এক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসওয়ারি মূল্যস্ফীতির হার অন্তত গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবমতে, গত সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৭ শতাংশে। বিগত এক দশকের মধ্যে ২০০৭ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১১ দশমিক ৫৯ শতাংশে উন্নীত হয়েছিল। এরপর এ বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার তা অতিক্রম করেছে। চলতি অর্থবছরের জুলাই থেকেই মূল্যস্ফীতির হার মূলত দুই অঙ্কের ঘরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবমতে, গত সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১৩ দশমিক ৭৭ আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ। এই দুটি উপখাতেই মূল্যস্ফীতি আগের মাসগুলোর তুলনায় বেড়েছে। আবার সেপ্টেম্বরে গ্রামের চেয়ে শহর এলাকার মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি পড়েছে। শহর এলাকায় মূল্যস্ফীতির হার ১২ দশমিক ২৯ শতাংশ, যা গ্রামে ১১ দশমিক ৮৫ শতাংশ। ঊর্ধ্বমুখী এই মূল্যস্ফীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম প্রথম আলোকে বলেন, ‘এই পর্যায়ের মূল্যস্ফীতি অপ্রত্যাশিত কিছু নয়। আগামী দিনগুলোতে তা আরও বাড়বে। কেননা, সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে অর্থ সরবরাহ বেড়েছে।’ এম এ তসলিম আরও জানান, নির্ধারিত আয়ের বা অল্প বেতনের চাকরিজীবীদের ওপরই মূল্যস্ফীতির অভিঘাত বেশি পড়ে। কেননা, মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গে তাঁদের আয় বাড়ে না। তাঁদের প্রকৃত আয় কমে যায়। সংসার চালাতে খরচ কাটছাঁট করতে হয়।বিভিন্ন পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছর থেকে কোনো মাসেই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ১১ দশমিক ৯৭ শতাংশে উন্নীত হয়নি। আর ২০০০-০১ থেকে ২০০৩-০৪ অর্থবছর পর্যন্ত বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ১ দশমিক ৬৬ শতাংশ, ৩ দশমিক ৫৮ শতাংশ, ৩ দশমিক ০৩ শতাংশ ও ৫ দশমিক ৬৪ শতাংশ।