এক-তৃতীয়াংশের আঘাতই গুরুতর
সাভারে ধসে পড়া ‘রানা প্লাজা’য় কতজন আটকে আছেন, তার সুনির্দিষ্ট হিসাব নেই কারও কাছে। তবে উদ্ধারকর্মীদের ধারণা, এখনো এক হাজারের বেশি মানুষ আটকে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত দুই হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪ জনে। কিছুক্ষণ পর পর বাড়ছে এ সংখ্যা। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন নারী-পুরুষের মধ্যে এক-তৃতীয়াংশের আঘাতই গুরুতর। তাঁদের অনেকের স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কা রয়েছে। কারও সুস্থ হতে প্রয়োজন হবে দীর্ঘমেয়াদি চিকিৎসার।স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক হাজার ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন ৪০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৪৯ জন। সবচেয়ে বেশি লোক ভর্তি আছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, পঙ্গু হাসপাতালে ১৯ জন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন এবং রাজধানীর সোহরাওয়ার্দী, বক্ষব্যাধি ও হূদেরাগ হাসপাতালে কয়েকজন ভর্তি রয়েছেন।গতকাল এনাম হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৭৫০ শয্যার এ হাসপাতালের ওপরের সব বিছানাই রোগীতে ভরা, মেঝেতেও রাখা হয়েছে। এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসব রোগীর মাঝে খাবার বিতরণ করছেন, সময়মতো ওষুধ দিচ্ছেন।এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (হাসপাতাল) মনিরুজ্জামান বলেন, বুধবার ভবনধসের পর ৪০২ জন রোগীকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৩৬ জন ওই দিন সন্ধ্যায় বাড়ি ফিরে যান। গতকাল আরও ৬৫ জন ভর্তি হয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত আরও ৯১ জন বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে গতকাল সন্ধ্যায় ওই হাসপাতালে রানা প্লাজা ধসে আহত ৩৪০ জন ভর্তি ছিলেন।এনাম হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমান বলেন, এখানে বিভিন্ন ধরনের আঘাত পাওয়া রোগী রয়েছে। অনেকে হাত-পা, মেরুদণ্ড ও কোমরে আঘাত পেয়েছেন। বুকে ও পেটে চাপ লাগার ফলে অনেকের ফুসফুস, লিভার, নাড়িভুঁড়ি এমনকি কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। অঙ্গ বিচ্ছিন্ন (হাত-পা) হওয়া রোগী রয়েছেন ছয়জন। তিনি বলেন, মেরুদণ্ড ও কোমরে গুরুতর আঘাত পাওয়া রোগীরা যথাযথ চিকিৎসা ও অস্ত্রোপচার হলে সেরে উঠবেন, হাঁটা-চলা করতে পারবেন।তবে চিকিৎসকেরা জানান, যথাযথ চিকিৎসা না হলে এমন রোগীদের পঙ্গু হওয়ার আশঙ্কা থাকে।ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানান, ভবনধসের ঘটনায় আহত হয়ে যাঁরা এ হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের প্রত্যেকের আঘাত গুরুতর। তাঁদের দু-তিনজন কিডনির দীর্ঘস্থায়ী সমস্যায় পড়তে পারেন।ধ্বংসস্তূপের নিচে আটকা অনেক মানুষ: পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, রানা প্লাজা ধসের সময় ওপরের ছয়তলায় পাঁচটি কারখানায় তিন হাজার ১২২ জন কাজ করছিলেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খানও গতকাল বলেন, ধসে পড়ার সময় ভবনটিতে তিন হাজার মানুষ কাজ করছিলেন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পর্যন্ত ওই ভবন থেকে দুই হাজার জনকে উদ্ধার করা হয়েছে।বিজিএমইএ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ধসের সময় ভবনে কর্মরত শ্রমিকদের মধ্য থেকে উদ্ধার হওয়া শ্রমিকের সংখ্যা বাদ দিলে এখনো নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার মানুষ। ভবনের ভেতর ঘুরে আসা ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীরা বলছেন, বিভিন্ন তলায় আটকে রয়েছেন অনেক মানুষ। তাঁদের অনেকেই এখনো জীবিত।নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে: নিখোঁজ নারী-পুরুষের সন্ধানে গতকাল অনেক মানুষ সাভারে আসেন। সকাল থেকেই নামে মানুষের ঢল। ঘটনাস্থল, অধর চন্দ্র বিদ্যালয়, এনাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালগুলোতে ঘুরে ঘুরে নিখোঁজ স্বজনকে খুঁজে ফেরেন তাঁরা। অনেকেই নিয়ে এসেছেন প্রিয় স্বজনের ছবি।খোঁজ না পেয়ে কেউ কেউ রাস্তার ওপরেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় লোকজন এসে তাঁদের সান্ত্বনা দেন, পানি ও শরবত পান করান।এনাম হাসপাতালের বাইরে রোগীদের তালিকা টাঙানো রয়েছে। তবু হাসপাতালের প্রতি তলায় গিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বেড়িয়েছেন স্বজনেরা। তাঁদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডের দরজায় ওই ওয়ার্ডে ভর্তি রোগীর তালিকা টাঙানো হয়েছে। ওয়ার্ডের সামনে একজন শিক্ষার্থী বা কর্মী দাঁড়িয়ে রয়েছেন। স্বজনের খোঁজে আসা মানুষকে তাঁরা সাহায্য করছেন।এনাম হাসপাতালের পাশের রেজিয়া হাসপাতাল, ল্যাবজোন, সীমা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের বাইরেও ভর্তি রোগীদের তালিকা টাঙানো হয়েছে।