এক ঘণ্টার ভয়াবহ পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে ১৯৯৬ সালের চেয়েও ভয়াবহ ধসের আশঙ্কা পেয়ে বসেছিল গতকাল বুধবার। এদিন লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টার মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৫৪৭ পয়েন্ট বা প্রায় সাড়ে ৬ শতাংশ কমে যায়। দেশের পুঁজিবাজারের ইতিহাসে এভাবে সূচক পতনের ঘটনা আগে কখনো ঘটেনি। এর আগে ’৯৬ সালের ৫ নভেম্বর শেয়ার কেলেঙ্কারির সময় সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ৬ শতাংশের মতো সূচক কমেছিল। এই হিসাবে গতকালের সূচক পতনের ধারা ওই ঘটনাকেও হার মানাতে বসেছিল। অবশ্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দ্রুত পদক্ষেপে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। এ সময় দুই ঘণ্টার মধ্যে সূচক আবার প্রায় ৫৮৭ পয়েন্ট বেড়ে যায়। তবে দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৩৪ পয়েন্ট কমে আট হাজার ৪৫১ পয়েন্টে নেমে আসে। সূচকের এই উত্থান-পতনের ঘটনাকে অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছে খোদ এসইসি। সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেছেন, ‘দেশের শেয়ারবাজারের ইতিহাসে এই ঘটনা অভূতপূর্ব, নজিরবিহীন। কেন এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’ তবে তিনি বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, বাজারের ওপর আস্থা হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, শিল্প খাতের ঋণ শেয়ারবাজারে বিনিয়োগ নিরুৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি কঠোর করা, বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমার (সিআরআর) হার বাড়ানো ইত্যাদি নানা কারণে শেয়ারবাজার এমনিতেই দুই দিন ধরে সংশোধনের ধারায় ছিল। এর ওপর গত সোমবার এসইসি বিনিয়োগকারীদের জমা দেওয়া চেক নগদায়ন হওয়ার আগে শেয়ার কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই পদক্ষেপটির কারণেও বাজারে কিছুটা তারল্য সংকটে পড়ে। সব মিলিয়ে বাজার মূল্য সংশোধনের ধারাতেই ছিল। কিন্তু এ রকম একটি সময় এসইসি হঠাৎ করে গত মঙ্গলবার আরেকটি প্রজ্ঞাপন জারি করে বসে। এতে বলা হয়, কোনো বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার আগে বিক্রি না করে সমপরিমাণ টাকা দিয়ে অন্য কোনো শেয়ার কিনতে পারবে না। এর আগে বিনিয়োগকারীরা শেয়ার কিনে পরে হাতে থাকা শেয়ার বিক্রি করে আর্থিক সমন্বয় করতে পারতেন। মূলত এসইসির এ নির্দেশনাটির কারণে বাজারে প্রচলিত আর্থিক সমন্বয়সুবিধা বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে, আসল বিপত্তি ঘটে এখানেই। গতকাল সকাল থেকেই মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তাদের যেসব গ্রাহকের নগদ ক্রয়ক্ষমতা নেই, হাতে থাকা শেয়ার বিক্রি না করা ছাড়া অন্য কোনো শেয়ার কিনে দিতে রাজি হননি। আর এতে বাজারে একসঙ্গে অনেক বিক্রি চাপ বেড়ে যায়। অন্যদিকে চেক নগদায়ন হওয়ার আগে শেয়ার কেনার সুযোগ না থাকায় ক্রয় চাপ ছিল না বললেই ছিল। ফলে সূচক দ্রুতগতিতে কমতে শুরু করে। এতে দেশব্যাপী ছড়িয়ে পড়া ব্রোকারেজ হাউসগুলোর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা সূচক পতনের গতিকে আরও ত্বরান্বিত করে।