এক টাকার তেলেসমাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজার মোড়ে থোকা থোকা মানুষের জটলা। রাত তখন নয়টা। মূল রাস্তার কিনার ঘেঁষে উঠতি বয়সীদের গুঞ্জন। কারও পকেটে হাত। কারও আবার মুঠোফোনে কথা চালাচালি চলছে। দিনের বেলা জায়গাটিতে পুরোনো ছেঁড়া-ফাড়া টাকা কেনাবেচার কয়েকটি টং দোকান বসে। কিন্তু সন্ধ্যার পর দোকানগুলো ঝাঁপি ফেলে চলে যায়। সেই ঝাঁপি ফেলা দোকানগুলো ঘিরেই উৎসুক ছেলেপুলেদের ভিড়।এলাকা ঘুরে গুঞ্জনে কান পেতে আবছা শুনতে পাওয়া যায় এক টাকার কয়েনের কথা। আবছা শোনা কথার বাকিটুকু মেলে সেখানকার মতিন মিয়ার কাছে। চকবাজারের একটি মার্কেটের দারোয়ান তিনি। গা ঘেঁষে দাঁড়িয়ে জানতে চান, ‘ভাই, কয়েন আছে? কয়েন?’ কোনো জবাব না পেয়ে বিষয়টি আদ্যোপান্ত খোলাসা করেন মতিন মিয়া নিজেই। ‘বুঝছেন ভাই, এক ট্যাকার কয়েন এহন ২০ ট্যাকা।’ কথায় বেশ রহস্য নিয়ে বলে চলেন, ‘কুনহানে আবার ৩০ ট্যাকাও পাইতে পারেন।’ এবার চোখে চকচকে একটা ভাব নিয়ে বলে ওঠেন, ‘আবার ৫০-১০০ টাকাও পাইতে পারেন।’বুঝতে বাকি নেই যে দেশে চলমান ‘এক টাকার’ গুজবটি পুরান ঢাকার মানুষের কান অবধি পৌঁছে গেছে। অবশ্য পৌঁছানোর ব্যাপারটা সারছেন ওই সব উৎসুক মানুষই। যেমন—চকবাজার শাহি মসজিদের নিচে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন রঞ্জিত মোড়ল। মুঠোফোনের একমুখী কথাগুলো এমন, ‘হুনছো? এক ট্যাকার কয়েনে সোনা বাইর অয়? হুনছো?’‘ও, তুমিও জানো। আমাগোর এদিকে তো হুলস্থুল।’‘হ হ, চকবাজারে ব্যাচে ৫০ ট্যাকা। ৮০ ট্যাকায়ও কিনতাছে...’কথা থামতেই আশপাশে থাকা জনতার একটি অংশ হামলে পড়ে রঞ্জিতের ওপর। ভাই, কয়েনের খবর কী?‘হ ভাই, হুনলাম, আমার ভায়ে কইল, ইসলামপুরে নাকি ১০০ থেকে ১১০ ট্যাকায় কিনতাছে!’চকবাজার পেরিয়ে মৌলভীবাজার হয়ে বেচারাম দেউড়ি। সেখানেও একই ভিড়। বেচারাম দেউড়ির নান্না বিরিয়ানির উল্টো দিকে জনা দশেক মানুষের জটলা। একজন লোক ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছেন। লোকটিকে নানাভাবে বোঝাচ্ছেন আরও দুজন। ভিড়ে কান পেতে শোনা গেল, লোকটি ব্যাংকভর্তি এক টাকার কয়েন এনেছেন। তিনি রাস্তায় দাঁড়িয়ে কয়েনের দাম তুলছেন।আধঘণ্টা দরাদরি শেষে লোকটি ৬০টি কয়েন বেচলেন ৮০০ টাকায়। তখন ক্রেতার মুখে রাজ্য জয়ের হাসি।বেচারাম দেউড়ির পরে মাহুতটুলী চৌরাস্তায় জটলা। সেখানে বোরকা পরা দুজন নারী কয়েনের দামদস্তুর করছিলেন। তাঁদের একজন রাশিদা আকতার বলেন, ‘আমার মায়ের বাড়িত থেক্যা ফোন পাইছি। মায় কইল, কয়েনের নাকি দাম বাড়ছে। এই রাস্তায় আয়া দেহি, ঘটনা সত্য। তাই কয়টা কয়েন বেচলাম। ১৫ ট্যাকা পিস। ঘরে আর কয়টা থাকলে ভালো অইত।’