নরসিংদীতে ছাত্রদলের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর নির্দেশে মেয়র লোকমান হোসেনকে খুন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সভাপতি খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে গতকাল শনিবার জেলা ছাত্রদল কারাগারসংলগ্ন মাঠে সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা দাবি করেন, মন্ত্রী রাজিউদ্দিন রাজু চাচ্ছেন এক ঢিলে দুই পাখি মারতে। একদিকে লোকমানকে হত্যা করে তিনি রাজনৈতিক ভবিষ্যৎ পরিষ্কার করেছেন, অন্যদিকে এ ঘটনায় খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়ে রাজপথ মুক্ত করতে চাচ্ছেন।সমাবেশে ৯ নভেম্বর আদালতে খায়রুল কবিরের বিষয়ে শুনানির তারিখে তাঁকে মুক্তি দেওয়া না হলে নরসিংদী অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বেলা ১১টা থেকে পৌনে তিনটা পর্যন্ত এই সমাবেশ চলে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে কার নির্দেশে হত্যা করা হয়েছে তা সবার জানা। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, খুনি মন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী বসবাস করছেন। হত্যাকারীকে আঁচলের নিচে রেখে শুধু এসপি, অ্যাডিশনাল এসপিকে প্রত্যাহার করলে চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকেও প্রত্যাহার করতে হবে। জনতার নেতাকে জেলে পাঠিয়ে সরকার শান্তিতে থাকতে পারবে না।বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া বলেন, খুনিরা লোকমানকে মেরে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। তিনি বলেন, নিহত লোকমানের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। তাঁরা বা জেলা আওয়ামী লীগের কেউ এ ঘটনায় খায়রুল কবিরকে সন্দেহ করেননি।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন মেয়র লোকমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, লোকমান হত্যাকারীদের গ্রেপ্তার ও খায়রুল কবিরকে মুক্তি দেওয়া না হলে নরসিংদী আবার অশান্ত হয়ে উঠবে। জেলার সব অঞ্চলের মানুষকে জড়ো করে সবকিছু অচল করে দেওয়া হবে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘নিজ দলের অপকর্ম আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রীর অপকর্মের বলি হয়েছে পুলিশ। আমরা চাই এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হোক।’অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ, জেলা কমিটির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির, সদর উপজেলা বিএনপির সভাপতি সমীর ভূইয়া, শিবপুর বিএনপির সভাপতি আবদুল মান্নান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকির প্রমুখ।৮ নভেম্বর বিএনপির সমাবেশ: খায়রুল কবিরের মুক্তির দাবিতে ৮ নভেম্বর সমাবেশ কর্মসূচি দিয়েছে নরসিংদী শহর বিএনপি। শহরের বাজিরমোড়ের গোলাপ চত্বর এলাকায় এই সমাবেশ হবে। নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির নেতা খায়রুল কবিরকে গত মঙ্গলবার ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে মন্ত্রীর ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তাতে খায়রুল কবিরের নাম নেই।তদবিরের কথা অস্বীকার: নিহত লোকমানের ভাই ও মামলার বাদী কামরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেছেন, মামলার এজাহারে যাতে কারও নাম উল্লেখ না করা হয়, সে জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতা বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে কেউ তদবির, চাপ বা অনুরোধ করেনি। গতকাল প্রথম আলোতে এ সংক্রান্ত এক খবরের পরিপ্রেক্ষিতে তিনি উপরিউক্ত বক্তব্য দেন এবং তা ছাপানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন।মন্ত্রীর ভাই সালাহউদ্দিনের বক্তব্য: নরসিংদীর পৌর মেয়র লোকমানকে হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাহউদ্দিন আহমেদ। তিনি লোকমান হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে লোকমানের পরিবারের করা মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ দাবি করে গতকাল সালাহউদ্দিন আহমেদ সংবাদপত্র কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠান। তাতে তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, লোকমান হোসেনের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার এবং হীন উদ্দেশ্যপ্রণোদিত।’সালাহউদ্দিন দাবি করেন, লোকমান হোসেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হননি, বরং আনন্দিত ও গর্ববোধ করতেন। জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে লোকমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা কখনো প্রকাশ করেননি। সালাহউদ্দিন লিখিত বক্তব্যে আরও বলেন, ‘একটি নির্মম হত্যাকাণ্ডকে পুঁজি করে প্রকৃত খুনিদের আড়াল করতে আমাকে এবং আরও অনেক নেতা-কর্মীকে জড়িয়ে একটি ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। তাতে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সবই মিথ্যা।...একটি শোকসন্তপ্ত পরিবারের সেন্টিমেন্টকে ব্যবহার করে একটি বিশেষ মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে।’