‘সকাল নয়টার দিকে দেখি কোয়ার্টার গার্ডের গার্ড কমান্ডার শাহজাহান মাতুব্বরের সামনে ১০-১২ জন জওয়ান বসে আলাপ করছে। পরিচয় জানতে চাইতেই তারা আমাকে গালিগালাজ করে কিলঘুষি মেরে মাটিতে শুইয়ে দেয়। এরপর হাত-পা-মুখ বেঁধে ফেলে। পাশের একটি কক্ষে নিয়ে আমাকে উপুড় করে শুইয়ে গলাটিপে হত্যার চেষ্টা করে। কমান্ডারের কাছ থেকে চাবি নিয়ে অস্ত্রাগার খুলে লুট করে সব অস্ত্র। মাত্র এক ঘণ্টার মধ্যে খালি হয়ে যায় অস্ত্রাগারের সাড়ে তিন হাজার অস্ত্র।’২৫ ফেব্রুয়ারি (২০০৯) বিদ্রোহের দিন বিডিআরের কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা লে. কর্নেল রিয়াজুল করিম এভাবেই সেদিনের অস্ত্র লুটের বিবরণ দেন। তিনি বলেন, সেদিন কোয়ার্টার গার্ডের দায়িত্বে থাকা জওয়ানেরা নিজেদের দায়িত্ব পালন না করে সুরক্ষিত কোয়ার্টার গার্ডে বিদ্রোহীদের প্রবেশের সুযোগ করে দেয়। রিয়াজুল করিম কোয়ার্টার গার্ডে নারী ও শিশুদের আটকে রাখার বিবরণ দিতে গিয়ে আদালতের মধ্যে কেঁদে ফেলেন। এ সময় উপস্থিত সবার চোখ ভিজে আসে। আদালত সাক্ষীকে তাঁর আবেগ সংবরণ করতে বলেন।পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে করা মামলায় বৃহস্পতিবার আরও তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় আট সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আদালত-৭-এর কার্যক্রম শুরু হয় বেলা সোয়া ১১টায়। অষ্টম সাক্ষীর জেরা অসমাপ্ত রেখে বেলা পৌনে তিনটায় আদালতের কার্যক্রম শেষ হয়।গতকাল আদালতের কার্যক্রমের শুরুতেই মামলার পঞ্চম সাক্ষী সেপাই ফরিদ আফ্রাদকে পাঁচ আসামি জেরা করেন। বুধবার মামলার অন্য আসামিরা তাঁকে জেরা করেন। এরপর সাক্ষ্য দেন লে. কর্নেল এস এম আবদুস সালাম। তিনি আদালতে বলেন, দরবার হলে বিশৃঙ্খলা হলে তিনি নূর মোহাম্মদ রাইফেলস স্কুলের মাঠের ভেতর দিয়ে নিজের ইউনিটে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন সেপাই তাঁকে ধরে টানাহেঁচড়া করতে থাকেন। তিনি দেখতে পান, মেজর মামুনকে কয়েকজন সেপাই নির্যাতন করতে করতে নিয়ে যাচ্ছেন। পরে মেজর মামুনের মৃতদেহ পাওয়া যায়। তিনি কয়েকজন জওয়ানের নামও বলেন। এ সময় ভিডিওতে ওই জওয়ানদের ছবি দেখানো হয়। এর মধ্যে ছিলেন সেপাই শামীম আল মামুন। ভিডিওতে দেখা যায়, তাঁর হাতে একটি কাগজ, তাতে লেখা, ‘বিএসএফ সীমান্ত দখল করেছে, এ কারণে সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়েছে।’ ভিডিও প্রদর্শনের পর আদালত জুয়েলের কাছে জানতে চান, এ ছবি তাঁর কি না। জুয়েল অস্বীকার করেন।এরপর সাক্ষ্য দেন মেজর ইশতিয়াক আহমেদ। তিনি আদালতে বলেন, ‘দরবার হলে বিশৃঙ্খল অবস্থার পর লক্ষ্য ছাড়াই দৌড়াতে থাকি। তখন দেখি, অস্ত্র নিয়ে সৈনিকেরা দৌড়াদৌড়ি করছে। একপর্যায়ে উজ্জ্বল নামের এক সৈনিক আমাকে বলে, “স্যার, আমার সঙ্গে চলেন। না হলে ওরা আপনাকে মেরে ফেলবে।” উজ্জ্বলের সঙ্গে আমি তার বাসায় যাই। সে আমাকে আশ্রয় দেয়। ওই বাসায় গিয়ে দেখি, নায়েক ইকরামুল মাইকিং করে বলছে, “ডিজিকে মারা হয়েছে। সব অফিসারকে মেরে ফেলা হবে।” সন্ধ্যার দিকে টিভিতে দেখি, কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশের ছবি দেখাচ্ছে। আমার মনে হলো, আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। আমার স্ত্রী এসএমএস দিয়ে জানায়, আমার রানার রহিম তাকে ফোন করে বারবার আমার অবস্থান জানতে চেয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত উজ্জ্বলের বাসায় থাকি। এরপর উজ্জ্বল আমাকে আর রাখতে চায় না। বাসা থেকে বের হয়ে অফিসার্স মেসের দিকে যেতে চাইলে কেউ আমাকে চিনতে পারে। এরপর ধরে নিয়ে যায়।’