এক দিন পরেই থেমে গেল বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাত্র এক দিন অভিযান চালানোর পরই বন্ধ করে দেওয়া হলো বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান। কর্তৃপক্ষ কাল সোমবার এবং পরশু মঙ্গলবার ওই সব এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর ব্যাপারে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নোটিশ পাঠানোর ১০ দিন পর উচ্ছেদ অভিযান শুরু হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, ৬ এপ্রিল কামরাঙ্গীরচরের নবাবচর মৌজায় বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এ অভিযান শুরু হয়। কিন্তু এ অভিযানের আগে কোনো নোটিশ না দেওয়ায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় অভিযান পরিচালনাকারীদের। আর এলাকাবাসীর ক্ষতিও হয় বেশি। এরই পরিপ্রেক্ষিতে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশ পাঠানোর পর লালবাগ ও কামরাঙ্গীরচরে অভিযান চালানো হবে। ৬ এপ্রিল ঢাকার চারটি নদীতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বুড়িগঙ্গার ৩০টি পাকা ও আধপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে অভিযান চলাকালে একাধিক স্থাপনার মালিক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা বাধা দেওয়ার চেষ্টা করেন। একাধিক দখলদার আইন প্রতিমন্ত্রী ও এলাকার সাংসদকে ফোন করে তাদের স্থাপনা না ভাঙার বিষয়ে হস্তক্ষেপ করার দাবি করেন। ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর যৌথ অভিযানে প্রায় ১০০ পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য এবং শতাধিক শ্রমিক অংশ নেন। প্রসঙ্গত, ঢাকা ও এর আশপাশের চারটি নদীর, অর্থাত্ বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের উভয় তীরে চার হাজার ২১টি অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা ধরেই উচ্ছেদ অভিযানটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে।এর আগে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ গত বছরের ৩ জুন টঙ্গী ও মিরপুরে তুরাগ এবং নারায়ণগঞ্জ সদর ও কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় তুরাগ তীরের ১২৩টি এবং শীতলক্ষ্যা তীরের ১২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে নদীর দখল হওয়া সব জায়গা উদ্ধার না করেই সে অভিযান শেষ হয়। কিন্তু উচ্ছেদ অভিযানে যেসব জায়গা উদ্ধার করা হয়েছিল, সেগুলোরও অনেক অংশে আবার স্থাপনা গড়ে ওঠে।