এক টেলিছবিতে ৩২ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর ওপর ভাঙা সেতুটি মেরামতের উদ্যোগ নেয় পাঁচজন বন্ধু। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের রুখে দিতে ব্রিজটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল। আর তখন শহীদ হন একজন মুক্তিযোদ্ধা। পাঁচ বন্ধুর মতে, বিজয় দিবসের আগে সেতুটি মেরামত করা সম্ভব হলে মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব হবে। আর তখনই তারা বাধার মুখোমুখি হয়। গল্পটি অরুণোদয়ের তরুণদল টেলিছবির। প্রযোজনা করছে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, টেলিছবিটি তৈরিতে খরচ হচ্ছে প্রায় ৩২ লাখ টাকা।যেখানে এখন একটি টেলিছবির জন্য খরচ হয় পাঁচ লাখ টাকা, সেখানে অরুণোদয়ের তরুণদল টেলিছবির জন্য কেন এত খরচ হচ্ছে? এর কোনো উত্তর এখনই জানাতে চাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এটি চমক হিসেবেই থাক না।এই টেলিছবির নাট্যরূপ দিয়েছেন ফুয়াদ নাসের। পরিচালনা করছেন সামির আহমেদ। এতে থাকছে চারটি গান। আবহসংগীত এবং সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন অর্ণব। দুটি গানে কণ্ঠ দিয়েছেন পুনম। বাকি দুটি গানের রেকর্ডিং হবে শিগগিরই। পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আসিফ, স্পর্শিয়া, আরাবী, আফজাল ও রিমন। তাঁদের সঙ্গে আছেন রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, কিসলু, শাহেদ আলী ও নাঈম। ১ ডিসেম্বর থেকে টেলিছবিটির শুটিং হয়েছে নওগাঁর বদলগাছি থানার গয়েশপুর ও পাহাড়পুর গ্রামে। গতকাল সকালে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শিল্পী ও কলাকুশলীরা।