এক ডলারে অ্যাডিডাসের জুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বিশ্বখ্যাত অ্যাডিডাস ভারতের গ্রামাঞ্চলে সস্তায় রিবক ট্রেইনারের মতো জুতা বিক্রির পরিকল্পনা করছে। এই জুতার সম্ভাব্য দাম এক ডলার হতে পারে।রিবক ট্রেইনার কিনতে দেশ ভেদে ৫০ থেকে ১০০ ডলার ব্যয় করতে হয়। সে ক্ষেত্রে কোম্পানিটি ভারতে কীভাবে এত কম মূল্যে জুতা বিক্রি করবে, সেটাই এখন দেখার বিষয়। ভারতের বাজারে সস্তায় বিশ্বখ্যাত পণ্য বিক্রির বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। এর আগে সস্তায় গাড়ি ও ট্যাবলেট কম্পিউটার বিক্রি শুরু হয়েছে। সেই মিছিলে এবার যোগ হতে যাচ্ছে অ্যাডিডাসের জুতা। স্বল্পমূল্যের জুতা নিয়ে ভারতের বাজারে প্রবেশের ক্ষেত্রে অ্যাডিডাসের এই পরিকল্পনায় শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসেরও খানিকটা অবদান আছে। ২০০৮ সালে অ্যাডিডাসের প্রধান নির্বাহী হার্বার্ট হাইনার বাংলাদেশে কীভাবে স্বল্পমূল্যে তাদের জুতা বিক্রির বাজার তৈরি করা যায়, তা নিয়ে ড. ইউনূসের সঙ্গে কথা বলেছিলেন। অ্যাডিডাস এরপর পাইলট প্রকল্পের আওতায় গত বছর বাংলাদেশের তিনটি গ্রামে এক থেকে দুই ডলারে রিবকের পাঁচ হাজার জুতা বিক্রি করে। এতে সাফল্যে পাওয়ার পর এবার ভারতের গ্রামাঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছাতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। তারা বলছে, এই প্রকল্পের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং চাকরির বাজার তৈরির মাধ্যমে সামাজিক বিষয়কে সামাল দেওয়া। অ্যাডিডাসের প্রধান নির্বাহী এক জার্মান পত্রিকায় দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, এক ডলারে এই জুতা বিক্রির বিষয়টি এখনো পরিকল্পনাধীন। জুতার চূড়ান্ত দাম এখনো নির্ধারণ করা হয়নি। একটি পরিবেশক নেটওয়ার্কের মাধ্যমে গ্রামের মানুষের কাছে এই জুতা বিক্রি করা হবে। তবে কবে নাগাদ এই বিক্রি কার্যক্রম শুরু হবে, তা এখনো ঠিক করা হয়নি। নকশা এখনো পরিকল্পনাধীন। এ ব্যাপারে বাজার বিশ্লেষক রামা বিজাপুরকার বলেন, ভারতের দুই-তৃতীয়াংশের আয় তত ভালো নয়। অ্যাডিডাসের চলতি মূল্য দিয়ে তাদের পক্ষে জুতা কেনা সম্ভব নয়। তাদের আয় বাড়লে অ্যাডিডাস ভারতের বাজারে ঢুকবে—এমনটা করতে হলে অ্যাডিডাসকে আরও বহু বছর অপেক্ষা করতে হবে। অ্যাডিডাস সেটি না করে এখনই ভারতের বাজারে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে তাদের বড় চ্যালেঞ্জ, ক্রেতারা কিনতে সক্ষম আবার তাদেরও লাভ হয়—এভাবেই জুতাটি বানাতে হবে। রামা বিজাপুরকার আরও বলেন, জুতা তৈরির কাঁচামাল আমদানি করতে হলে আমদানি শুল্ক দিতে হবে। তাই দাম কম রাখতে হলে স্থানীয়ভাবেই কাঁচামাল ও শ্রমিক খুঁজতে হবে। এ ক্ষেত্রে ব্র্যান্ড মূল্য বজায় রাখার চেয়ে পণ্যের গুণগত মান বজায় রাখাটাই সবচেয়ে জরুরি। ভারডিক্ট রিসার্চের রিটেইল অ্যানালিস্ট মৌরিন হিনটন মনে করেন, ভারতে অ্যাডিডাসের এই ব্যবসার পরিকল্পনার সঙ্গে পাশ্চাত্যে তাদের ব্যবসার ধরন মেলালে চলবে না। ভারতে লোকসংখ্যা বেশি হওয়ায় ক্রেতা বেশি। ক্রেতা যখন অনেক বেশি হয়, তখন এমন উদ্যোগ নেওয়া সম্ভব। কম লাভ করলেও বিক্রি বেশি হলে সেই লাভের পরিমাণ বেড়ে যায়।