এক দশক পর মা-ছেলের মিলন
রাজনৈতিক প্রতিকূলতা আর দীর্ঘ এক দশকের অপেক্ষা শেষে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে আজ মঙ্গলবার মিলিত হয়েছেন তাঁর ছোট ছেলে কিম অ্যারিস। ব্রিটেন প্রবাসী অ্যারিস তাঁর মা সু চির সম্ভাব্য মুক্তির খবরে সম্প্রতি থাইল্যান্ড আসেন। সু চির মুক্তির পরে এত দিন তিনি মিয়ানমারের ভিসার জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে বরণ করতে আসা ৬৫ বছর বয়স্ক সু চিকে ইয়াংগুন বিমানবন্দরে বেশ হাস্যেজ্জ্বল দেখাচ্ছিল। অ্যারিসকে কাছে পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। এ সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আবেগাপ্লুত সু চি উচ্ছ্বাসিত হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি আনন্দিত।’সু চি সর্বশেষ তাঁর ছেলে অ্যারিসকে দেখেছিলেন ২০০০ সালের ডিসেম্বরে। এরপর থেকেই তিনি মিয়ানমারে প্রবেশের অনুমতি পাননি। এমনকি সু চি তাঁর বড় ছেলে আলেক্সজান্ডারকেও প্রায় এক দশক ধরে দেখেননি। দেখেননি তাঁর নাতিদেরও। বিবিসি অনলাইন।