এক দুঃসাহসী স্কাইডাইভার
শূন্য থেকে শব্দের চেয়ে বেশি গতিতে ভূপৃষ্ঠে নেমে আসার মতো দুঃসাহসিক কাজটি করেছেন অস্ট্রীয় স্কাইডাইভার ফেলিক্স বমগার্টনার। গত ১৪ অক্টোবর এক লাখ ২৮ হাজার ফুট (প্রায় ৩৯ কিলোমিটার) উঁচু থেকে লাফ দিয়ে সফলভাবে ভূপৃষ্ঠে নেমে আসেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম ব্যক্তি হিসেবে শব্দের চেয়ে বেশি গতিতে শূন্য থেকে নেমে আসার গৌরব অর্জন করেন তিনি।এই রেকর্ড সৃষ্টি করতে বমগার্টনার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রসওয়েল এলাকায় হিলিয়াম গ্যাসভর্তি একটি বিশালাকৃতির বেলুনে চড়ে ভূপৃষ্ঠ থেকে ৩৯ কিলোমিটার শূন্যে ওঠেন। সমুদ্রপৃষ্ঠে বাতাসের যে স্বাভাবিক চাপ, সেখানে সেই চাপ ২ শতাংশেরও কম। তাপমাত্রা মাইনাস ৯০ ডিগ্রি সেলসিয়াস।৪৩ বছর বয়সী বমগার্টনার সেখান লাফিয়ে পড়ে ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৩৪২ কিলোমিটার বেগে নিচে নামতে থাকেন, যা শব্দের গতির (১২৩৬ কিমি বা ঘণ্টা) চেয়ে বেশি। এই গতিতে নিচে নামার সময় তিনি প্রায় তিন সেকেন্ডেরও কম সময়ে এক কিলোমিটার অতিক্রম করেছেন। সেই হিসাবে প্রতি মাইল নেমেছেন পাঁচ সেকেন্ডেরও কম সময়ে!ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উঁচুতে আসার পর পরই প্যারাস্যুট ব্যবহার করেন বমগার্টনার। এরপর বাকি অংশ প্যারাস্যুটে নেমে আসেন। রেকর্ড সৃষ্টির এই লাফ দেখতে ছিল উৎসুক জনতার ভিড়। বিষয়টি মাথায় রেখে অনেক টেলিভিশন তাঁর লাফ দেওয়ার এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে।এই লাফ দিয়ে একই সঙ্গে তিনটি রেকর্ডের অধিকারী হন বমগার্টনার। এক. শব্দের গতির চেয়ে বেশি গতিতে শূন্য থেকে নেমে আসা, দুই. সবচেয়ে উঁচু জায়গা থেকে লাফ দেওয়া এবং তিন. বেলুনে করে সবচেয়ে উঁচুতে ওঠা।অস্ট্রিয়ার সামরিক বাহিনীর সাবেক সদস্য বমগার্টনার সব প্রস্তুতি শেষে ৯ অক্টোবরেই লাফ দিতে চেয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয় আবহাওয়া বিভাগের কাছ থেকে সবুজসংকেত পাননি তিনি। তবে এতে ভয় পাননি তিনি। পরে আবহাওয়া বিভাগের সংকেত পেয়েই ১৪ অক্টোবর লাফ দেন।একই সঙ্গে তিনটি রেকর্ড করে সফলভাবে নেমে আসার পর প্রথম সংবাদ সম্মেলনে বমগার্টনার বলেন, ‘ওই জায়গায় পৌঁছার পর আমার এমন অবস্থা হয়েছিল যে আমি ডাইভ বাতিল করতে চেয়েছিলাম। আমার হেলমেটের সামনের অংশে বরফ প্রায় জমে গিয়েছিল।’ ডাইভের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি: ‘আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি যখন ওই স্থানে ছিলাম, তখন আপনারা রেকর্ডের কথা না ভেবে আমি জীবিত ফিরতে পারব কি না, এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি সফলভাবে ফিরে আসতে পেরেছি।’ বিবিসি, এবিসি নিউজ, রয়টার্স। মাহফুজার রহমান