এক দিনের কর্মসূচি দিয়ে সরকার পরিবর্তন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ১২ মার্চের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় যারা দেশের পটপরিবর্তন করতে চাইছে, জনগণ তাদেরকে মেনে নেবে না। কোনো অজুহাতে এক দিনের কর্মসূচি বা সমাবেশ দিয়ে বর্তমান সফল সরকারকে পরিবর্তন করা যাবে না।পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে দীপু মনি বলেন, ‘ছয় দিনে আপনাকে আট ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তাহলে কেন সংসদে এসে কথা বলবেন না? যদি আপনারা কিছু বলতে চান তাহলে সংসদে আসনু। সংসদে আপনাদের জন্য সময় ও স্থান নির্ধারণ করা আছে।’সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার অবশ্যই হবে বলে পররাষ্ট্রমন্ত্রী সবাইকে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এ সরকার জবাবদিহিতার মধ্যে থাকায় দুর্নীতি অনেকাংশে কমে গেছে বলেও তিনি মন্তব্য করেন।চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার শহীদুল্যা চৌধুরী, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া প্রমুখ।