। তবে পণ্য হিসেবে এই পদ্ধতিটি বাজারে ছাড়ার আগে আমাদের আরও বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।’—বিবিসি