এক জনবলের এক পৌরসভা!
প্রায় পাঁচ বছর আগে পৌরসভা ঘোষণা করা হয়। পৌর প্রশাসক নিয়োগ করে যথারীতি প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে তারও প্রায় এক বছর পর। রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত পৌর প্রশাসক দ্রুত দায়িত্ব কাঁধে নিয়ে ভাড়া করা একটি কক্ষে বসে প্রশাসনিক কার্যক্রম চালিয়েছিলেন মাত্র আড়াই মাস। তারপর পৌর প্রশাসক পদে থাকা ব্যক্তির নিযুক্তি মন্ত্রণালয় থেকে বাতিল হলে অতিরিক্ত দায়িত্ব গিয়ে বর্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর। উপজেলা প্রশাসনিক কাজের মধ্যে পৌর প্রশাসনের আলাদা কিংবা বাড়তি এ দায়িত্ব পালন আর যথাযথ হয় না। তাই পৌর প্রশাসনের যাবতীয় কাজ চালাতে হয় পৌরসভার জনবলকেই।না, এই জনবল বলতে কোনো সমষ্টি নয়; কর্মরত আছেন মাত্র একজন! পৌরসভার উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ওই একজন হচ্ছেন মো. হারুন রশিদ। আর কোনো পদই নেই, লোক নিয়োগও নেই। এমনকি মাস্টার রোলে কিংবা অস্থায়ীভাবে কোনো কর্মচারীও নেই। এক জনবলের এক পৌরসভা হচ্ছে সিলেটের কানাইঘাট। ২০০৫ সালে ঘোষণার এক বছর পর ২০০৭ সালে পৌরসভার গেজেট প্রকাশের পর থেকে এক জনবলের একজনমাত্র কর্মকর্তা দিয়েই চলছে এ পৌরসভা। নাগরিক-সুবিধা নিশ্চিত হওয়ার আগে স্থানীয় জনসাধারণ চায়, পৌরসভার এই নামমাত্র প্রশাসনিক কাঠামোর দীনতার পরিবর্তন।সেই ঘোষণা: বিগত চারদলীয় জোট সরকারের প্রভাবশালী ব্যক্তি হারিছ চৌধুরী কানাইঘাটের সন্তান। সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে এলাকার উন্নয়নে তিনি অবদান রাখতে ২০০৫ সালের দিকে উদ্যোগী হন। মন্ত্রী-সাংসদের মতো তিনিও রুটিন করে সরকারি সফরে কানাইঘাট আসতেন আর সরকারি উন্নয়নকাজ তদারক করতেন। ওই সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে হারিছ চৌধুরীর যাওয়া-আসার বিষয়ে অনেকেই নিশ্চিত ছিলেন। এই সুযোগে কানাইঘাটের প্রশাসনিক কাঠামো পরিবর্তনের দাবি ওঠে।পার্শ্ববর্তী উপজেলা জকিগঞ্জ পৌরসভায় উন্নীত হওয়ায় কানাইঘাটকেও পৌরসভায় রূপান্তর করার দাবি ওঠে। তৎকালীন ক্ষমতাধর হারিছ চৌধুরী ক্ষমতার দাপটে ২০০৫ সালের ২৫ অক্টোবর কানাইঘাটকে পৌরসভা করার ঘোষণা দেন। এ ঘোষণার প্রায় এক বছর পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২৮ ফেব্রুয়ারি গেজেট জারি হয়। প্রথম পৌর প্রশাসক নিযুক্ত হন হারিছ চৌধুরীর চাচাতো ভাই বর্তমানে কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী।পৌর প্রশাসকের কার্যালয়: কানাইঘাট মধ্যবাজার এলাকার ব্যক্তিমালিকানাধীন ‘নোয়াম সেন্টার’ নামের চারতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রথম পৌর প্রশাসক আশিক চৌধুরী আড়াই মাস পৌর কার্যালয় পরিচালনা করেছেন। মাসিক পাঁচ হাজার টাকা ভাড়ায় পৌর প্রশাসক কার্যালয়টি নিলেও সেটির ভাড়া এখনো পরিশোধ করা হয়নি। তত্ত্বাবধায়ক সরকার আমলের মধ্যবর্তী সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশিক চৌধুরীর নিয়োগ বাতিল হলে উপজেলা প্রশাসনের অধীনে চলে যায় পৌরসভা কার্যক্রম। সেই থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানাইঘাটের ইউএনও নামমাত্র পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।