এক ঘরে মেয়ের লাশ, পাশের ঘরে হাত-পা বাঁধা মা
বাসার এক ঘরে মেয়ে নিশাত বানুর (৪৬) লাশ, পাশের ঘরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মা খালেদা বানু (৭৩)। প্রায় দুই দিন এভাবে কেটেছে খালেদা বানুর। গতকাল বৃহস্পতিবার সকালে নিজেকে বাঁধনমুক্ত করে খালেদা ঘর থেকে বেরিয়ে আশপাশের লোকজনকে জানান। পরে পুলিশ গিয়ে মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে।মা-মেয়েকে বেঁধে ফেলার পর দুর্বৃত্তরা মেয়েকে পাশের ঘরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। রাজধানীর তোপখানা রোডের তিনতলা একটি বাড়ির নিচতলায় গত মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তরা ওই বাসা থেকে জমির দলিল, ৪০ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় ওই বাড়িসংলগ্ন খাবার হোটেলের মালিক দুই ভাইকে আটক করেছে পুলিশ।শাহবাগ থানার পুলিশ জানায়, ওই বাসায় খালেদা বানু ও তাঁর এক মেয়ে থাকতেন। মঙ্গলবার রাত আটটার দিকে তিন যুবক ওই বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে এবং মারধরের পর কাপড় দিয়ে হাত-মুখ ও পা বাঁধে। যুবকেরা একপর্যায়ে নিশাতকে পাশের ঘরে নিয়ে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তারা আলমারি, ওয়ার্ডরোব খুলে জমির দলিল, ৪০ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার লুট করে বুধবার ভোরের দিকে চলে যায়। খালেদা অন্য ঘরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিলেন। তিনি সাহায্যের জন্য হাত-পা ছোড়াছুড়ি ও গোঙালেও বাইরে শব্দ না যাওয়ায় কেউ টের পায়নি।পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নূরুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় সাইফুল ইসলাম ও তাঁর ভাই সেলিম তালুকদারকে আটক করেছে। তাঁরা পাশের হোটেলের মালিক প্রয়াত মনিরুজ্জামানের ছেলে।গতকাল দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, এক ঘরে নিশাতের লাশ পড়ে আছে। অন্য ঘরের মেঝেতে বসে কাঁদছেন খালেদা বানু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করছেন। আলমারি, ওয়ার্ডরোব খোলা, মেঝেতে কাপড়চোপড় ও অন্যান্য জিনিস পড়ে আছে।খালেদা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে তাঁরা নামাজ পড়ার সময় সিঁড়িসংলগ্ন দরজা দিয়ে তিন যুবক বাসায় ঢোকে। তারা তাঁদের মারধর করে বেঁধে ফেলে। তারা গলায় কাপড় পেঁচিয়ে তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করে। তারা নিশাতকে উপর্যুপরি লাথি মারে। পরে সবকিছু লুট করে ভোরের দিকে তারা বেরিয়ে যায়। তিনি বলেন, ‘দুই দিন পাশের ঘরেই পড়ে ছিল মেয়ের লাশ। আমি চিৎকার, কান্নাকাটি করলেও কেউ আসেনি। বুধবার মধ্যরাতে পায়ের বাঁধন খুলে কোনোমতে পাশের মেসের একজনকে জানাই। কিন্তু সে কিছু করেনি। সকালে দরজা খুলে আশপাশের লোকজনকে জানাই।’দেখা যায়, ওই বাড়ির নির্মাণাধীন তৃতীয় তলা উন্মুক্ত। দ্বিতীয় তলা খালি। বাড়ির পাশে টিনশেডের বেশ কয়েকটি মেস ও একটি খাবারের হোটেল (মনির হোটেল নামে পরিচিত)। পুলিশের ধারণা, টিনশেড ঘরের ওপর দিয়ে তিনতলায় উঠে দুর্বৃত্তরা সিঁড়ি দিয়ে নিচতলায় গিয়েছিল। একইভাবে তারা বেরিয়েও গেছে।খালেদা বলেন, ওই মেস ও খাবার হোটেলের জমিও তাঁর। ১৯৮৩ সালের দিকে মনিরুজ্জামানকে তিনি খাবারের হোটেল করতে দোকান ভাড়া দিয়েছিলেন। বেশ কয়েক বছর মনিরুজ্জামান দোকানের ভাড়া দিলেও পরে তা বন্ধ করে দিয়ে জায়গাটি দখলের চেষ্টা চালান। এ নিয়ে তিনি নিম্ন আদালতে মামলা করলে রায় তাঁর পক্ষে আসে। পরে মনিরুজ্জামান উচ্চ আদালতে আপিল করেন। কয়েক মাস আগে মনিরুজ্জামান মারা গেলেও তাঁর ছেলে সাইফুল ও সেলিম হোটেলটি দখল করে আছেন। তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সন্ধ্যায় বলেন, সাইফুল ও সেলিমকে আটক করা হলেও ডিবি পুলিশ তাঁদের নিয়ে গেছে। হত্যার ঘটনায় বিকেলে মামলা হয়েছে।যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান ওই দুজনকে ডিবির নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মনির হোটেলের ব্যবস্থাপক জালাল উদ্দিন বলেন, ‘উচ্চ আদালতের রায় মনিরুজ্জামানের পক্ষে এসেছে বলে জানি।’খালেদার ভগ্নিপতি জি এম ফারুক বলেন, খালেদার তিন মেয়ের মধ্যে নিশাত মেজো। ১০ বছর আগে নিশাতের বিয়ে হলেও পরে তালাক হয়ে যায়। এর পর থেকে তিনি মায়ের সঙ্গেই থাকতেন। খালেদা বানুর বড় মেয়ে কানাডায় ও ছোট মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। খালেদার স্বামী আবুল কাশেম বেশ কয়েক বছর আগে ভারতে মারা যান। এ বাড়িটি খালেদার পৈতৃক জায়গায়। বাড়িটি তিন মেয়ের নামে দিয়েছেন। এ ছাড়া তাঁদের নামে সাভার, উত্তরাসহ বিভিন্ন জায়গায় জমি কিনেছেন। তিনি বলেন, খালেদা বানুরা আট ভাইবোন। অন্য ভাইবোনদের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না।পারিবারিক সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর নিশাতের মরদেহ রাত আটটার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।