টম মাই টেন টমের নাম শুনেছেন কখনো? কিংবা মাক চিয়েন ভুং? তাই দে, নম গা জি, গোই দু দু—এসব? না না, ঘাবড়াবেন না, ওগুলো বোমাবারুদ গোছের কিছু নয়। অবশ্য নাম শুনে বোঝার কোনো উপায়ও নেই যে এগুলো কোনো খাবারের নাম। কিন্তু কী আর করা, ভিয়েতনামের খাবারগুলোর যে এ নামই রাখা হয়েছে। তাই নামের পাশে দেওয়া ইংরেজি অনুবাদটুকু না পড়ে খাবারের অর্ডার দেওয়া একটু বিপদেরই ব্যাপার।শুধু খাবারেই নয়, সাজসজ্জায়ও ৫৪ গুলশান এভিনিউয়ের ‘লে সায়গন’ রেস্তোরাঁয় ভিয়েতনামের আবহ আনতে ত্রুটি রাখেনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। কড়ি বর্গা দেওয়া ছাদ, মেঝেতে কাঠের টুকরোর মতো টাইলস। এসি আছে, তবুও পেট মোটা সিলিং ফ্যান ঘড় ঘড় শব্দ তুলে ঘুরতে থাকে মাথার ওপর। দেয়ালে দেয়ালে ঝুলছে ভিয়েতনামের বিভিন্ন পেইন্টিং। সুঁই-সুতায় ফুটিয়ে তোলা ভিয়েতনামের গ্রামের দৃশ্য রয়েছে। একপাশে হো চি মিনের একটা পোর্ট্রেট পর্যন্ত চোখে পড়ল। তাতে লেখা, ‘আঙ্কেল হো আমাদের সাথে আছেন...।’কী খাই কী খাই করতে করতে একটা স্যুপ বেশ মনে ধরল। ফো বো, মানে হলো গরুর মাংস আর নুডুলসের স্যুপ। তার সঙ্গে কা বো লো অর্থাৎ ভেটকি মাছ ভাজা আর গোই কুয়োন। গোই কুয়োন হলো চাল দিয়ে তৈরি কাগজের মধ্যে (রাইস পেপার) নুডুলস, চিংড়ি, মুরগি, শসা আর আনারসের টুকরো দিয়ে বানানো এক ধরনের খাবার। ভেতরে তেল, লবণ, ঝাল-মসলার কোনো কারবার নেই। কেবল শসা আর আনারসের স্বাদটাই মুখে লাগে। আর মাঝেমধ্যে চিংড়ি কি মুরগি যেটাই দাঁতের নিচে পড়ে, সেটারই স্বাদ পাওয়া যায়। খুব একটা ঘন না হলেও স্যুপটা বেশ সুস্বাদু। স্যুপের মধ্যে সিমের বীজ থেকে বের হওয়া কাঁচা কাঁচা অঙ্কুর (বিন স্পাউট) ছেড়ে দিয়ে খেতে হয়। সেটার জন্য স্বাদটা একটু অন্য রকম হয়ে যায়। মাঝেমধ্যে দাঁতের নিচে গরুর মাংসের টুকরো পড়ে। চিবিয়ে খেতে বেশ লাগে। স্যুপের সঙ্গে ফিতার মতো নুডুলসটাও খেতে দারুণ। তবে সবচেয়ে ভালো লাগল বেক করা ভেটকি মাছ। মসলাপাতি দিয়ে বেশ কায়দা করে মাখানো থাকে মাছটা। ভেটকি মাছে চিকন কাঁটা বলতে গেলে প্রায় থাকেই না। তাই কাঁটা বাছাবাছির কোনো ঝামেলা নেই। বেশ আয়েশ করে গোটা মাছটাই খেয়ে ফেলা যায়।ডেজার্টের পদে অনেক কিছু আছে। তার মধ্যে একটু ভিন্ন রকম মনে হলো ব্যানানা কেকটাকে। কেকটা কী দিয়ে তৈরি হয় কে জানে, খেতে অনেকটা আমাদের দেশের বালুসাই মিষ্টির মতো, তবে তার চেয়ে অনেক ভারী আর মিহি। তার নিচে থাকে কলার টুকরো আর ওপরে ফ্রেশ ক্রিম।ভিয়েতনামি খাবারে যাতে ভিয়েতনামের ছোঁয়াচটা ভালো করে পাওয়া যায়, সে জন্য লা সায়গন রেস্টুরেন্টে রান্নাবান্নার কাজটা করেন একজন ভিয়েতনামি শেফ। তার সঙ্গে সঙ্গে থাকেন বাংলাদেশি রন্ধনশিল্পীরাও। তাঁদের কাছ থেকেই জানা গেল ভিয়েতনামি খাবারে ঝাল-মসলার ব্যবহারটা একটু কমই হয়। ভাজার চেয়ে সেদ্ধ, আমিষের চেয়ে নিরামিষে তাদের আগ্রহটা বেশি। মাশরুম কিংবা সবজি, লতাপাতার মিশেল থাকে প্রায় সব খাবারেই। এখানে একটা কথা অবশ্য বলে দেওয়া দরকার, ভিয়েতনামি খাবারে আমিষের তালিকায় কিন্তু সামুদ্রিক প্রাণী স্কুইডও রয়েছে। তাই যারা তা খেতে চান না, তাঁরা দয়া করে অর্ডার দেওয়ার আগেভাগে একটু খোঁজ নিয়ে নেবেন। আর হ্যাঁ, লা সায়গনের খাবারের মান যেমন ভালো, স্বাদের ভিন্নতা রয়েছে, দামটাও কিন্তু খানিকটা চড়া। তাই সুস্বাদু ভিয়েতনামি খাবার খাওয়ার আগে দয়া করে মানিব্যাগটা একটু নেড়েচেড়ে দেখে নিতে ভুলবেন না।