এক দিনের অর্জন, সারা জীবনের সঞ্চয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের পড়ন্ত বেলা। ভাষা উৎসবের দিন। এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে প্রাণের উচ্ছ্বাসে ভরা শত শত মুখ। অধীর আগ্রহ তাদের। সকালে যে ভাষার পরীক্ষা দিয়েছিল, একটু পরে তার ফল বেরোবে। এ রকমই একটা সময়ে চাকমা ভাষার একটা গানের সুরে সুরে মঞ্চে নেচে যাচ্ছিল কয়েকজন তরুণী। শুধু নাচ নয়, আরও ছিল ক্লোজআপ তারকা নিশীথা ও বন্ধুসভার বন্ধুদের গান। দুপুরে ওরা মেতেছিল অন্য খেলায়। চলছিল ভাষা নিয়ে জমজমাট প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের আগ্রহ আর কৌতূহল উসকে দেওয়ার জন্য এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মাহবুবুল হক, মহীবুল আজীজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের অধ্যাপক সৌরভ সিকদার ও এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম। পরীক্ষা পর্ব শেষে প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ রাশেদ যখন ঘোষণা দিলেন ‘এখনই শুরু হবে প্রশ্নোত্তর পর্ব’, তখনই পতাকাশোভিত শত শত হাত ওপরে উঠে গেল। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করছিলেন ভাষা প্রতিযোগ ২০১২-এর সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর। কাকে বেছে নেবেন তিনি! তার পরও যে যা জানতে চেয়েছে, সবারই কৌতূহল মিটিয়েছেন। কখনো নিজে উত্তর দিয়েছেন, কখনো বা মঞ্চের অতিথিদের দিকে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। কত বিচিত্র ধরনের প্রশ্ন! হ্রস্ব-ই কোথায় বসবে না, কোথায় দীর্ঘ-ই যথাযথ হবে। বাংলা বর্ণমালায় একসময় কাঠবিড়ালির লেজের মতো ‘লি’ নামের একটি বর্ণ ছিল, এখন কেন নেই? সঙ্গে সঙ্গে এসবের উত্তর মিলেছে। একজন জানতে চাইল ‘লি’-এর মতো যদি ‘ঋ’ও লোপ পেয়ে যায়? প্রশ্ন বটে। ভাবনার বিষয়ও। কী জবাব দেবেন? সঞ্চালক এ প্রশ্নের দায় চাপালেন মাহবুবুল হকের ওপর। তিনি পাল্টা প্রশ্ন করলেন, ‘ঋ’ যদি লোপ পায় তবে ঋণ কোথায় পাব? ঋষিরাই বা যাবেন কোথায়। ঋ-কার দিয়ে যে কৃষক হয়, তাদের তবে কী নামে ডাকব? বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যালয়ের শিক্ষার্থী তানজুম জাহান প্রশ্ন করে বসল, ‘কাউকে বয়সে ছোট বোঝাতে আমরা ছেলেমানুষ বলি কেন?’ সঞ্চালক তখন তাকে তসলিমা নাসরিনের মেয়েবেলার কথা বললেন। আরেকজনের প্রশ্ন, ‘যে মেয়ের সন্তান হয় না তাঁকে বন্ধ্যা বলা হয়।’ সন্তান না হওয়ার জন্য অনেক সময় পুরুষেরাও দায়ী থাকেন। তাঁদের জন্য কোনো শব্দ নেই কেন? ভাষার মধ্যে যে একটি সমাজের চরিত্র ও সংস্কৃতির চিত্র পাওয়া যায়, তার উদাহরণ নতুন প্রজন্মের তরুণদের প্রশ্নেই পাওয়া গেল। মহীবুল আজিজ বললেন, ‘এটাই আমাদের আজকের বড় পাওয়া। তোমরা ভাষাবিষয়ক প্রশ্নের মাধ্যমে সমাজব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছ। এই সচেতনতাই আমাদের দেশকে, দেশের মানুষকে আর নিজের ভাষাকে ভালোবাসতে শেখাবে।’সকালে কলেজ মাঠে জাতীয় পতাকা আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন যথাক্রমে অধ্যক্ষ মাহমুদা খানম ও অধ্যাপক মহীবুল আজিজ। উদ্বোধন-পর্বে অধ্যক্ষ বলেন, ‘বিশ্বের মাঝে মাতৃভাষার গৌরব অক্ষুণ্ন রাখতে শুদ্ধভাবে আমাদের ভাষা শিখতে হবে। তার জন্য দরকার ভাষার চর্চা। প্রথম আলো সেই সুযোগ আমাদের করে দিয়েছে।’ জ্ঞানের ক্ষুধা মেটাতে মেটাতে বেলা বেড়েছে। অগত্যা সঞ্চালক ইতি টানলেন জমজমাট এই আসরের। বন্ধুসভার বন্ধুদের চমৎকার ব্যবস্থাপনায় নির্ঝঞ্ঝাটে হাজার খানেক মানুষের মধ্যাহ্নভোজটা যখন সারা হচ্ছিল, তখনই মঞ্চে প্রস্তুতি চলছিল গান আর নাচের আসরের।সারা দিনের এসব আয়োজনে কারও যেন কোনো ক্লান্তি ছিল না। কেননা, তাদের জন্য অপেক্ষা করছিল সকালে হয়ে যাওয়া পরীক্ষার ফলাফল।আমাদের মহান ভাষা আন্দোলনের ৬০ বছরপূর্তি এ বছর। মহীবুল আজিজ তাই কয়েক মিনিটের বক্তৃতায় ভাষার মুক্তির ভেতর দিয়ে আমরা কীভাবে দেশমুক্তির সংগ্রামের ঝাঁপিয়ে পড়েছি, সেটাই সহজ করে বুঝিয়ে দিলেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষকে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।ততক্ষণে চৈত্রের গরমও নরম হয়ে এসেছে। একটু পরে সূর্য পাটে নামবে। অপেক্ষার পালাও শেষ। সর্বশেষ কাজ, ফলাফল ঘোষণা। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—চার বিভাগে ৬০ জন পেল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ। বিজয়ীদের মধ্যে খুশির বান ডেকে গেল। যারা পুরস্কার পায়নি তাদের মুখও মলিন ছিল না। কেননা, সারা দিনের উৎসব থেকে তাদের পাওয়াটা কোনো অংশে কম ছিল না। আজকের একটি দিনের পাওয়া এদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। আরও কিছু পেতে তারা নিশ্চয় এক বছর অপেক্ষা করে থাকবে এ রকম একটি ভাষা উৎসবের জন্য।