এক ঘণ্টার নোটিশে দেশ অচল করতে পারি: আমিনী
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী বলেছেন, নারীনীতি বাতিল করা না হলে দেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করা হবে।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আমিনী বলেন, ‘দেশে ২০ হাজার মাদ্রাসা রয়েছে। ডাকলেই তারা সাড়া দেবে। আমরা এক ঘণ্টার নোটিশে দেশ অচল করে দিতে পারি।’সমাবেশে ২০ এপ্রিল নগরে ওলামা-মাশায়েখ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে আমিনী বলেন, ২০ এপ্রিলের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ঢাকা মহানগর শাখার আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ ইসহাক, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল লতিফ নিজামী, মাওলানা শেখ লোকমান হোসেন প্রমুখ।সমাবেশে আমিনী হুমকি দিয়ে বলেন, তাঁর ছেলের ওপর নির্যাতন হলে পাল্টা হামলা চালানো হবে। তিনি বলেন, তাঁর পরিবার ধ্বংস করে দেওয়া হলেও ইসলামী আইন বাস্তবায়নের আন্দোলন থেকে তাঁরা পিছু হটবেন না।পয়লা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনের উল্লেখ করে আমিনী বলেন, ‘আমরা এ ধরনের অনুষ্ঠানের বিরোধী নই। তবে এ দিনে আমরা ইসলামবিরোধী কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।’ বাসস।