মৌলভীবাজার শহরের মনু নদীর সেতুর কাছে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি এক দশকেও পূর্ণতা পায়নি। ১৯৭১ সালে এই স্থানটিতে পাকিস্তানি হানাদার বাহিনী মাইকিং করে প্রকাশ্যে নিরীহ জনসাধারণকে হত্যা ও নির্যাতন করেছিল। এ রকম একটি বধ্যভূমিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে উদ্যোক্তারা জানিয়েছেন।অন্যদিকে মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র (পিটিআই) ছিল পাকিস্তানি আর্মির ব্রিগেড হেড কোয়ার্টার। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে নির্যাতন চালানো হতো। এখানে পাকিস্তানি আর্মির তৈরি একটি বাংকার এখনো সেই সময়ের পৈশাচিকতার স্মৃতিচিহ্ন বহন করছে। কিন্তু দীর্ঘদিনেও শহরের মধ্যখানে অবস্থিত এ দুটি স্থানটিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ব্যবস্থা করা হয়নি। মনু সেতুর স্মৃতিস্তম্ভ: মনু নদীর সেতুর কাছে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর একটি ক্যাম্প। এই ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজনকে ধরে এনে নির্যাতন চালাত পাকিস্তানি হানাদার বাহিনী। মনু সেতুর এই স্থানটি হচ্ছে জেলার বেশির ভাগ অঞ্চলের লোকজনের জেলা সদরের প্রবেশপথ। লোকজন এই পথ দিয়ে আসা-যাওয়ার সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সঠিকভাবে সালাম না দিলে ধরে এনে শারীরিকভাবে নির্যাতন চালানো হতো। জানা গেছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে ভীতি সৃষ্টির লক্ষ্যে স্থানীয় দালালদের সহযোগিতায় সদর উপজেলার হিলালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. উস্তোওয়ার ও সিরাজুল ইসলামকে ধরে নিয়ে আসে পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর দুষ্কৃৃতকারী ধরা হয়েছে বলে শহরে মাইকিং করে। পরে তাদের মনু সেতুর ওপর দাঁড় করে প্রদর্শনীর মাধ্যমে পাখির মতো গুলি করে মনু নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা কমান্ড কাউন্সিল সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে মৌলভীবাজার শহরের মনু নদীর সেতুর কাছে একাত্তরের সেই শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক সংকটে স্মৃতিস্তম্ভটির কাজ এখনো শেষ করা যায়নি। স্মৃতিস্তম্ভের উদ্যোক্তা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার জামাল উদ্দিন বলেন, ‘আমার ইচ্ছা ছিল স্মৃতিস্তম্ভের পাশাপাশি নদী পর্যন্ত স্থানটিকে উন্মুক্ত রাখা। পার্কের মতো করা। এখানে দোকানপাট দিয়ে লোকজন স্থানটিকে ঘিঞ্জি করে রেখেছে। যতটুকু কাজ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের অনুদান ও আমার ব্যক্তিগত টাকা দিয়ে। কিন্তু পুরো কাজটি সম্পন্ন করতে আরও অনেক টাকার দরকার।’ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র (পিটিআই): মৌলভীবাজার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড হেড কোয়ার্টার। এখানে তারা বাংকার নির্মাণ করে নিরাপদে থাকার ব্যবস্থা করেছিল। এই স্থানটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকেন্দ্র। জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ লোকজনকে ধরে এনে এখানে নির্যাতন চালানো হতো। নির্যাতনের সময় মানুষের আর্তচিৎকার আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ত। মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজারের সাবেক জেলা কমান্ডার দেওয়ান আবুল খয়ের চৌধুরী জানান, মৌলভীবাজার পিটিআইতে ছিল পাকিস্তানি আর্মির টর্চার শেল। এখানে অনেককে ধরে নিয়ে এসে তাদের ওপর নির্যাতন চালানো হতো। অনেককে নির্যাতনের মাধ্যমে হত্যা করে কবর দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলার বর্তমান বিডিআর ক্যাম্পে ছিল পাকিস্তানি আর্মির আরেকটি ক্যাম্প। সেখানে মুক্তিযোদ্ধা সুদর্শন, মুকিত, রানু, সমর ও শহীদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁদের লাশও পাওয়া যায়নি। সেখানে তাঁদের স্মৃতি ধরে রাখার কোনো উদ্যোগ এখনো নেওয়া সম্ভব হয়নি।মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আজিজুর রহমান বলেন, ‘পিটিআইয়ে লোকজনকে ধরে এনে নির্যাতন করা হতো। এখানে একটা কুয়া (কূপ) ছিল। অনেককে মেরে সেই কুয়ায় ফেলে দেওয়া হয়েছে। ১৯৭১ সালের ২৬ মার্চ আমাকে পাকিস্তানি আর্মিরা গ্রেপ্তার করে। পরে এখানে আটক রেখেছিল। পাকিস্তানি আর্মিরা কিছুদিনের জন্য স্থান ত্যাগ করলে আমার আত্মীয়স্বজনেরা সেই কুয়ায় আমার মৃতদেহ খুঁজেছেন। স্থানটি ইতিহাসের প্রয়োজনেই সংরক্ষণ করা দরকার।’মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন আমাদের কাছে বধ্যভূমির একটি তালিকা চেয়েছে। সেই তালিকায় বধ্যভূমি হিসেবে আমরা পিটিআইয়ের নামটিও দিয়েছি।’