পরে এসইসি দুপুর ১২টার দিকে গত দুই দিনে জারি করা নির্দেশনা স্থগিত করার ঘোষণা দিলে বাজার আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। যোগাযোগ করা হলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এসইসির এসব সিদ্ধান্তের কারণে বাজার এভাবে পড়ার কোনো কারণ নেই। আবার সিদ্ধান্তটি স্থগিত করার ঘটনায় বাজার বাড়ারও কোনো সংগত কারণ ছিল না। এতে প্রমাণিত হয়, বাজার যখন মৌলভিত্তিকে ছাপিয়ে অতিমূল্যায়িত হয়ে যায়, তখন অনেক ছোটখাটো ঘটনায় বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তাই যেকোনো সময় বড় ধরনের মূল্য সংশোধনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে এসইসির দ্বিতীয় নির্দেশনাটি জারি করা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, এই নির্দেশনাটি জারি করার ব্যাপারে এসইসির চেয়ারম্যান মোটেও অবহিত ছিলেন না। তাঁকে না জানিয়েই সংস্থাটির সদস্য মনসুর আলম একজন নির্বাহী পরিচালককে দিয়ে আদেশটি জারি করান। মনসুর আলম অবশ্য প্রথম আলোর কাছে দাবি করেছেন, চেয়ারম্যান কার্যালয়ে না থাকার কারণে বিষয়টি আগে জানানো সম্ভব না হলেও পড়ে তাঁকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে এসইসির চেয়ারম্যান মনসুর আলমকে কারণ দর্শানোর লিখিত নোটিশ দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকে মনে করেন, বাজার-সম্পর্কিত বিভিন্ন নীতি প্রণয়নে এসইসির চেয়ারম্যানের ওপর বেশ কিছু দিন ধরে সরকারের একজন প্রভাবশালী সাংসদ চাপ প্রয়োগ করে আসছেন। কিন্তু সেই কাজে সফল না হয়ে তাঁকে বিপদে ফেলতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আবার বিনিয়োগকারীদের অনেকে মনে করেন, শেয়ারের দাম কমিয়ে একটি পক্ষকে কেনার সুযোগ করে দিতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটনা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দিনের শুরুতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্য থেকেও বিক্রির চাপ তৈরি হয়। এসইসি ও ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল লেনদেন শুরুর প্রথম সোয়া এক ঘণ্টায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির শীর্ষে ছিল চার প্রতিষ্ঠান। এগুলো হলো মাল্টি সিকিউরিটিজ, এনসিসি, আইডিএলসি এবং রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। মাত্র সোয়া এক ঘণ্টার (সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত) মধ্যে মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ এই চার প্রতিষ্ঠান মিলেই করে। জানা গেছে, এসব প্রতিষ্ঠান ব্যক্তি বিনিয়োগকারীর পাশাপাশি অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও নিজস্ব পোর্টফোলিও বিনিয়োগ রক্ষণাবেক্ষণ করে থাকে। দিনের প্রথম দিকে আইসিবি বিক্রেতার ভূমিকায় থাকলেও দুপুরের পর বাজারের ব্যাপক পতন ঠেকাতে এ প্রতিষ্ঠানটি ক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দিনশেষে প্রতিষ্ঠানটি সাড়ে ছয় কোটি টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ১০ কোটি টাকার শেয়ার। আরও জানা যায়, দুপুরের পর বাজারের পতন ঠেকাতে এসইসির পক্ষ থেকে বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে শেয়ার কেনার অনুরোধ জানানো হয়। যদিও এসইসির পক্ষ থেকে এর কোনো সত্যতা স্বীকার করা হয়নি। এসইসির অনুরোধে দুপুরের পর অনেক প্রতিষ্ঠান শেয়ার কেনা শুরু করে। এতে করে সূচকের পতন কিছুটা রোধ হয়। যদিও দিনশেষে সূচক ঋণাত্মকই ছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিনশেষে গতকাল ডিএসইতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার দিক থেকে শীর্ষে ছিল আইসিবি, এবি সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ ও প্রিমিয়ার ব্যাংক। এই চার প্রতিষ্ঠান মিলেই গতকাল ২১৫ কোটি টাকার শেয়ার কেনে।