কয়েনের গুজব থেকে রেহাই নেই সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক কিংবা ব্লগ সাইটগুলোয়। ফেসবুকে অনেকেরই স্ট্যাটাস ছিল এমন, ‘ভাই, এক টাকার সোনালি কয়েন আছে?’ আবার কেউ এক টাকার কয়েনের ছবি সেঁটেছেন প্রিয়জনের ব্যক্তিগত দেয়ালে। তার নিচে আবার ছোট্ট মন্তব্য, ‘এক টাকা এখন ৪০০ টাকা!’জনসন রোডের কোর্ট-কাচারির পয়সা বিক্রেতা আবুল হাসান জানান, গুজবের ডানায় ভর করে অনেকেই কয়েন কিনছেন, আবার বিক্রি করছেন। কিন্তু ব্যাপারটি ভুয়া। গুজব শোনার পর বাংলাদেশ ব্যাংক সদরঘাট শাখার এক কর্মচারীর মুখে বিষয়টি গুজব বলে নিশ্চিত হয়েছেন। পরে তিনি অনেককেই ব্যাপারটি খুলে বলেছেন। তিনি নিজেও কয়েন বেচাকেনা করছেন না। নিজের দোকানে দুটি দৈনিক পত্রিকাও রেখেছেন। বেচতে বা কিনতে আসা লোকজনকে তিনি পত্রিকা পড়ে শোনাচ্ছেন। অনেকটা আক্ষেপ করে আবুল হাসান বলেন, ‘দেশের মানুষ মাথা খাটায় কম। এক ট্যাকার কয়েনে কুন কামে সোনা দিব। এক ডলারের কয়েনে সোনা আছে কইলেও তো বিশ্বাস হইব না।’কয়েন বেচাকেনার হুজুগে মোটামুটি ভালোই আয় হয়েছে একশ্রেণীর লোকের। মীর হাজারীবাগের সেলুন কর্মচারী জুনায়েদ জানান, কয়েনের গুজব শোনার পর নিজেই উদ্যোগী হয়ে কয়েন কেনা শুরু করেন। ১০ টাকায় কেনা একেকটি কয়েন ইসলামপুরে বেচেছেন ২৫-৩০ টাকায়।ইসলামপুর আর পাটুয়াটুলিতে জুনায়েদের মতো অনেকেই কয়েন বেচেছেন। কিন্তু হুজুগে থাকা অনেকেইে কয়েন কিনে শেষমেশ ধরা খেয়েছেন। রায় সাহেববাজারের অঞ্জন কুমার জানান, কয়েনের দাম বাড়ার পরে ১০ টাকা দরে কিছু কয়েন সংগ্রহ করেন তিনি। কিন্তু ধরা খেয়েছেন অপ্রত্যাশিতভাবেই। অঞ্জন কুমার বলেন, ‘প্রত্যাশা ছিল, যদি দাম বাড়ে! কিন্তু রাতের খবরে একটি টিভি চ্যানেলে বিষয়টি ভুয়া শুনে মাথায় হাত পড়ে। পরের দিন সকালে ইসলামপুর পাটুয়াটুলি চষে বেড়িয়েও বেচার কোনো লোক পাইনি। কয়েনের গুজবে আমাকে লস গুনতে হয়েছে ৩০০ টাকার উপরে!’বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ মানুষকে এই হুজুগ এড়িয়ে যেতে বলেছে। কিন্তু কয়েন কেনাবেচা চলছেই। যারা কয়েন বিক্রি করছে, তারা তো এক দিক থেকে লাভবানই হচ্ছে, কিন্তু যারা ১০-২০ টাকা দিয়ে একেকটা কয়েন কিনছে, তাদের কী হবে? তারা এ কয়েনগুলো আবার কার কাছে বিক্রি করছে? এ খবর কি কারও কাছে আছে? রায়সাহেব বাজারের বাসিন্দা জাকির হোসেন জানান, কয়েনের গুজবটি পুরো দেশে ছড়িয়ে পড়ে গত সোমবার রাতে। সে সময় বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করলেই একটি গণবিজ্ঞপ্তি ছেপে বিষয়টি মীমাংসা করতে পারত। তাতে কয়েনের গুজব নিয়ে বাঙালির হুজুগপ্রিয়তার পালে হাওয়া লাগত না।