এক চড়ে এক হাজার রুপি
স্বামীকে একটি চড় দিতে পারলেই পাওয়া যাবে এক হাজার রুপি। তবে এ ক্ষেত্রে শর্ত হচ্ছে সেই স্বামীকে মদ্যপ অথবা স্ত্রী নির্যাতনকারী হতে হবে। আর যদি মদ্যপ ও নির্যাতনকারী স্বামীকে স্ত্রী একটি চড় দিতে পারেন, তবেই মিলবে এক হাজার রুপি!এটা গল্প নয়, এমনই ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের মন্ত্রী টি জি ভেংকটেশ। প্রথমে তিনি এ ব্যবস্থা চালু করেছেন তাঁর নিজের নির্বাচনী এলাকা কর্নুলে। বলেছেন, আমি চাই মদ্যপ বা স্ত্রী নির্যাতনকারী স্বামীকে এভাবেই শায়েস্তা করা হোক। মন্ত্রী অবশ্য ঘোষণা দিয়েছেন, যতবার চড় দেবেন ততবার তাঁকে দেওয়া হবে এক হাজার রুপি। তবে তা কোনোক্রমেই ১০ হাজার রুপির বেশি হতে পারবে না। এ ঘোষণায় ভালোই সাড়া মিলেছে। ইতিমধ্যে ওই মন্ত্রী নিজের পকেট থেকে ২১০ জন স্বামীকে চড় মারার জন্য এক হাজার রুপি করে পুরস্কার দিয়েছেন। মন্ত্রী এখন চাইছেন অন্ধ্র প্রদেশের সর্বত্র এ ব্যবস্থা চালু করতে। মন্ত্রী টি জি ভেংকটেশ আশা করছেন, এতে স্ত্রীদের ওপর স্বামীর নির্যাতন কমবে এবং মদ্যপানও কমে আসবে।