ভাড়া করা প্রথম পৌর প্রশাসকের কার্যালয়ের সেই ভবন নোয়াম সেন্টারের পরিচালক বিলাল আহমদ জানান, দুই মাস ১৫ দিনের ভাড়া এখনো অপরিশোধিত রয়েছে। যিনি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, তিনি আর পৌর প্রশাসক পদে নেই বলে ভাড়ার টাকা আদায়ের বিষয়টিও চাপা পড়ে গেছে।অস্বস্তি ও স্বস্তি: ইউএনও পৌর প্রশাসকের দায়িত্বে থাকায় তাঁর দপ্তরের পাশের একটি কক্ষে চলছে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম। কোনো সাইনবোর্ডও নেই। খোঁজ করতে গিয়ে পাওয়া যায় দায়িত্বপ্রাপ্ত একমাত্র কর্মকর্তা মো. হারুন রশিদকে। তিনি কানাইঘাটবাসীর কাছে ‘পৌরসভার ইঞ্জিনিয়ার’ নামে পরিচিত। শুরু থেকেই তিনি এ দায়িত্বে রয়েছেন। কানাইঘাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী পদ দিয়েই তাঁর চাকরিজীবন শুরু। ৯ নভেম্বর দুপুরবেলা তাঁর কক্ষে বসে আলাপ হয়। ‘আমি একলাই আছি, একলাই চালাই...’ বলে তিনি পৌরসভা কার্যক্রমের নামমাত্র পরিচালনার বিষয়টি স্বীকার করেন। দাপ্তরিক কাজ সম্পন্ন করতে বছর বছর বাজেট হয়, কিন্তু এ বাজেটে কোনো বরাদ্দ নেই। চলতি বছর এক কোটি চার লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। কোনো আয় না থাকার জন্য ব্যয়ও নেই বলে জানান তিনি।এক জনবলের এক পৌরসভার এমন হাল সম্পর্কে রসিকতা করে উপজেলা প্রশাসনের অন্য একটি দপ্তরের একজন কর্মকর্তা জানান, গেজেটে প্রকাশ হওয়ার পর কানাইঘাট পৌরসভা আর আছে কি না, এই নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সন্দেহ ছিল। সম্প্র্রতি স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন থেকে একটি চিঠি এলে ওই সন্দেহ কেটে যায়।এ ব্যাপারে মো. হারুন রশিদ জানান, এ রকম দোলাচল ছিল, তবে গত বছরের ৩ মার্চ নির্বাচন কমিশন সচিবালয় থেকে পৌরসভা নির্বাচন করার উপযোগিতা জানতে চেয়ে একটি চিঠি (স্মারক এ-১) আসে। ‘পৌর নির্বাচন করার উপযোগিতা আছে’ বলে ২৩ মার্চ ওই চিঠির জবাব যথারীতি পত্রের মাধ্যমে (স্মারক/পৌর/কানাই-২০০৯-১৫) দেওয়া হয়েছে। বিষয়টি অবশ্যই স্বস্তিদায়ক বলে জানান তিনি।কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার প্রশাসন পরিচালনা সম্ভব নয়। তাই আমরা চাই, পৌরসভার নির্বাচন এবং নির্বাচিত জনপ্রতিনিধি পৌরসভার কাঠামো তৈরি করুক।’ একই মত প্রকাশ করেন পৌর বিএনপির সভাপতি ইফজানুর রহমান। তাঁর মতে, শুরুতে নির্বাচিত জনপ্রতিনিধি হলে এই দুরবস্থা আর থাকত না।