এক দশক ধরে চিকিৎসক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার ইউনিয়ন পর্যায়ে অবস্থিত তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রে প্রায় এক দশক ধরে চিকিৎসক নেই। চিকিৎসক না থাকায় দীর্ঘ সময় ধরে এসব উপস্বাস্থ্য কেন্দ্র চলছে চিকিৎসা সহকারী অথবা ওষুধবিদ দিয়ে। এতে করে সংশ্লিষ্ট এলাকার লোকজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই, পুনট ও মোলামগাড়িহাটে অবস্থিত তিনটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন করে চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার), একজন করে চিকিৎসা সহকারী (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট), একজন ওষুধবিদ (ফার্মাসিস্ট) এবং একজন করে এমএলএসএসের পদ রয়েছে। অথচ এসব উপস্বাস্থ্য কেন্দ্র চলছে একজন চিকিৎসা সহকারী বা একজন ওষুধবিদ দিয়ে।খোঁজ নিয়ে জানা গেছে, মাত্রাই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তার পদটি প্রায় এক দশক ধরে শূন্য। প্রায় ১০ বছর আগে এখানে একজন চিকিৎসা কর্মকর্তাকে বদলি করে পাঠানো হলেও তিনি প্রেষণে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। ফলে এ উপস্বাস্থ্য কেন্দ্রটি কখনো চিকিৎসা সহকারী কখনো আবার ওষুধবিদ দিয়ে চলছে।মাত্রাই মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক শওকত হাবিব তালুকদার বলেন, বিগত সরকার আমলের পুরোটা সময় ধরেই এ উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ ছিল। স্থানীয় ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি উপস্বাস্থ্য কেন্দ্রের সামনের জায়গা দখল করে তাতে চাষবাস করতেন। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। বছর তিনেক আগে এখানে একজন চিকিৎসা সহকারী ও একজন পিয়নকে নিয়ে কেন্দ্রের তালা খোলা হয়। চিকিৎসক ছাড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর সম্প্র্রতি চিকিৎসা সহকারীকেও অন্যত্র বদলি করা হয়। পিয়ন দিয়ে কেন্দ্র চলার পর দু-একদিন আগে একজন ওষুধবিদকে পাঠানো হয়। ওষুধবিদ কী করে চিকিৎসা দেবেন তা এলাকাবাসীর বোধগম্য নয়। নতুন যোগদান করা ওষুধবিদ পরেশ চন্দ্র বলেন, ‘যোগদান করেই ছুটিতে এসেছি। এখানে চিকিৎসা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে কি না, তা কয়েক দিনের মধ্যে বোঝা যাবে।’একই অবস্থা পুনট উপস্বাস্থ্য কেন্দ্রেরও। এখানে চিকিৎসক নেই দীর্ঘদিন। এর আগে এখানে কাগজে-কলমে দু-একজন চিকিৎসা কর্মকর্তা দায়িত্ব বুঝে নিলেও তাঁর প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসা সহকারী নুরুল ইসলাম। এ কেন্দ্রে একজন ওষুধবিদ থাকলেও প্রেষণে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন।কালাই উপজেলার চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, প্রতিদিন এ কেন্দ্রে গড়ে দেড় শ রোগী চিকিৎসা নিতে আসেন। এখানে একজন চিকিৎসা কর্মকর্তা থাকা অত্যন্ত জরুরি; কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার চিকিৎসাসেবা চলছে সহকারীদের দিয়ে।মোলামগাড়ি হাট উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ এক যুগ ধরে চলছিল চিকিৎসা সহকারী দিয়ে। সম্প্রতি এ কেন্দ্রের চিকিৎসা সহকারী হিসেবে যোগ দিয়েছেন আলমগীর হোসেন। তিনিই এখন এ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের শেষ ভরসা। এ কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। রোগীর ব্যবস্থাপত্র লেখা ও ওষুধ বিতরণের কাজ করতে হয় চিকিৎসা সহকারীকেই। তবে পিয়ন খায়রুল ইসলামও মাঝেমধ্যে ওষুধ বিতরণে তাঁকে সহযোগিতা করেন।জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুুস সোবহান মণ্ডল বলেন, এখান থেকে উপজেলা সদরের দূরত্ব অনেক। সামর্থ্যের অভাবে সব রোগী চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন না। এ উপস্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক থাকলে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হতো।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রুহুল আমীন সুন্নামত বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসক-সংকট রয়েছে। রোগীদের সামাল দিতে অনেক সময় বাধ্য হয়ে চিকিৎসা সহকারীদের দিয়ে চিকিৎসা দিতে হয়। আর উপস্বাস্থ্য কেন্দ্রে জটিল রোগী আসে না। এখানে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চলে। কাজেই চিকিৎসা সহকারীরা অনায়াসে এসব উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা দিতে পারেন। তবে স্বাস্থ্য প্রশাসক হিসেবে আমি মনে করি, স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে এসব উপস্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসক থাকা দরকার।’