এক টাকার অভাব!
‘বাসে এক টাকা দুই টাকা খুচরার অভাবে যাত্রীদের ঠকতে হয়।’ বলছিলেন ওয়ারীর বাসিন্দা আনিসুজ্জামান। নগরের বাজারে খুচরা টাকার সংকট চলছে কয়েক বছর ধরেই। খুচরা টাকা পাওয়া যায় কম। আবার এক টাকা ও দুই টাকার কাগুজে নোটের বেশির ভাগই ছেঁড়াফাটা। ফলে এগুলো নিতে চায় না অনেকে। খুচরা টাকার সংকট কমাতে বাংলাদেশ ব্যাংক কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর।নয়াবাজারের ডিআইটি মার্কেটের ফুটপাতে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিলেন মিটফোর্ডের ব্যবসায়ী মিনার আহমেদ। রেস্তোরাঁর কর্মী ভাংতি টাকার সংকটের কথা বলে তাঁকে ধরিয়ে দিয়েছেন একটি চকলেট। চকলেট না নিয়ে ক্ষুব্ধ হয়েই বেরিয়ে আসেন সেখান থেকে। মিনার আহমেদ বলেন, ‘ভাংতি টাকার সংকট আছে, এটা সত্য। তাই বলে সব জায়গায় ভাংতি টাকার বদলে চকলেট ধরাবে, এটা আমি মানব না। দৈনিক ২০০ ক্রেতাকে ভাংতি টাকার বদলে চকলেট দিলে লাভ হয় ৫০ টাকা। এটা ব্যবসার একটা বুদ্ধি।’মুদির দোকানিরা তো খুচরা টাকা থাকার পরও ক্রেতার হাতে তুলে দেন চকলেট। শাহবাগের এক ফার্মেসির কর্মী শাহ জামান বলেন, ‘আমাদের এখানে ক্রেতাদের এক টাকার বদলে সি-ভিট, প্যারাসিটামল কিংবা হিস্টাসিন ধরিয়ে দিই।’এদিকে খুচরা টাকা নিয়ে বাসের যাত্রী আর সুপারভাইজারের মধ্যে প্রায়ই বেধে যাচ্ছে ঝগড়া। এ প্রসঙ্গে সদরঘাট-গাবতলী রুটের বাসযাত্রী আবুল হাসনাত বলেন, ‘যাত্রীরা যদি এক টাকা কম দেয়, তখন কন্ডাক্টর খেপে যায়। কিন্তু তারা প্রায়ই খুচরা টাকা না থাকার কথা বলে নির্ধারিত ভাড়ার চেয়ে আমাদের কাছ থেকে এক-দুই টাকা বেশি রেখে দেয়।’ সদরঘাট, চকবাজার ও গুলিস্তানের মোড়ে চকচকে কাগুজে নোট আর ধাতব মুদ্রার পসরা নিয়ে বসেন অনেক হকার। তাঁরা ছেঁড়াফাটা নোটও কিনে নেন। গুলিস্তানের এমনই একজন হকার আমজাদ জানান, টাকা কতটুকু ছেঁড়া বা ফাটা, তা বুঝে তাঁরা নির্ধারণ করেন সেটা কত টাকা দিয়ে কেনা হবে। আবার তাঁরা নতুন টাকা বিক্রি করেন অন্তত ১০ শতাংশ লাভে।নগরের মোড়ে মোড়ে ভিক্ষুকদের কাছ থেকে খুচরা টাকা কেনার জন্য হামলে পড়েন বাসের কর্মীরা। এ বিষয়ে শাহবাগের মোড়ে কথা হয় ভিক্ষুক নূরজাহান বেগমের সঙ্গে। এক টাকা বা দুই টাকার ২০-২৫টি নোটের বান্ডিল বাসের কর্মীদের কাছে বিক্রি করেন। ৫০ টাকার বিনিময়ে নূরজাহান পান ৫৩ টাকা।আবার ফার্মগেটের রেজগি টাকা বিক্রেতা শাহিদা আক্তারের ঘটনা অন্য রকম। তিনি টাকা বিক্রেতাদের কাছ থেকে টাকা কিনে আনেন। বাস কন্ডাক্টরদের কাছ থেকে ২৮টি দুই টাকার ধাতব মুদ্রার দাম নেন ৬০ টাকা। শাহিদা বলেন, ‘এত্ত এত্ত মানুষ বাসে চড়ে। কন্ডাক্টররা ভাংতি টাকা দিয়া কুলাইতে পারে না। তাই আমাদের বেচাবিক্রি ভালো।’খুচরা টাকা সংগ্রহ করতে অনেকেই ছুটে যান বাংলাদেশ ব্যাংকে। এ বিষয়ে ফরিদাবাদের বাসিন্দা মাহবুব উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, ব্যাংক থেকে সব খুচরা টাকা ফুটপাতের টাকা বিক্রেতারা নিয়ে যান। অন্যদিকে জীবন বীমা করপোরেশনের কর্মকর্তা জয়েনউদ্দিন জানান, খুচরা টাকা কিংবা নতুন টাকা বাজারে আসার পর তা যাতে সাধারণ মানুষের হাতে পৌঁছায়, বাংলাদেশ ব্যাংকের সেই ব্যবস্থা নেওয়া উচিত।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় এসে খুচরা টাকা সংগ্রহ করার সুযোগ রয়েছে। এ ছাড়া সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় তাৎক্ষণিকভাবে ছেঁড়াফাটা টাকা বদলের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। এসব ব্যাংক নির্দেশ না মানলে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ সেলে অভিযোগ করা যেতে পারে বলে তিনি জানান।বাজারে প্রচলিত কাগুজে নোটগুলো এক হাত থেকে অন্য হাতে বদল হয় প্রতিদিন। ফলে এগুলোতে পড়তে থাকে ময়লার আস্তরণ। ময়লা টাকা থেকে মানবদেহে জীবাণু সংক্রমিত হয় বলে জানান ত্বক বিশেষজ্ঞ সাঈদা শারমিন রহমান। তিনি জানান, টাকায় লেগে থাকা ময়লার দ্বারা চামড়ায় অ্যালার্জির সংক্রমণ হতে পারে। মুখ থেকে লালা নিয়ে টাকা গোনার ফলে জীবাণু সরাসরি মুখ হয়ে পাকস্থলীতে চলে যেতে পারে। তাই লালা দিয়ে টাকা গোনা উচিত নয় বলে তিনি মনে করেন।