সমস্যা অন্তহীন: কানাইঘাট পৌরসভা হিসেবে নথিতে রয়েছে লোকসংখ্যা ২০ হাজার ৬০১। আয়তন চার হাজার ৬২৩ দশমিক ৯৫ একর। নয়টি ওয়ার্ড এবং সংরক্ষিত নারী ওয়ার্ড-চিহ্নিত এলাকাও রয়েছে। পৌর এলাকাভুক্ত রাস্তাঘাট হিসেবে কাঁচা, পাকা আর ইটের সলিং মিলে রাস্তার দৈর্ঘ্য ২৫ কিলোমিটার। নালা আর কালভার্ট রয়েছে ৩০টি। কানাইঘাট সদর সুরমা নদী দ্বারা বিভক্ত হওয়ায় অবকাঠামোয় রয়েছে নদীর এপার-ওপারের বৈপরীত্য। সরেজমিন ঘুরে দেখা গেছে, সমস্যা অন্তহীন। এর মধ্যে নদীভাঙন প্রকট। পৌর এলাকার উত্তর গোবিন্দপুর পুরোটাই নদীভাঙনের মুখে। রাস্তার ভাঙাচোরা অবস্থা এবং রাস্তার পাশের নালা ময়লা-আবর্জনায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নন্দীরাই এলাকার রাস্তায় বিভিন্ন স্থানে বড় বড় ফাটল এবং কোনো কোনো জায়গায় রাস্তার ঢালাইয়ে ব্যবহূত রড ঝুঁকিপূর্ণ অবস্থায় বের হয়ে গেছে। এ রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন রাস্তার রড বের হয়ে থাকার এই অবস্থাকে ‘রাস্তার হাড়’ বলে তিক্ততা প্রকাশ করে।একইভাবে অভ্যন্তরীণ রাস্তাগুলো ফুটপাতের ব্যবসায়ীদের দখলে থাকে প্রতি হাটবারে। শনি ও মঙ্গলবার কানাইঘাট বাজারে হাটবার নির্ধারিত। এই দুদিন বিকেলে মূল রাস্তা দিয়ে ছোটখাটো যানবাহনও চলাচল করতে পারে না ফুটপাতে দোকানিদের পসরার কারণে। পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. হারুন রশিদ জানান, নতুন একটি পৌরসভার দৃষ্টিকোণ থেকে কানাইঘাটে সমস্যা অন্তহীন। পৌর প্রশাসনিক কাজ শুরু হলে ধীরে ধীরে এ সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।প্রথম পৌর প্রশাসক যা বলেন: পৌরসভা ঘোষণা যথাযথ হয়েছে। মানুষের দাবি ছিল, তাই ঘোষণা করে উন্নয়নের ধাপগুলো পূরণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দল ক্ষমতায় না থাকায় কিছুটা অব্যবস্থা দেখা দিয়েছে। তবে কানাইঘাটকে নিয়ে সম্ভাবনা কিন্তু ফুরিয়ে যায়নি। স্থানীয় সরকারের মাধ্যমে পরিকল্পনা করে এগোলে কাজ হবে। মানুষও সুফল পাবে। এভাবেই বলছিলেন কানাইঘাট পৌরসভার প্রথম পৌর প্রশাসকের দায়িত্ব পালনকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী।২০০৬ সালের ২৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আশিক চৌধুরী পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। ইউএনওকে দায়িত্ব বুঝিয়ে দিতে মন্ত্রণালয় থেকে তাঁর প্রতি নির্দেশনা আসায় তিনি ওই বছরের ১৯ সেপ্টেম্বর দায়িত্ব বুঝিয়ে দেন। তিনি জানান, হারিছ চৌধুরী এলাকাবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে গিয়ে দ্রুততার সঙ্গে এ কাজ করেছিলেন। কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই পরিপূর্ণভাবে করা সম্ভব হয়নি।এক প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন, ‘আমি মনে করি, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার এমন হাল হয়েছে। আমার গ্রহণযোগ্যতা আছে বলেই তো পরবর্তী সময় উপজেলা নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।’