এক টেলিছবিতে রাজ্জাক ও সম্রাট
এক টেলিছবিতে অভিনয় করলেন নায়করাজ রাজ্জাক ও তাঁর ছেলে সম্রাট। টেলিছবিটির নাম ‘এখানে কাফনের কাপড় পাওয়া যায়’। লিখেছেন গোলাম রাব্বানী। টেলিছবিটির পরিচালনা করেছেন বি ইউ শুভ। সম্প্রতি ঢাকার মিরপুর ও পুরান ঢাকার বিভিন্ন জায়গায় টেলিছবিটির শুটিং শেষ করা হয়েছে। ছবির আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম ও লাকী ইনাম।বাবার সঙ্গে অভিনয় প্রসঙ্গে সম্রাট বলেন, ‘এর আগে বাবার পরিচালনায় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু একই নাটক বা টেলিছবিতে সহশিল্পী হিসেবে অভিনয় করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘নাম শুনেই বোঝা যাচ্ছে, টেলিছবিটির গল্পটা অনেক মর্মস্পর্শী। গতানুগতিক ধারার বাইরের একটি গল্প। কাজটি করে অনেক ভালো লেগেছে।’পরিচালক বি ইউ শুভ জানিয়েছেন, ‘একজন কাফনের কাপড় বিক্রেতা প্রতিদিন দোকানে যাওয়ার সময় তাঁর মেয়েকে বলে যান, “মা দোয়া করিস, আজ যেন বেচাকেনা ভালো হয়।” মেয়েটি বাবার জন্য দোয়া করে প্রতিদিন। এ নিয়েই টেলিছবিটির গল্প।’এদিকে রাজ্জাকের পরিচালনায় গতকাল রোববার থেকে পুবাইলে ‘সাঁকো’ নামের একটি টেলিছবির শুটিং শুরু হয়েছে। ‘সাঁকো’তে অভিনয় করেছেন সম্রাট। সম্রাট ছাড়াও ‘সাঁকো’র অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন মামুনুর রশীদ ও মীম।