এক টেলিছবিতে রুনা-সাবিনা
অসংখ্য চলচ্চিত্রে গান গাইলেও এবারই প্রথম এক টেলিছবিতে গান করলেন বাংলাদেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। বি ইউ শুভ পরিচালিত ‘প্রহর’ শিরোনামের একটি টেলিছবিতে কণ্ঠ দিয়েছেন স্বনামধন্য এই শিল্পীরা। গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাসু। রুনা লায়লার গাওয়া গানটির শিরোনাম ‘তুমি আমি এক শহরে’, সাবিনা ইয়াসমীনের গানটির শিরোনাম ‘দুই জোড়া চোখ দুজনার’। টেলিছবিটির আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন সুমনা বর্ধন।সম্প্রতি উত্তরা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং শেষ হয়। প্রহর টেলিছবির অভিনয়শিল্পীরা হলেন—পপি, সজল, আজিজুল হাকিম, সুজাতা, খলিল উল্লাহ খলিল, কল্পনা, এস এম মহসিন প্রমুখ।পরিচালক বলেন, ‘এক টেলিছবিতে আমাদের দেশের সেরা দুই শিল্পীকে পাওয়া সৌভাগ্যেরই ব্যাপার। আমি সে সুযোগটা পেলাম। এ জন্য খুবই খুশি আমি। আশা করি, গানগুলোর পাশাপাশি টেলিছবিটি দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’ জানা গেছে, সামনের ভালোবাসা দিবসে কোনো একটি টিভি চ্যানেলে প্রহর টেলিছবিটি দেখানো হবে।