এসব কথা বলতে গিয়ে ইশতিয়াক কান্নায় ভেঙে পড়েন। বলেন, ২৪ রাইফেলের গোলঘরের অস্ত্র নিয়ে সেপাই আলাউদ্দিন বসে ছিল। তার নির্দেশে জওয়ানেরা তাঁকে কোয়ার্টার গার্ডে নিয়ে যান। তিনি বলেন, ‘সেখানে আমার রানার রহিমকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘুরতে দেখি। কোয়ার্টার গার্ডে আমি ছিলাম খালি গায়ে। এক মহিলা একটি ওড়না দিলে সেটা গায়ের ওপর দিয়ে থাকি। ২৬ ফেব্রুয়ারি বিকেলে সেই ওড়না গায়ে দিয়ে বের হই।’ ভিডিওতে সেই ছবি দেখানো হয়।মেজর ইশতিয়াককে অন্য জওয়ানদের সঙ্গে তাঁর রানারও প্রশ্ন করেন। রানার রহিম তাঁকে বলেন, ‘স্যার, বিদ্রোহের দিন আপনার সঙ্গে আমার কয়টায় দেখা হয়?’উত্তর: সকাল সাড়ে আটটায়।প্রশ্ন: এরপর কি আপনার সঙ্গে আর কথা হয়েছিল?উত্তর: হতে পারে।প্রশ্ন: আপনি ফোনে উত্তরে কি বলেছিলেন?উত্তর: স্মরণ নেই।প্রশ্ন: ফোনে কথা বলার পর কি আমার সঙ্গে আপনার দেখা হয়েছে?উত্তর: তোমাকে টিভিতে অস্ত্র জমা দিতে দেখি।প্রশ্ন: ২৬ ফেব্রুয়ারি কোয়ার্টার গার্ডে কি আপনার সঙ্গে আমার দেখা হয়েছে?উত্তর: হ্যাঁ হয়েছে। প্রশ্ন: আপনি কোয়ার্টার গার্ডের কোথায় অবস্থান করছিলেন?উত্তর: সেটা ভিডিওতে দেখানো হয়েছে।প্রশ্ন: আপনি কি টয়লেটে যেতে চেয়েছিলেন?উত্তর: অনেকের কাছে চেয়েছিলাম।প্রশ্ন: আপনি কি আমার কাঁধে ভর দিয়ে টয়লেটে যাননি?উত্তর: মনে নেই।প্রশ্ন: গার্ড রুমে আপনি কি খিচুড়ি খেয়েছিলেন?উত্তর: না।প্রশ্ন: আপনি আপনার স্ত্রীকে ফোন করে আপনার খবর দিতে বলেছিলেন?উত্তর: না।প্রশ্ন: আমি কি কোয়ার্টার গার্ডের ভেতর ঢুকে আপনার সঙ্গে দেখা করিনি?উত্তর: অনেকে চোখের মজা নেওয়ার জন্য এসেছিল। অফিসাররা কী করছে তা দেখার জন্য।প্রশ্ন: আমার কাছে কি অস্ত্র ছিল?উত্তর: স্মরণ নেই।এ সময় বিচারক জানতে চান, কমান্ডারকে দেখার পর তাঁকে উদ্ধারের চেষ্টা করেননি কেন? জবাবে রানার রহিম বলেন, স্যার, ওই সময় পিলখানায় কারও নিয়ন্ত্রণ ছিল না।এরপর কোয়ার্টার গার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা রিয়াজুল করিম তাঁর সাক্ষ্য দেন। তিনি বলেন, ঘটনার দিন কোয়ার্টার গার্ডে দায়িত্বে থাকা ১১ জনের একজন ছাড়া সবাই বিদ্রোহীদের সহায়তা করেছেন। কোয়ার্টার গার্ডের সবাই তাঁকে জেরা করেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গার্ড কমান্ডার শাহজাহান মাতুব্বর। তিনি লে. কর্নেল রিয়াজুল করিমকে প্রশ্ন করেন, ‘ঘটনার দিন আমি কি আপনাদের কোয়ার্টার গার্ডে প্রতিবেদন দিয়েছিলাম?’উত্তর: হ্যাঁ।প্রশ্ন: অস্ত্রের প্রতিবেদন দিয়েছিলাম?উত্তর: হ্যাঁ।প্রশ্ন: বিদ্রোহের সকালে কোয়ার্টার গার্ডের সামনে দিয়ে মহাপরিচালক দরবারে গিয়েছিলেন, সেটা জানেন না?উত্তর: মনে নেই।প্রশ্ন: সকাল সাড়ে নয়টায় সৈনিকেরা কোয়ার্টার গার্ড আক্রমণ করলে আমি চিৎকার করেছিলাম?উত্তর: শুনিনি।প্রশ্ন: কোয়ার্টার গার্ডে তো কর্মকর্তারা ডিউটি করেন না। সেদিন কেন এলেন?উত্তর: কর্তৃপক্ষের আদেশে।প্রশ্ন: আপনার চোখ-মুখ ও হাত-পা বাঁধা ছিল। কী করে দেখলেন, এক ঘণ্টায় অস্ত্র লুট হয়েছে?উত্তর: আমি কথা শুনতে পাচ্ছিলাম।প্রশ্ন: অস্ত্রাগারের চাবি কার কাছে ছিল?উত্তর: আপনার কাছে ছিল।এ পর্যায়ে বিচারক জানতে চান, ওই দিন অস্ত্রাগার লুট হয়েছিল কি না। উত্তরে শাহজাহান মাতুব্বর বলেন, আমি সেটা জানি না।এরপর আরও কয়েকজন সেপাই সাক্ষীকে জেরা করেন। অষ্টম সাক্ষীর সাক্ষ্য শেষে দুপুর দেড়টার দিকে আদালত ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।