এক দিনের ব্যবধানে রাজধানীতে গাড়িচাপায় আরেক ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাফিজুর রহমানের মৃত্যুর রেশ না কাটতেই ফার্মগেটে গাড়িচাপায় আরেক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঘাতক বাস আরিফুর রহমান (১৮) নামে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রের প্রাণ কেড়ে নিয়েছে। গত শুক্রবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে পানিবাহী পিকআপের চাপায় প্রাণ হারান বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিকস বিভাগের ছাত্র মোস্তাফিজুর রহমান (২৫)। ওই ঘটনার জের ধরে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এদিকে গতকাল বিকেলে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা একটি হিউম্যান হলারে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আরিফুর রহমান ফার্মগেট-সংলগ্ন তেজগাঁও কলেজের সামনের সড়কে নামেন। এরপর তিনি কলেজের ব্যাগ কাঁধে নিয়ে ফার্মগেট পার্কের ফুটপাত ধরে হেঁটে রাস্তা পার হয়ে সেজান পয়েন্টের সামনে আসেন। মিরপুরগামী স্বকল্প পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করার সময় বাসটি গতি বাড়িয়ে দেয়। এ সময় তিনি ওই বাসের চাকায় পিষ্ট হন। পথচারীরা পিছু ধাওয়া করলে চালক ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফার্মগেট উড়ালসেতু থেকে শত শত মানুষ রাস্তায় নেমে এসে রাস্তায় পড়ে থাকা নিথর ওই ছাত্রকে ঘিরে বিক্ষোভ শুরু করে। এরই মধ্যে স্বকল্প পরিবহনের আরেকটি বাস উড়ালসেতুর নিচে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে। তারা ঘাতক চালককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। কারওয়ান বাজারের দিক দিয়ে আসা যানগুলো ফার্মগেট আনন্দ সিনেমা হলসংলগ্ন উড়ালসেতুতে আটকে দেয় পুলিশ। এ সময় মিরপুর, মোহাম্মদপুর ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং উত্তরাগামী শত শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অচলাবস্থা চলে। পরে পুলিশ কর্মকর্তা ও তেজগাঁও কলেজের ছাত্র পরিচয়ধারী যুবকেরা জনতাকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। পুলিশ ও জনতার ধাওয়ার মুখে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তায় চালক ঘাতক বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ওই বাসটি আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে জানান, পুলিশ রক্তাক্ত অবস্থায় আরিফকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন। তেজগাঁও অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পরই ভাঙচুরের আশঙ্কায় পুলিশ আনন্দ সিনেমা হলের পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তা খুলে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক চালককে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। এদিকে মৃত্যুর খবর পেয়ে গতকাল রাতে আরিফের মা-বাবা, চাচা এবং কলেজের শিক্ষকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। ছেলেকে হারিয়ে লাশঘরের সামনে মা-বাবা কয়েকবার মূর্ছা যান। জ্ঞান ফেরার পর তাঁরা বুক চাপড়ে কাঁদতে থাকেন। এ সময় উপস্থিত সবার চোখ ভিজে আসে। আরিফের বাবা নজরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক। তিনি হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে আরিফ বাসা থেকে বেরিয়ে কলেজে যায়। সেখান থেকে বেরিয়ে ফার্মগেটে কোচিং করতে যায়। কোচিং শেষে বাসায় ফেরার সময় ঘাতক বাস তাঁর একমাত্র সন্তানের প্রাণ কেড়ে নিল।’ তাঁরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আশা ছিল ছেলে বড় হয়ে চিকিৎসক হবে। আমাদের সব শেষ হয়ে গেছে। এখন কী নিয়ে আমরা বাঁচব।’ মা-বাবার সঙ্গে আরিফ ৬৭৭/১/এ উত্তর কাফরুলে থাকতেন। আরেক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ-ভাঙচুর: গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী মোস্তাফিজুরের মৃত্যুর বিচারের দাবিতে দুই ঘণ্টা মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করার চেষ্টা না করে বেপরোয়া মারধর করেছে। পুলিশের এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার মোস্তাফিজুর রহমান ল্যাবএইড হাসপাতালের সামনের সড়ক পায়ে হেঁটে পার হওয়ার সময় পিকআপের চাপায় মারা যান। গতকাল শনিবার সকালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাসে অংশ না নিয়ে তাঁদের সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে অবরোধ করেন। তাঁরা সেখানে গতিরোধক বসানো ও উড়ালসেতু স্থাপনের দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাস্থলের পাশে ধানমন্ডি থানা থেকে বিপুলসংখ্যক পুলিশ এসে তাঁদের লাঠিপেটা করে। এ সময় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে অন্তত ১০ জন ছাত্র আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবারও ল্যাবএইডের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের স্লোগান ছিল, ‘আমার ভাই মরল কেন, বিচার চাই, করতে হবে।’ দুই ঘণ্টা ধরে এ অবস্থা চলার সময় দুদিকের ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টার দিকে পুলিশ স্থানীয় সাংসদের মাধ্যমে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা রাস্তা ছেড়ে চলে যান।শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ জানাতে তাঁরা রাস্তায় মানববন্ধন করতে নেমেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের নির্বিচারে লাঠিপেটা করেছে। দুদিন পার হলেও পুলিশ ঘাতক পিকআপ এবং চালককে শনাক্ত করতে পারেনি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের কথা উল্লেখ করে বলেন, তাঁরা যে দুটি দাবি তুলেছে তা স্থানীয় সাংসদের মাধ্যমে পূরণের আশ্বাস গত শুক্রবারই দেওয়া হয়। তার পরও শিক্ষার্থীরা আবার বিক্ষোভ শুরু করেন। গতকাল আবার আশ্বাস দেওয়ার পর তাঁরা রাস্তা ছেড়ে চলে যান।এদিকে ময়নাতদন্ত ছাড়াই পুলিশের অনুমতি নিয়ে মোস্তাফিজুর রহমানের লাশ গত শুক্রবার সন্ধ্যায় নীলফামারীতে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।