এক দিনেই ১৪ গাড়ি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন স্থানে এক দিনেই এক্সেল ভেঙে বিকল হয়েছে ১৪টি গাড়ি। এর মধ্যে সীতাকুণ্ডের অংশে চারটি এবং মিরসরাই অংশে ১০টি গাড়ি বিকল হয়। গাড়িগুলো রাস্তায় পড়ে থাকায় দীর্ঘ যানজট বেঁধে যায়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।এটি গত মঙ্গলবারের চিত্র। তবে এই অবস্থার সৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই।সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল মিল এলাকায় সোমবার রাতে বিকল হওয়া ট্রাক মঙ্গলবার ভোরে অপসারণ করা হয়। দুপুর ১২টার দিকে পণ্যবাহী কাভার্ড ভ্যান এক্সেল ভেঙে বিকল হয় সীতাকুণ্ড বাইপাস সড়কে। বেলা দেড়টার দিকে মালামাল নামিয়ে কাভার্ড ভ্যানটি গর্ত থেকে টেনে তোলা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।প্রায় একই সময়ে বাড়বকুণ্ডের পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার সামনে বিকল হয় একটি পণ্যবাহী ট্রাক। মিরসরাইয়ের বেশির ভাগ ট্রাক বিকল হয় বারইয়ারহাট বাজার, রংধনু পেট্রলপাম্প ও মিরসরাই বাসস্ট্যান্ড এলাকায়।পুলিশের রেকার (যানবাহন উত্তোলনকারী বিশেষ যান) ব্যবহার করে বিকল যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলেও তার আগেই ওই সব এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে ছিল।কর্মকর্তারা বলেছেন, তিন বছর ধরে এই সড়কে ভোগান্তি চলছে। এখন সেই ভোগান্তি অসহনীয় হয়ে উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের চট্টগ্রামের ৫০ কিলোমিটার অংশ মেরামত ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছিল ২০০২ সালের জুন মাসে। ২০০৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২০০৮ সালে। ব্যয় হয় ১৬৩ কোটি টাকা। কিন্তু কাজ শেষ হওয়ার পর থেকেই ভোগান্তির শুরু।খোদ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বলছে, ৫০ কিলোমিটারের মধ্যে ৩০ কিলোমিটারের অবস্থা শোচনীয়। এর মধ্যে প্রায় তিন কিলোমিটার অংশ ‘পুরোপুরি বিধ্বস্ত’ হয়ে পড়েছে। প্রকৌশলীদের সংজ্ঞা অনুযায়ী ওই অংশটুকুকে সড়কই বলা যাবে না।গত কয়েক দিনে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন হাটবাজার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাটবাজার, কলকারখানার গেট এলাকায় যেখানে সড়কের পাশে পানি জমছে, সেখানে গর্ত হচ্ছে বেশি। এক এলাকার গর্ত মেরামত করলে নতুন গর্ত সৃষ্টি হচ্ছে অন্য এলাকায়। সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল মিল, মাদাম বিবিরহাট, টেরিয়াইল বাজার, বড় দারোগারহাট, সীতাকুণ্ড বাইপাস সড়ক, নিজামপুর কলেজ, মিরসরাই বাজার, হাদি ফকিরহাট ও বারইয়ারহাটের অবস্থা সবচেয়ে খারাপ। এসব এলাকায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান বিকল হয়ে যখন-তখন সৃষ্টি করছে দীর্ঘ যানজটের। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ১০ ঘণ্টা সময় বেশি লাগছে।জানা গেছে, বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ার্স ও কোরিয়ার প্রতিষ্ঠান লুটি যৌথভাবে ৫০ কিলোমিটার অংশ মেরামত ও প্রশস্তকরণের কাজ শেষ করে তিন বছর আগে। কাজ শেষ করে সওজের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশ দেবে যেতে শুরু করে। পরে ২০০৮ সালের আগস্ট মাসে তড়িঘড়ি করে তারা দায়িত্ব হস্তান্তর করে সওজের কাছে।চট্টগ্রামের অলংকার মোড় থেকে ফেনীর দক্ষিণ সীমান্তসংলগ্ন বারইয়ারহাট পর্যন্ত দীর্ঘ এই মহাসড়কে দুর্ভোগের শুরু সেই থেকে। এরপর ২০০৯ ও ২০১০ সালে সওজ এই সড়কের বিভিন্ন অংশ মেরামতে ব্যয় করে আরও প্রায় দুই কোটি টাকা। এরপর মহাসড়কের ওই অংশ হস্তান্তর করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন সম্প্রসারণ প্রকল্পের অধীনে। ছোটখাটো মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও প্রকল্পের ঠিকাদারদের দেওয়া হয়। কিন্তু তাঁরা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করায় এই মহাসড়ক এখন ভোগান্তির সড়কে পরিণত হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, কিছুতেই সড়ক নষ্ট হওয়া ঠেকানো যাচ্ছে না। অতিরিক্ত পণ্যবোঝাই (ওভারলোড) যানবাহন চলাচলের কারণে এটা হচ্ছে। যত দিন এই ওভারলোডিং বন্ধ না হবে, তত দিন মহাসড়ক ভালো করা যাবে না। তিনি আরও বলেন, সওজের হিসাব অনুযায়ী ৫০ কিলোমিটার মহাসড়কের মধ্যে ৩০ কিলোমিটারের অবস্থা বেশি খারাপ। এর মধ্যে তিন কিলোমিটার যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী বলে চিহ্নিত করা হয়েছে। স্বপন কুমার নাথ বলেন, এই তিন কিলোমিটার অংশকে প্রকৌশলগত সংজ্ঞা অনুযায়ী সড়ক হিসেবেই ধরা যায় না।হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ভাঙা রাস্তার কারণে সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় প্রতিদিন গড়ে ১০-১২টি গাড়ি এক্সেল ভেঙে বিকল হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, একটি গাড়ি অপসারণ করতে না-করতেই অন্যটি বিগড়ে যাচ্ছে।সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ের ধুমঘাট থেকে নগরের সিটি গেট পর্যন্ত মহাসড়ক চার লেনে প্রশস্ত করার কাজ পেয়েছে তিনটি আলাদা প্রতিষ্ঠান। নষ্ট সড়ক মেরামত করাও তাদের দায়িত্ব। এ ক্ষেত্রে সওজের করার কিছু নেই বলে তিনি দাবি করেন।জানা গেছে, মহাসড়কের সিটি গেট থেকে কুমিরা বাইপাস অংশ তাহের অ্যান্ড ব্রাদার্স, কুমিরা থেকে মিরসরাই অংশ চীনা হাইড্রো এবং মিরসরাই থেকে ধুমঘাট পর্যন্ত অংশ রেজা কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠান চার লেনে সম্প্রসারণের কাজ পেয়েছে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী মহাসড়কের নিজ নিজ অংশের মেরামতকাজও এই তিন প্রতিষ্ঠানের করার কথা। দুটি প্রতিষ্ঠান মেরামতকাজ মোটামুটি করলেও চীনের প্রতিষ্ঠান চীনা হাইড্রো তাদের অংশের মেরামত তেমন করছে না। এ কারণে তাদের অংশেই মহাসড়ক নষ্ট হয়েছে বেশি।বিষয়টি স্বীকার করে প্রকৌশলী স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা চীনা প্রতিষ্ঠানটিকে সড়ক মেরামতের জন্য চাপ দিয়ে যাচ্ছি। কিন্তু রাস্তা এত বেশি নষ্ট হয়েছে যে তারা মেরামত করেও কুলিয়ে উঠতে পারছে না।’