নাম তার লাইলী-মজনু। একই অঙ্গে দুই রূপ। দেখা পাওয়া গেল শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে, জাতীয় বৃক্ষমেলায়। মাঝারি আকারের টবে লাগানো দর্শনধারী এই গাছটি রয়েছে কৃষিবিদ উপকরণ নার্সারির স্টলে। স্টলের ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানালেন, থাইল্যান্ড থেকে নতুনই আনা হয়েছে এই আলংকারিক গাছটি।গাছটির এমন অভিনব নামকরণের কারণ হলো এর পাতা। লম্বা ডাঁটার সঙ্গে বিপরীত বিন্যাসে সাজানো ডিম্বাকৃতির মসৃণ পাতাগুলোর ওপরের রং টিয়ে পাখির পালকের মতো সবুজ। কিন্তু উল্টোপিঠ উজ্জ্বল বেগুনি। ছোট ছোট ফুলও হয়। তবে সবুজ-বেগুনি পাতার জন্যই গাছটিকে দেখায় চমৎকার। টবের গাছের দাম ৩০০ টাকা, পলিথিন প্যাকেটে লাগানো চারার দাম ২০০।এ ছাড়া আছে লাল রঙের কদম। এটিও এসেছে থাইল্যান্ড থেকে। দেশে-বিদেশের হরেক রকম ফল, ফুল, মূল্যবান কাঠ আর আলংকারিক লতাগুল্মে যে নিবিড় উদ্যানের মতো পরিবেশের সৃষ্টি হয়েছিল বৃক্ষমেলায় এক মাস ধরে, আজ থেকে তা শেষ হচ্ছে।প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে বনায়নের ভূমিকা সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা এবং বৃক্ষ রোপণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৩ সাল থেকে বন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় বৃক্ষমেলা শুরু হয়। প্রথমবার এই মেলা হয়েছিল রাজশাহীতে। পরের বছর থেকে রাজধানী ঢাকায় জাতীয় পর্যায়ে বৃক্ষমেলা চলছে নিয়মিত। এর ধারাবাহিকতায় এ বছরও জুনের ৫ তারিখে মেলা শুরু হয়েছে, শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এবার মেলায় সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের মোট ১১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার তথ্যকেন্দ্রে জমা দেওয়া প্রতিদিনের বিক্রির তালিকা অনুসারে গত মঙ্গলবার পর্যন্ত মোট সাত লাখ ৭৩ হাজার ৪৯৭টি চারা বিক্রি হয়েছে। এর দাম চার কোটি ২১ লাখ ৮৯ হাজার ৭২৫ টাকা।এ বছর আষাঢ়ের শুরু থেকে তেমন বৃষ্টি না হলেও মেলায় বিক্রি বেশ ভালো হয়েছে বলেই জানালেন বিক্রেতারা। ব্র্যাক নার্সারির সহকারী কর্মকর্তা কবির হোসেন জানালেন, ক্রেতাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে ছাদে বড় টবে বা ড্রামে লাগানো যায় এমন চারাই মেলায় বেশি ওঠে। এ ছাড়া ক্যাকটাস, অর্কিড, নানা জাতের পাতাবাহার, ফুল ও আলংকারিক চারার চাহিদাও যথেষ্ট। ফ্ল্যাট বাড়ির ব্যালকনি, বারান্দা বা ড্রয়িংরুমেও এগুলো লাগানো যায়। তাতে বাগান করার শখও মেটে, গৃহসজ্জাতেও বৈচিত্র্য আসে। ব্র্যাকের স্টলে ক্যাকটাসের মধ্যে গোল্ডেন ব্যারেল, রেডক্যাপ, চিতাসহ বিভিন্ন জাতের ক্যাকটাস, ভেন্ডা, কাম্পারা এসব অর্কিডের বিস্তর ছোটবড় চারা রয়েছে। দাম সর্ব নিম্ন ১০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ফুল আছে ৪০০ জাতের। দাম ৫০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত।তবে বৃক্ষমেলায় ছোটবড় সবারই দৃষ্টি কেড়ে নেয় আমগাছগুলো। প্রতিটি স্টলেই আছে টবে লাগানো নানা জাতের আমগাছ। তাতে ধরে আছে ছোটবড়, কাঁচা-আধা পাকা হরেক রকমের আম। গতকাল বুধবার বিকেলে মেলায় এসেছিলেন কল্যাণপুর নতুন বাজারের মনোয়ারা বেগম। বাড়ির ছাদে বাগান করেছেন তিনি। আম্রপালি, পালমার, হিমসাগরসহ কয়েক জাতের আম আর লিচুর চারা কিনেছেন বলে জানালেন। বরিশাল নার্সারির ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম জানালেন, হাইব্রিড আমের মধ্যে তোতাপুরি, পালমার, আম্রপালি, কোহিতুর, মল্লিকা এসবের চাহিদা বেশি। আকার-প্রকারভেদে আমের চারা মেলে ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। তবে টবে লাগানো ফল ধরা গাছের দাম জাত ও গাছ অনুসারে ৪০ হাজার টাকা পর্যন্ত। বিদেশি ফলের প্রতিও আগ্রহ আছে অনেকের। গাইবান্ধায় জয়িতা নামের স্বাস্থ্য বিভাগের একটি প্রকল্পে কাজ করেন আহমেদ শামিম। গতকাল বৃক্ষমেলায় কৃষিবিদ উপকরণ নার্সারির স্টলে কথা হলো তাঁর সঙ্গে। তাঁর পছন্দ ‘মিশরি ডুমুর’-এর চারা। তিনি জানালেন এর নামই ‘আনজির’। এই ডুমুরগুলো শুকিয়ে রাখা যায়। গতবার ড্রাগন ফলের চারা কিনেছিলেন। এবার ফল ধরেছে। অল্প জায়গায় লাগানো যায় আবার একটু ব্যতিক্রমী এমন ধরনের গাছই তাঁর পছন্দ। তো এ ধরনের গাছও প্রচুর আছে মেলায়। গাছের সঙ্গে আছে সার, বালাইনাশক, বাগান করার নির্দেশিকা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। ক্রেতারা যার যেমন পছন্দ চারা নিয়ে ফিরছেন বাড়িতে। দিনে দিনে যত্নে বেড়ে উঠবে সেগুলো। হয়তো মহিরুহে পরিণত হবে না ছাদের টবের গাছ, কিন্তু ফল-ফুল দিয়ে যাবে তারা ঠিকই।